সরকারি খরচ কমানো এবং অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে নির্মাণ খাতে চাহিদা কমে যাওয়ায় তিন বছরেরও বেশি সময় পর প্রথমবারের মতো রডের দাম টনপ্রতি ৯০ হাজার টাকার নিচে নেমে এসেছে।
বাংলাদেশ ট্রেডিং করপোরেশন জানায়, নির্মাণ ও অবকাঠামো খাতে সবচেয়ে বেশি ব্যবহৃত ৬০-গ্রেড এমএস রডের খুচরা দাম এক বছরে ১২ শতাংশ কমেছে। এক বছর আগে প্রতি টন রডের দাম ছিল ৯৭ হাজার ৫০০ থেকে ৯৯ হাজার ৫০০ টাকা। এখন তা নেমে দাঁড়িয়েছে ৮৫ হাজার থেকে ৮৯ হাজার টাকায়। এ দাম ২০২২ সালের ২৩ মার্চের রেকর্ডকেও ছাড়িয়ে গেছে। ওই সময় প্রতি টন রডের দাম ছিল ৯১ হাজার ৫০০ টাকা। চলতি বছর মাঝামাঝি সময়ে যা এক লাখ টাকার কাছাকাছি পৌঁছেছিল।
বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, গত বছরের আগস্টে রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের আগে প্রতি মাসে দেশে সাড়ে ছয় লাখ টন রড ব্যবহৃত হতো। এখন তা নেমে এসেছে ৪ লাখ টনের ঘরে। অর্থাৎ চাহিদা কমেছে প্রায় ৩৫ শতাংশ। বিএসএমএ জানায়, দেশের মোট রড চাহিদার দুই-তৃতীয়াংশ আসে সরকারি ও বড় প্রকল্প থেকে। এসব প্রকল্পের কার্যক্রম গত বছরের জুলাই থেকে ধারাবাহিকভাবে কমছে।
বিএসএমএ মহাসচিব ও আরআরএম গ্রুপের চেয়ারম্যান সুমন চৌধুরী বলেন, ‘গত ২৭ জুলাই মাত্র কয়েক মিনিটের ব্যবধানে রডের দাম নয় শতাংশ কমেছে। এমন অস্থির বাজারে ব্যবসা করা কঠিন।’ তিনি বলেন, ‘অভ্যন্তরীণ চাহিদা বলতে গেলে নেই। এটা শিল্পখাতের জন্য বড় উদ্বেগ। গত ৪৯ বছরের মধ্যে এডিপি বাস্তবায়নের হার এবার সবচেয়ে কম, এটিই মূলত মন্দার বড় কারণ।’
সুমন চৌধুরী জানান, সীমিত ব্যাংকঋণের কারণে অনেক ছোট উৎপাদক যেমন বন্দর স্টিল, মোহাম্মদী স্টিল—উৎপাদন স্থগিত রেখেছে। অনেক প্রতিষ্ঠান ৮৫ হাজার টাকার নিচে রড বিক্রি করছে শুধু কারখানা চালু রাখতে। তিনি বলেন, ‘মিলগেট মূল্য বাজারের দামের চেয়েও দুই-তিন হাজার টাকা কম। প্রকৃত অবস্থা বোঝা কঠিন। বর্ষার কারণে সরকারি-বেসরকারি অনেক প্রকল্পই পানির নিচে। এসব স্থানে খুব শিগগির কাজ শুরু করা সম্ভব হবে না।’
বিএসআরএম-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক তপন সেনগুপ্ত বলেন, ‘চাহিদা কমার কারণেই রডের দাম পড়েছে। উৎপাদন ঠিক থাকলেও লাভ প্রায় নেই। অনেক কোম্পানি এখন শুধু টিকে থাকার জন্য রড বিক্রি করছে।’ তিনি জানান, কিছু এলাকায় রডের চাহিদা ৩৫ শতাংশ পর্যন্ত কমেছে। এটি শুধুমাত্র মৌসুমি নয়, চলমান একটানা মন্দা। তার সঙ্গে যুক্ত হয়েছে টানা বৃষ্টিপাত, যা পরিস্থিতি আরও খারাপ করেছে। তপন সেনগুপ্ত মনে করেন, পরিস্থিতি উত্তরণের জন্য সরকারি অবকাঠামো প্রকল্প বা নতুন বিনিয়োগ ফেরানো জরুরি।
জিপিএইচ ইস্পাতের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, ‘সামগ্রিক অবস্থা আশাব্যঞ্জক নয়। অর্থ পরিশোধের গতি কমেছে। বেশিরভাগ বড় প্রকল্প স্থগিত রয়েছে।’ তিনি জানান, রাজনৈতিক অনিশ্চয়তার কারণে দেশি-বিদেশি বিনিয়োগকারীরা অপেক্ষার মনোভাব নিয়েছে। এর ফলে শহরে নির্মাণকাজ ৩০–৪০ শতাংশ এবং বড় প্রকল্পে ৬০ শতাংশ পর্যন্ত কমে গেছে।
তবে তিনি মনে করেন, গ্রামীণ অর্থনীতি তুলনামূলকভাবে স্থিতিশীল। সড়ক রক্ষণাবেক্ষণ ও ছোটখাটো অবকাঠামো কাজ চলছে, যদিও ধীরগতিতে। গত ছয় সপ্তাহের টানা ভারী বৃষ্টিপাতের প্রভাবেও উৎপাদন ব্যাহত হয়েছে বলে জানান তিনি। ফলে সরবরাহ ও উৎপাদন কার্যক্রমও চাপে পড়েছে।

