ঢাকা-ওয়াশিংটনের আলোচিত শুল্ক আলোচনার আনুষ্ঠানিক পর্ব শেষ হয়েছে। তবে এ নিয়ে এখনো এক প্রশ্ন ঘুরছে নানা মহলে—এই সমঝোতা আসলে বাংলাদেশের জাতীয় স্বার্থের সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ? লাভ না ক্ষতি, কোনটা বেশি?
চুক্তির আলোকে দেখা যাচ্ছে, যুক্তরাষ্ট্রের ঘোষিত ৩৫ শতাংশ পাল্টা শুল্কের বিপরীতে বাংলাদেশ পেরেছে সর্বোচ্চ ১৫ শতাংশ পর্যন্ত শুল্ক ছাড় আদায় করতে। এতে তাৎক্ষণিকভাবে ব্যবসায়ী মহল স্বস্তি প্রকাশ করলেও রাজনৈতিক ও অর্থনৈতিক বিশ্লেষকদের দৃষ্টিভঙ্গি তুলনামূলকভাবে বেশি সতর্ক। তাঁরা আশঙ্কা করছেন, স্বল্প মেয়াদে সুবিধা মিললেও দীর্ঘমেয়াদে এর কিছু বিপদও হতে পারে।
চারটি প্রধান লক্ষ্য যুক্তরাষ্ট্রের:
একাধিক দেশি-বিদেশি সূত্র এবং আলোচনায় যুক্ত দায়িত্বশীলদের সঙ্গে আলাপ করে চুক্তির প্রেক্ষাপট ও অন্তর্নিহিত উদ্দেশ্য পর্যালোচনা করেছে। বিশ্লেষণে উঠে এসেছে, যুক্তরাষ্ট্রের এই চুক্তির মূল উদ্দেশ্য চারটি:
- বাংলাদেশে মার্কিন পণ্যের প্রবেশ সহজ করা, অর্থাৎ উচ্চ শুল্ক কমানো ও অশুল্ক বাধা দূর করা।
- দ্বিপক্ষীয় বাণিজ্যে যুক্তরাষ্ট্রের ঘাটতি কমানো।
- সয়াবিন, গম, তুলা, ভুট্টা ও ডালের মতো কৃষিপণ্যের রপ্তানি বাড়ানো।
- আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার চাপ মোকাবিলায় অভ্যন্তরীণ অর্থনীতিকে সুরক্ষা দেওয়া।
এই লক্ষ্যগুলো বাস্তবায়নে যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা করে। এক্ষেত্রে আলোচনার পূর্বশর্ত হিসেবে তারা দেয় নন-ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট যার আওতায় আলোচনা চলাকালে কোনো তথ্য প্রকাশ করা যাবে না।
বাংলাদেশের তিনটি পাল্টা শর্ত: চুক্তিতে বাংলাদেশ কৌশলী অবস্থান নেয়। তিনটি মৌলিক সীমা নির্ধারণ করে এগিয়ে নেয় আলোচনা:
- অন্তর্বর্তী সরকারের সীমাবদ্ধতার কথা বলে ‘রিভিউ ক্লজ’ যুক্ত করা হয়, যাতে ভবিষ্যৎ সরকার চাইলে চুক্তি পর্যালোচনা করতে পারে।
- বাস্তবতার বাইরে গিয়ে কোনো প্রতিশ্রুতি দেওয়া হয়নি এবং যুক্তরাষ্ট্র তা মেনেছে।
- চুক্তিটি সম্পূর্ণভাবে দ্বিপক্ষীয় রাখার শর্ত জোরালোভাবে তুলে ধরা হয়।
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মো. খলিলুর রহমান ও বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বিভিন্ন সময় তাঁদের বক্তব্যে এসব বিষয় তুলে ধরেন। বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘চুক্তির প্রাথমিক খসড়ায় যেসব বিষয় জাতীয় স্বার্থবিরোধী ছিল, তা আলোচনার মাধ্যমে বাদ দেওয়া হয়েছে। চূড়ান্ত খসড়ায় যা আছে, তা বাস্তবসম্মত ও দেশের জন্য ক্ষতিকর নয়।’
চুক্তি গোপন রাখার সমালোচনার জবাবে খলিলুর রহমান বলেন, ‘এনডিএ স্বাক্ষর শুধু বাংলাদেশের নয়, বিশ্বব্যাপী স্বীকৃত কূটনৈতিক প্রক্রিয়া। এমন চুক্তিতে অংশ নেওয়া প্রতিটি দেশকেই এটি মানতে হয়।’ তবে তিনি জানিয়েছেন, চুক্তি সম্পাদনের পর স্বচ্ছতার স্বার্থে উভয় পক্ষের সম্মতিতে তা প্রকাশ করার চেষ্টা করা হবে।
চুক্তির অংশ হিসেবে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বোয়িং কোম্পানি থেকে ২৫টি উড়োজাহাজ কিনতে বাধ্য হচ্ছে—এমন গুঞ্জনও ওঠে। তবে এ বিষয়ে বাণিজ্য উপদেষ্টা একে ‘একতরফা গুজব’ আখ্যা দিয়ে বলেন, বাংলাদেশই আগ্রহ দেখিয়েছে। বাস্তবে বোয়িংয়ের উৎপাদন ক্ষমতা এতই সীমিত যে, ২০৩৭ সালের আগে তারা সরবরাহ করতে পারবে না।
এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো—এই চুক্তির সুফল বাংলাদেশ কতটা কাজে লাগাতে পারবে? বাণিজ্য মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ‘২০ শতাংশ শুল্ক সুবিধা কেবল কাগজে থাকবে, না বাস্তব রপ্তানিতে কাজে লাগবে, তা নির্ভর করবে আমাদের সক্ষমতার ওপর।’ তাঁর মতে, সুফল পেতে হলে বাংলাদেশকে নিজস্ব উৎপাদনশীলতা বাড়াতে হবে, রপ্তানির পণ্য বৈচিত্র্য আনতে হবে এবং নীতিনির্ধারণে স্থিতিশীলতা বজায় রাখতে হবে।

