বাংলাদেশের অর্থনীতি অনেকটাই নির্ভর করে বেসরকারি খাতের ওপর। এই খাত দীর্ঘদিন ধরে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, শিল্প, উৎপাদন, রপ্তানি, বিনিয়োগ, কর্মসংস্থান সৃষ্টি ও উদ্যোক্তা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে এসেছে। বর্তমানে বাংলাদেশের বেসরকারি খাত এক গভীর মন্দার মধ্য দিয়ে যাচ্ছে।
সাম্প্রতিক সময়ে রাজনৈতিক অস্থিরতা, বৈশ্বিক অর্থনৈতিক মন্দা, বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকট, লাগামহীন মুদ্রাস্ফীতি, ব্যাংক খাতে আস্থার ঘাটতি এবং বিনিয়োগ পরিবেশের দুর্বলতা মিলিয়ে দেশের বেসরকারি খাত এক কঠিন সময় পার করছে। নতুন প্রকল্প গ্রহণে উদ্যোক্তারা আগ্রহ হারাচ্ছেন, অনেক প্রতিষ্ঠান উৎপাদন বন্ধ করে দিচ্ছে, ক্ষুদ্র ও মাঝারি শিল্প টিকে থাকতে হিমশিম খাচ্ছে এবং কর্মসংস্থানের সুযোগ ক্রমেই সংকুচিত হচ্ছে।
গত বছরের ৫ আগস্ট ছাত্র-শ্রমিক-জনতার আন্দোলনের মুখে রাজনৈতিক পরিবর্তনের পর একটি নতুন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করলেও বিনিয়োগ পরিবেশে স্থিতিশীলতা আসেনি। রাজনৈতিক পরিবেশ এখনো অনিশ্চিত, যার ফলে উদ্যোক্তাদের আস্থা দুর্বল হয়েছে। একই সঙ্গে বৈশ্বিক অর্থনীতির মন্দা বিশেষ করে ইউরোপ ও আমেরিকায় ভোক্তা ব্যয়ের হ্রাস, রপ্তানি আয় কমে যাওয়া বাংলাদেশের বেসরকারি খাতকে আরও চাপে ফেলেছে। তবে সব সংকটের মাঝেও আশার কিছু দিক রয়েছে। কিছু ইতিবাচক পরিবর্তন, নীতিগত সংস্কার ও সম্ভাবনাময় খাত ভবিষ্যতের জন্য আলোর দিশা দেখাচ্ছে।
বর্তমান পরিস্থিতিতে মন্দার মুখে বেসরকারি খাত:
বাংলাদেশের অর্থনীতিতে বেসরকারি খাত সব সময়ই মূল চালিকাশক্তি হিসেবে কাজ করেছে। কিন্তু গত এক বছরে এই খাতে উন্নতির পরিবর্তে দেখা দিয়েছে একের পর এক সংকট। ঋণপ্রবাহে ভাটার টান, এলসি খোলার হার কমে যাওয়া, বিনিয়োগ স্থবিরতা এবং ব্যাংকিং খাতে আস্থাহীনতা মিলিয়ে দেশের অর্থনৈতিক কার্যক্রম কার্যত এক কঠিন মন্দার মধ্য দিয়ে যাচ্ছে।
বাংলাদেশ ব্যাংক নতুন যে মুদ্রানীতি ঘোষণা করেছে, তাতে নীতিসুদ অপরিবর্তিত রয়েছে। এর মানে উদ্যোক্তাদের আগের মতো উচ্চ সুদেই ঋণ নিতে হবে। এমনিতেই ব্যবসার পরিবেশ প্রতিকূল, তার ওপর এই উচ্চ সুদের ঋণ গ্রহণ অনেকের পক্ষে প্রায় অসম্ভব হয়ে পড়েছে। শুধু তাই নয়, তিন মাসের মধ্যে ঋণ পরিশোধ করতে না পারলেই তা ‘খেলাপি’ হিসেবে বিবেচিত হবে, যা উদ্যোক্তাদের মধ্যে আরও ভয়ের পরিবেশ তৈরি করছে। করোনার ক্ষত কাটিয়ে ওঠার আগেই রাজনৈতিক অনিশ্চয়তা ও নীতিগত অস্থিরতা বিনিয়োগকারীদের আস্থাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে।
আমদানি খাতে সংকট আরও স্পষ্ট। ২০২৫ সালের জুন মাসে আমদানি ঋণপত্র খোলা হয়েছে মাত্র ৪ দশমিক ১৪ বিলিয়ন ডলারের, যা গত বছরের একই সময়ের তুলনায় ২৪ দশমিক ৪২ শতাংশ কম। ২০২০ সালের আগস্টের পর এত কম পরিমাণ এলসি খোলা আর দেখা যায়নি। এর অর্থ হলো শিল্পের জন্য কাঁচামাল, ভোগ্যপণ্য ও যন্ত্রপাতির আমদানি ব্যাহত হচ্ছে। এর প্রভাব সরাসরি পড়ছে উৎপাদন, কর্মসংস্থান এবং রপ্তানি খাতে।
