ভারতের পণ্যে ২৫ শতাংশ আমদানি শুল্ক আরোপে সই করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে হুংকার যতই দিন না কেন, বাস্তবে ভারতের জন্য অনেকটাই ছাড় রেখে দিয়েছেন তিনি।
১ আগস্ট জারি করা হোয়াইট হাউসের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২ এপ্রিল ঘোষিত সব রকম ছাড় বহাল থাকবে। ওষুধ, গাড়ির যন্ত্রাংশ, কপার ও অন্যান্য ধাতব পণ্য—এই গুরুত্বপূর্ণ খাতগুলিকে ‘কালো তালিকা’ থেকে বাদ রেখেছে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রে ভারতের যে পণ্যগুলো সবচেয়ে বেশি রপ্তানি হয়, তার বড় অংশই এই খাতগুলোর মধ্যে পড়ে। ফলে ভারতের ওপর শুল্ক বাড়ানোর যে কড়া হুঁশিয়ারি ট্রাম্প আগে দিয়েছিলেন, তার পুরোটাই কার্যকর হয়নি।
বাণিজ্যচুক্তি নিয়ে আলোচনার মাঝপথে উত্তেজনা যেন না বাড়ে, তা মাথায় রেখেই সংযত প্রতিক্রিয়া দিয়েছে নয়াদিল্লি। সংসদে বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল সতর্ক মন্তব্য করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, নানা প্রতিকূলতা সত্ত্বেও ভারত-মার্কিন সম্পর্ক অটুট আছে। ভবিষ্যতেও পারস্পরিক উন্নতির স্বার্থে দুই দেশ একসঙ্গে কাজ করবে।
তবে রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনা বন্ধ হয়ে গেছে—এমন গুজব সরাসরি অস্বীকার না করলেও তা এড়িয়ে যান মুখপাত্র। তাঁর ভাষ্য, এখনো এমন কোনো নির্ভরযোগ্য তথ্য নেই যা দিয়ে নিশ্চিতভাবে বলা যায়, ভারতীয় কোনো সরকারি সংস্থা রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করেছে। ভারতের অবস্থান স্পষ্ট—জ্বালানি কেনার সিদ্ধান্ত নেওয়া হয় আন্তর্জাতিক বাজার, চাহিদা ও ভূরাজনৈতিক প্রেক্ষাপট বিচার করেই।
সম্প্রতি ট্রাম্প দাবি করেন, পাকিস্তান-মার্কিন চুক্তির ফলে ভবিষ্যতে ভারতকেও পাকিস্তান থেকে তেল কিনতে হতে পারে। এ বিষয়ে মুখ খোলেননি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কেউই। তবে কংগ্রেস নেতা শশী থারুর কটাক্ষ করে বলেন, পাকিস্তানের তেল মজুত যে খুব বেশি, তা তাঁর জানা নেই।
বিশেষজ্ঞদের মতে, যেসব খাতে ছাড় দেওয়া হয়নি—যেমন চামড়া, টেক্সটাইল ও মেশিনারি—সেখানে ভারতের মূল প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ, থাইল্যান্ড ও মালয়েশিয়ার ওপরও প্রায় একই মাত্রার শুল্ক (২০-২৫%) রয়েছে। ফলে ভারতীয় রপ্তানির ওপর বিরূপ প্রভাব তেমন পড়বে না। রাশিয়া থেকে ভারতের অস্ত্র ও জ্বালানি কেনা নিয়ে ট্রাম্প যেসব অভিযোগ তুলেছেন, তার পেছনে যথেষ্ট তথ্যভিত্তিক ভিত্তি নেই বলেও মত দিয়েছেন অনেক বিশেষজ্ঞ।
সরকারি তথ্য অনুযায়ী, রাশিয়ার সঙ্গে ভারতের সর্বশেষ বড় অস্ত্রচুক্তি হয়েছিল ২০১৯ সালে—যৌথভাবে একে-২০৩ রাইফেল উৎপাদনের বিষয়ে। এর বাইরে এস-৪০০ ছাড়া অধিকাংশ রুশ অস্ত্র এখন ভারতে তৈরি হচ্ছে। ২০১০-১৪ সালে ভারতের ৭২% অস্ত্র আমদানি হতো রাশিয়া থেকে। ২০২০-২৪ সালে তা নেমেছে ৩৬%-এ। অন্যদিকে, রাশিয়ার পাশাপাশি যুক্তরাষ্ট্র থেকেও জ্বালানি আমদানি বেড়েছে।
পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রির তথ্য বলছে, চলতি বছরের ফেব্রুয়ারির পর রাশিয়া থেকে তেল আমদানি কমেছে ২৫%। আর মার্কিন তেল আমদানি বেড়েছে ১০০%। বর্তমানে বছরে ১৫ বিলিয়ন ডলার মূল্যের তেল আমদানি ২৫ বিলিয়নে উন্নীত করার ভাবনা রয়েছে ভারতের। বিশেষজ্ঞদের মতে, এগুলোই ট্রাম্পের পুরনো ‘চাপ দিয়ে সুবিধা আদায়ের কৌশল’-এর অংশ। ভারতের ওপরও সেই কৌশল প্রয়োগ করছেন তিনি।
ভারত ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা আগেই জানিয়েছেন, চলতি বছরের অক্টোবর নাগাদ দুই দেশের মধ্যে বাণিজ্যচুক্তি স্বাক্ষর হতে পারে। ভারত সে চেষ্টায় অটল বলেই প্রতীয়মান হচ্ছে।

