মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে বড় বিনিয়োগে এগিয়ে যাচ্ছে। প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে তাল মেলাতে প্রয়োজনে বড় কোনো কোম্পানি অধিগ্রহণ করতেও প্রস্তুত অ্যাপল।
গত বৃহস্পতিবার (৩১ জুলাই) যুক্তরাষ্ট্রে অ্যাপলের এক আয়-ব্যয় পর্যালোচনার সম্মেলনে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী টিম কুক এ কথা জানান। সেখানে তিনি বলেন, এআই প্রযুক্তিতে এগিয়ে যেতে অ্যাপল খরচ বাড়াবে। প্রয়োজনে নতুন ডেটা সেন্টারও তৈরি করা হতে পারে।
বিশ্লেষকেরা বলেন, দীর্ঘদিন ধরে মিতব্যয়ী নীতিতে পরিচালিত অ্যাপলের জন্য এটি একটি বড় কৌশলগত পরিবর্তন। ইতিহাসে অ্যাপল সাধারণত বড় চুক্তি এড়িয়ে চলে। তবে এবার সম্ভবত তারা ভিন্ন পথে হাঁটতে যাচ্ছে। টিম কুক জানান, শুধু চলতি বছরেই অ্যাপল সাতটি ছোট প্রতিষ্ঠান অধিগ্রহণ করেছে। প্রয়োজনে আরও বড় প্রতিষ্ঠান অধিগ্রহণের প্রস্তুতিও রয়েছে।
মাইক্রোসফট ও গুগলের মতো প্রতিদ্বন্দ্বীরা ইতিমধ্যে এআই খাতে বড় বিনিয়োগ করেছে। মাইক্রোসফট জানিয়েছে, তারা ডেটা সেন্টারে ১০০ বিলিয়ন ডলারের বেশি ব্যয় করবে। গুগলের প্যারেন্ট কোম্পানি অ্যালফাবেটের পরিকল্পনা, আগামী এক বছরে ৮৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করা।
এই দুটি প্রতিষ্ঠান এআইভিত্তিক চ্যাটবট ও ভার্চ্যুয়াল সহকারী তৈরি করে বাজারে এগিয়ে গেছে। লাখো ব্যবহারকারী ইতিমধ্যে এসব প্রযুক্তি ব্যবহার করছেন। এর পেছনে রয়েছে টানা উচ্চ ব্যয়। অ্যাপল এখনো অনেক ক্ষেত্রেই পিছিয়ে। তারা নিজস্ব ডেটা সেন্টার না গড়ে কিছু ক্লাউড কম্পিউটিংয়ের কাজ বাইরের প্রতিষ্ঠানের মাধ্যমে চালাচ্ছে। তবে আইফোনে চ্যাটজিপিটির মতো এআই ফিচার আনতে ওপেনএআইয়ের সঙ্গে চুক্তি করেছে। অ্যাপল নিজস্ব এআই প্রযুক্তি বিকাশেও কাজ করছে। এর মধ্যে রয়েছে ভার্চ্যুয়াল সহকারী ‘সিরি’র উন্নয়ন। কিন্তু এখানেও কাঙ্ক্ষিত অগ্রগতি দেখা যাচ্ছে না। নতুন সংস্করণের সিরি ২০২৫ সাল পর্যন্ত পিছিয়ে গেছে।
অ্যাপল সাধারণত ছোট ছোট প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠান অধিগ্রহণ করে। এসব প্রতিষ্ঠানের বিশেষায়িত প্রযুক্তি ও কারিগরি টিম অ্যাপলের পণ্য উন্নয়নে সহায়তা করে। তবে ২০১৪ সালে অ্যাপল সবচেয়ে বড় চুক্তি করে বিটস ইলেকট্রনিকস অধিগ্রহণের মাধ্যমে। সে সময় চুক্তির পরিমাণ ছিল ৩ বিলিয়ন ডলার। পরবর্তীতে ইন্টেলের মডেম চিপ ব্যবসাও ১ বিলিয়ন ডলারে কিনে নেয় তারা।
বর্তমানে বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির অগ্রগতি দারুণ গতিতে এগোচ্ছে। এই প্রতিযোগিতায় টিকে থাকতে হলে অ্যাপলকে এবার বড় সিদ্ধান্ত নিতেই হবে। অ্যাপলের প্রধান অর্থ কর্মকর্তা কেভান পারেখ জানান, এআই খাতে আরও বেশি খরচের প্রস্তুতি নিচ্ছে অ্যাপল। যদিও নির্দিষ্ট কোনো বাজেট উল্লেখ করেননি তিনি। বিশ্লেষকদের মতে, এটি অ্যাপলের জন্য এক নতুন মোড়। কৃত্রিম বুদ্ধিমত্তায় বড় বিনিয়োগ ছাড়া প্রতিষ্ঠানটি পিছিয়ে পড়তে পারে—এ বিষয়টি এখন তারা উপলব্ধি করছে।