ব্যাংক খাতের চিত্রও আশঙ্কাজনক। জুন শেষে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫ লাখ ৩০ হাজার ৪২৮ কোটি টাকা, যা বিতরণকৃত মোট ঋণের ২৭ দশমিক শূন্য ৯ শতাংশ। অথচ তিন মাস আগেও এই হার ছিল ২৪ দশমিক ১৩ শতাংশ। মাত্র এক প্রান্তিকেই খেলাপি ঋণ বেড়েছে ১ লাখ কোটি টাকার বেশি। এর মধ্যে মাত্র ১০টি ব্যাংকের কাছেই রয়েছে মোট খেলাপি ঋণের ৭১ শতাংশ, যা পুরো ব্যাংকিং ব্যবস্থার স্থিতিশীলতাকে প্রশ্নবিদ্ধ করছে।
ব্যবসা ও বেসরকারি খাতের জন্য সবচেয়ে বড় সংকট হয়ে দাঁড়িয়েছে ঋণপ্রবাহের দুর্বলতা। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, ২০২৫ সালের জুন শেষে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি দাঁড়িয়েছে মাত্র ৬ দশমিক ৪ শতাংশে, যা দেশের ইতিহাসে সবচেয়ে কম। অথচ কেন্দ্রীয় ব্যাংক এই খাতে ৯ দশমিক ৮ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল। ঋণের সুদের হারও এখন অনেক বেশি। ২০২৩ সালে যেখানে গড় সুদহার ছিল ৯ শতাংশ, ২০২৪ সালের এপ্রিল নাগাদ তা বেড়ে দাঁড়িয়েছে ১৪ থেকে ১৬ শতাংশে। কেন্দ্রীয় ব্যাংকের নীতিসুদের হারও বাড়িয়ে ১০ শতাংশে নিয়ে যাওয়া হয়েছে, যা আগের ঋণ পরিশোধেও ব্যবসায়ীদের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে।
অন্যদিকে মূল্যস্ফীতি এবং মজুরি বৃদ্ধির কারণে উৎপাদন খরচ বেড়েছে কিন্তু সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা হ্রাস পাওয়ায় চাহিদা কমে গেছে। এর ফলে অভ্যন্তরীণ বাজারও সংকুচিত হয়েছে, যা বিনিয়োগ স্থবিরতার অন্যতম কারণ। জিডিপি প্রবৃদ্ধির হারেও এর স্পষ্ট প্রতিফলন দেখা যাচ্ছে। ২০২৩–২৪ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) প্রবৃদ্ধি ছিল মাত্র ১ দশমিক ৯৬ শতাংশ, যেখানে আগের বছর একই সময়ে ছিল ৫ দশমিক ৮৭ শতাংশ। দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকে কিছুটা উন্নতি হলেও তা কাঙ্ক্ষিত নয়। এমন নিম্নমুখী প্রবৃদ্ধি দেশের সামগ্রিক অর্থনীতির ভবিষ্যৎকে অনিশ্চিত করে তুলছে।
এই মুহূর্তে বেসরকারি খাতকে যেসব চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে, তার মধ্যে অন্যতম হলো পণ্যের আমদানির উপর অতিমাত্রায় নির্ভরতা, ব্যাংকে তারল্য সংকট, রাজনৈতিক অস্থিরতা, বৈশ্বিক মন্দার প্রভাব এবং কর্মসংস্থানের সুযোগ সংকুচিত হওয়া। এসবের সঙ্গে উচ্চ মূল্যস্ফীতি যুক্ত হয়ে অভ্যন্তরীণ চাহিদা কমিয়ে দিয়েছে, যা ব্যবসায়িক কর্মকাণ্ডের উপর সরাসরি চাপ সৃষ্টি করছে।
