অর্থনীতির স্থবিরতা, ডলার সংকট ও শুল্ক বেড়ে যাওয়ার প্রভাবে রিকন্ডিশন্ড গাড়ির আমদানি কমে গেছে। ফলে বড় ধরনের চাপে পড়েছে এ খাত। পাশাপাশি ২০২৪-২৫ অর্থবছরে সরকারের রাজস্ব আয়ও কমে গেছে।
আমদানিকারকদের সংগঠন বারভিডার (বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিকেলস ইমপোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন) তথ্য বলছে, ২০২৪-২৫ অর্থবছরে দেশে রিকন্ডিশন্ড গাড়ি আমদানি হয়েছে ২১ হাজার ৩৩৭টি। আগের বছর এই সংখ্যা ছিল ২১ হাজার ৫১৯টি। যদিও গাড়ির সংখ্যা তুলনামূলকভাবে কাছাকাছি, তবে রাজস্ব আয় কমে গেছে ৬ শতাংশের বেশি। চলতি অর্থবছরে গাড়ি আমদানি থেকে রাজস্ব আদায় হয়েছে ৩ হাজার ৮৬৪ কোটি টাকা, যা আগের বছরের তুলনায় ২৫০ কোটি এবং ২০২১-২২ অর্থবছরের তুলনায় ৪৫৩ কোটি টাকা কম।
বিশ্লেষক ও ব্যবসায়ীরা বলছেন, চড়া শুল্ক, ডলার সংকট, আমদানি বিধিনিষেধ, রাজনৈতিক অনিশ্চয়তা এবং ভোক্তার চাহিদা কমে যাওয়াই এই খাতের মন্দার মূল কারণ। এর সঙ্গে যোগ হয়েছে ব্যাংকঋণ পেতে জটিলতা ও উচ্চ সুদহার। এসব কারণে গাড়ির বাজার ক্রমেই সংকুচিত হচ্ছে। চট্টগ্রামের কার বাজারের ব্যবসায়ী মাসুদ আলম বলেন, “আগে প্রতি মাসে ১৫-২০টি গাড়ি বিক্রি হতো, এখন তা অর্ধেকে নেমে এসেছে।”

সরকার ২০২২ সালের শুরু থেকে বিলাসপণ্য আমদানিতে কঠোর বিধিনিষেধ আরোপ করে। এর আওতায় গাড়ি আমদানিও সীমিত করা হয়। পাশাপাশি সাম্প্রতিক বাজেটে রিকন্ডিশন্ড গাড়ি আমদানিতে অগ্রিম আয়কর ৫ শতাংশ থেকে বাড়িয়ে ৭.৫ শতাংশ করা হয়েছে। এতে আমদানি আরও ব্যয়বহুল হয়ে উঠেছে।
বারভিডার সভাপতি আব্দুল হক বলেন, “গাড়ি আমদানির খরচ বেড়ে গেছে। অন্যদিকে ক্রেতাদের সামর্থ্য কমে যাওয়ায় বাজারে গাড়ির চাহিদাও কম। তাই আমদানিকারকেরাও কম গাড়ি আনছেন।” তিনি জানান, বাংলাদেশে রিকন্ডিশন্ড গাড়ির প্রধান উৎস দেশ জাপানেও এখন পরিস্থিতি পাল্টেছে। পাঁচ বছরের কম ব্যবহৃত গাড়ির ওপর দেশটিতে স্থানীয় চাহিদা বেড়ে যাওয়ায় দামও বেড়েছে। ফলে বাংলাদেশি আমদানিকারকদের জন্য সাশ্রয়ী দামে গাড়ি আনা কঠিন হয়ে পড়েছে।

জাপানের বাজার বিশ্লেষণ বলছে, দেশটিতে বর্তমানে পাঁচ বছরের নিচে ব্যবহৃত গাড়ির চাহিদা ব্যাপক হারে বেড়েছে, যার প্রভাব পড়েছে রপ্তানির দামে। গত চার অর্থবছরের তথ্য বিশ্লেষণে দেখা যায়:
- ২০২১-২২: আমদানি ২১,১৫৪টি, রাজস্ব আয় ৪,৩১৭ কোটি টাকা
- ২০২২-২৩: আমদানি ১৯,৮০৩টি, রাজস্ব আয় ৩,৮১৬ কোটি টাকা
- ২০২৩-২৪: আমদানি ২১,৫১৯টি, রাজস্ব আয় ৪,১১৪ কোটি টাকা
- ২০২৪-২৫: আমদানি ২১,৩৩৭টি, রাজস্ব আয় ৩,৮৬৪ কোটি টাকা
বারভিডা বলছে, বর্তমানে দেশে প্রায় ২০ হাজার কোটি টাকার বিনিয়োগ রয়েছে এই খাতে। দেশে মোট আমদানিকৃত গাড়ির ৭৫ শতাংশই রিকন্ডিশন্ড, বাকি ২৫ শতাংশ নতুন। বর্তমানে মোট আমদানির ৬০ শতাংশ মোংলা বন্দর ও ৪০ শতাংশ চট্টগ্রাম বন্দর দিয়ে হয়ে থাকে।
বারভিডার সাবেক সভাপতি হাবিবুল্লাহ ডন বলেন, “ডলার সংকট, এলসি জটিলতা ও মূল্যবৃদ্ধির কারণে গাড়ি ব্যবসা ভয়াবহ সংকটে। এতে আমদানি হ্রাস পেয়েছে। এ খাত পুনরুদ্ধারে সময় লাগবে।”
ব্যবসায়ীরা মনে করেন, এ সংকট কাটাতে নীতিগত পরিবর্তন জরুরি। তারা সাত বছর পর্যন্ত পুরোনো রিকন্ডিশন্ড গাড়ি আমদানির অনুমতি চাচ্ছেন। পাশাপাশি আমদানি শর্ত শিথিল করার আহ্বান জানিয়েছেন। এতে সরবরাহ বাড়বে, খরচ কমবে এবং ক্রেতারাও আগ্রহী হবেন বলে তারা মনে করছেন।

