মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রকাশ্য হুঁশিয়ারির পরও রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করছে না ভারত। গতকাল শনিবার ভারত সরকারের দুই কর্মকর্তার বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।
ট্রাম্প সম্প্রতি ট্রুথ সোশ্যালে এক পোস্টে রাশিয়া থেকে তেল ও অস্ত্র কেনার কারণে ভারতকে ‘অতিরিক্ত জরিমানা’ করার ইঙ্গিত দেন। পাশাপাশি যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি পণ্যে ২৫ শতাংশ নতুন শুল্ক আরোপ করেন। তবে ট্রাম্পের এসব মন্তব্যের মধ্যেও ভারত সরকারের নীতিতে কোনো পরিবর্তন আসছে না বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। তাদের মতে, তেল আমদানি অব্যাহত থাকবে।
শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেছিলেন, “আমি শুনেছি, ভারত আর রাশিয়া থেকে তেল কিনবে না।” কিন্তু ভারতের কর্মকর্তারা বলছেন, এমন সিদ্ধান্তের কোনো ভিত্তি নেই।
ভারত সরকারের এক কর্মকর্তা জানান, রাশিয়ার সঙ্গে ভারতের চুক্তিগুলো দীর্ঘমেয়াদি। সেগুলো হুট করে বাতিল করা সম্ভব নয়। তিনি বলেন, “এই তেল আমদানিই বিশ্ববাজারে হঠাৎ করে তেলের দাম বাড়া রোধ করেছে। পশ্চিমা নিষেধাজ্ঞার পরও তেলের দাম তুলনামূলকভাবে স্থিতিশীল আছে।”
আরেক কর্মকর্তা বলেন, ইরান ও ভেনেজুয়েলার মতো রাশিয়ার তেলের ওপর সরাসরি নিষেধাজ্ঞা নেই। ইউরোপীয় ইউনিয়ন যে সর্বোচ্চ মূল্য নির্ধারণ করেছে, ভারত তারও কম দামে রাশিয়ার তেল কিনছে।
গতকাল শনিবার ভারতের দুই জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে দ্য নিউ ইয়র্ক টাইমস-এ প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া থেকে তেল আমদানির নীতিতে ভারত কোনো পরিবর্তন আনেনি। তবে রয়টার্সের পক্ষ থেকে সরকারিভাবে মন্তব্য চাইলেও ভারত এখনও সাড়া দেয়নি।