এই পরিস্থিতি থেকে উত্তরণে প্রয়োজন সুদূরপ্রসারী ও সাহসী নীতিগত পদক্ষেপ। বাংলাদেশ ব্যাংকের উচিত ব্যাংক খাতে তারল্য সরবরাহ নিশ্চিত করা, উদ্যোক্তাদের জন্য সহনীয় সুদের ঋণপ্রাপ্তির ব্যবস্থা করা এবং নীতিসহায়তা জোরদার করা। পাশাপাশি রাজনৈতিক স্থিতিশীলতা এবং বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে অর্থনৈতিক কৌশল নির্ধারণ এখন অতীব জরুরি। অন্যথায় বেসরকারি খাতের এই মন্দা আরও দীর্ঘস্থায়ী হয়ে পড়বে এবং সামগ্রিক অর্থনীতির গতি থেমে যেতে পারে।
বেসরকারি খাত নিয়ে শঙ্কার প্রধান কারণগুলো হলো:
বর্তমানে বাংলাদেশের বেসরকারি খাত নানা ধরনের সংকটে পড়েছে, যা অর্থনীতির সার্বিক গতিশীলতাকে ব্যাহত করছে। এসব সংকটের পেছনে রয়েছে রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক দুর্বলতা, ঋণপ্রাপ্তির অনিশ্চয়তা এবং উচ্চ সুদহারের মতো একাধিক কারণ। রাজনৈতিক অস্থিরতা ব্যবসায়িক পরিবেশকে অনিরাপদ করে তোলে। বিনিয়োগকারীরা যখন ভবিষ্যৎ সম্পর্কে অনিশ্চয়তায় ভোগেন, তখন তারা নতুন বিনিয়োগ থেকে বিরত থাকেন। এর ফলে ব্যবসায়িক কার্যক্রম হ্রাস পায় এবং উদ্যোক্তারা ঝুঁকি নিতে আগ্রহ হারান।
অন্যদিকে সাম্প্রতিক সময়ে বিশ্ব অর্থনীতির ধীরগতি এবং দেশের অভ্যন্তরীণ আর্থিক দুর্বলতা মিলে চাহিদার ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে। ভোক্তারা তাদের ব্যয় সীমিত করে ফেলেছেন, যার ফলে উৎপাদন ও বিক্রি দুটোই কমে গেছে। ফলে নতুন কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না বরং অনেক ক্ষেত্রে চাকরি হারানোর ঝুঁকিও তৈরি হয়েছে। এছাড়া দেশের ব্যাংকিং খাতে তারল্য সংকট এবং সরকারের উচ্চ মাত্রায় ঋণগ্রহণের কারণে বেসরকারি উদ্যোক্তারা প্রয়োজনীয় অর্থায়ন পাচ্ছেন না। ঋণ পেতে অনেক সময় জটিলতা তৈরি হচ্ছে, আর যেসব ঋণ পাওয়া যাচ্ছে সেগুলোর সুদের হার এতটাই বেশি যে নতুন ব্যবসা শুরু করা বা সম্প্রসারণ করাটা দিন দিন কঠিন হয়ে পড়ছে।
মুদ্রাস্ফীতির প্রভাবও এখানে গুরুত্বপূর্ণ। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পেয়েছে। ফলে ক্রয়ক্ষমতা কমে গেছে এবং বাজারে ভোক্তা চাহিদা হ্রাস পেয়েছে, যা সরাসরি বেসরকারি খাতের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। সব মিলিয়ে, বর্তমান পরিস্থিতিতে বেসরকারি খাত এক ধরনের আস্থার সংকটে ভুগছে। এই খাতের সংকট শুধু উদ্যোক্তাদের জন্য নয়, দেশের সামগ্রিক অর্থনীতির জন্যও একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সংকট কাটাতে হলে রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আনা, ঋণ প্রাপ্তি সহজ করা এবং বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তোলা এখন অতীব জরুরি।
আশার আলো- বর্তমানে বাংলাদেশের বেসরকারি খাত নানা চ্যালেঞ্জের মুখোমুখি। অর্থনৈতিক মন্দা, রাজনৈতিক অস্থিরতা এবং বৈশ্বিক অর্থনীতির অনিশ্চয়তা বিনিয়োগের পরিবেশকে জটিল করে তুলেছে। দেশের আর্থিক খাতের দুর্বলতাও এর সঙ্গে যুক্ত হয়েছে। তবে এমন প্রতিকূল পরিস্থিতির মাঝেও আশার কিছু দিক স্পষ্ট হচ্ছে। সরকারের কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সম্পর্ক উন্নয়ন এবং প্রযুক্তিতে অগ্রগতি এই তিনটি বিষয় বেসরকারি খাতকে ঘুরে দাঁড়াতে সহায়তা করতে পারে। কিছু খাতে ইতোমধ্যে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত মিলেছে, যা ভবিষ্যতের জন্য আশাব্যঞ্জক।
বিশেষ করে ডিজিটাল খাতের দ্রুত অগ্রগতি উল্লেখযোগ্য। ই-কমার্স, তথ্যপ্রযুক্তি, ফিনটেক এবং অনলাইন সেবা খাতে তরুণ উদ্যোক্তাদের অংশগ্রহণ বাড়ছে। এই খাতে সরকারি সহায়তা ও নীতিগত স্থিতিশীলতা নিশ্চিত করা গেলে বিপুল কর্মসংস্থান এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন সম্ভব। রপ্তানি বাণিজ্যেও নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে। তৈরি পোশাকের বাইরে ওষুধ, চামড়া, হালকা প্রকৌশল, খাদ্য প্রক্রিয়াজাতকরণ এবং তথ্যপ্রযুক্তি পণ্য খাতে রপ্তানি বাড়ানোর সুযোগ রয়েছে। এসব খাতে সরকার কর ছাড়, প্রণোদনা এবং আন্তর্জাতিক বাজারে পণ্য পৌঁছে দিতে সহায়তা দিলে রপ্তানি আয়ে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি সম্ভব।
বৈদেশিক বিনিয়োগ আকর্ষণের দিকেও মনোযোগ দেওয়া জরুরি। ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তোলা, নীতিমালায় স্থিরতা আনা এবং কর ও আইনি কাঠামো সহজ করলেই বিদেশি বিনিয়োগকারীদের আস্থা ফিরবে। একই সঙ্গে দক্ষ জনশক্তি গড়ে তুলতে কারিগরি ও প্রযুক্তি-ভিত্তিক শিক্ষার ওপর জোর দেওয়া প্রয়োজন, যাতে ভবিষ্যতের শিল্পায়নের জন্য দেশ প্রস্তুত থাকে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, বেসরকারি খাতের সংকট শুধুমাত্র একটি খাতের সমস্যা নয়, এর প্রভাব গোটা অর্থনীতিতে পড়ে। তাই এই খাতকে ঘুরে দাঁড় করাতে হলে সরকারকে সময়োপযোগী, বাস্তবমুখী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে। প্রযুক্তি, কৃষি, রপ্তানি এবং বৈদেশিক বিনিয়োগ এই চারটি খাতকে ঘিরে একটি সুস্পষ্ট ও দীর্ঘমেয়াদি কৌশল গ্রহণ করা হলে বেসরকারি খাত নতুনভাবে প্রাণ ফিরে পেতে পারে। সঠিক দিকনির্দেশনা ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা গেলে, বর্তমান সংকটই ভবিষ্যতের সম্ভাবনার দরজা খুলে দিতে পারে।
আজকের চ্যালেঞ্জগুলো যতই কঠিন হোক না কেন, বাংলাদেশের বেসরকারি খাতে এখনো আশার আলো আছে। যদি সরকার সময়োপযোগী সিদ্ধান্ত নেয়, বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তোলে এবং নীতিগত সহায়তা নিশ্চিত করে, তবে এই খাত আবারও ঘুরে দাঁড়াতে পারে। বেসরকারি খাতের উদ্ভাবনী শক্তি, প্রযুক্তির ব্যবহার এবং আন্তর্জাতিক বাণিজ্যের সুযোগ কাজে লাগিয়ে আমরা নতুন করে সম্ভাবনার দুয়ার খুলতে পারি। এখন সময় আস্থা ফিরিয়ে আনার, দায়িত্বশীল উদ্যোগ নেওয়ার এবং একসাথে এগিয়ে যাওয়ার।

