ঢাকার রাস্তায় চলাচলকারী ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বিতর্ক নতুন নয়। শৃঙ্খলার অভাব, অবৈধ যানবাহন, দুর্ঘটনার ঝুঁকি—সব মিলিয়ে অনেকদিন ধরেই এই ইস্যুতে আলোচনার ঝড়। এবার পরিস্থিতি পাল্টাতে মাঠে নামছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। সংস্থাটি নিয়েছে বড়সড় উদ্যোগ—অটোরিকশাচালকদের প্রশিক্ষণ দিতে ৩০০ জন প্রশিক্ষক তৈরি ও প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে ল্যাপটপ ও প্রজেক্টর কেনার পরিকল্পনা।
ডিএনসিসি প্রাথমিকভাবে ৩০০ জন ‘মাস্টার ট্রেইনার’ তৈরি করছে। এর মধ্যে রয়েছেন ১০০ জন পুলিশ সদস্য ও যুব উন্নয়ন অধিদপ্তরের তালিকা থেকে নেওয়া ২০০ জন, যাদের মধ্যে ১৭৫ জনই বৈষম্যবিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত শিক্ষার্থী। এদের প্রশিক্ষণ কার্যক্রম ইতোমধ্যেই শুরু হয়েছে। ব্র্যাক রোড সেফটি প্রোগ্রাম এই প্রশিক্ষণে পরামর্শক হিসেবে কাজ করছে।
প্রশিক্ষণ শেষে প্রত্যেক প্রশিক্ষককে একটি করে ল্যাপটপ ও প্রজেক্টর দেওয়া হবে, যাতে তারা মাঠপর্যায়ে গিয়ে ই-রিকশাচালকদের প্রশিক্ষণ দিতে পারেন। এই খাতে ব্যয় ধরা হয়েছে প্রায় ৬ কোটি টাকা।
যদিও প্রশিক্ষণের উদ্যোগকে অনেকে ইতিবাচকভাবে দেখছেন, তবে ৬ কোটি টাকায় ল্যাপটপ ও প্রজেক্টর কেনার যৌক্তিকতা নিয়ে উঠেছে প্রশ্ন। অংশীজনদের মতে, যতক্ষণ পর্যন্ত অবৈধ অটোরিকশা উৎপাদন বন্ধ না হয়, ততদিন প্রশিক্ষণ দিয়ে শৃঙ্খলা ফেরানো কঠিন।
গত বছর আগস্টেও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধ অটোরিকশা বন্ধের চেষ্টা করেছিল ডিএনসিসি ও ডিএসসিসি কিন্তু তীব্র প্রতিরোধের মুখে কার্যক্রম স্থগিত হয়। এই বছরের এপ্রিলে আবারও অভিযান শুরু করলে রাজধানীর বিভিন্ন এলাকায় রাস্তায় নামেন চালকরা, অবরোধ করেন রাস্তা।
এর মধ্যে বুয়েটের যন্ত্রকৌশল বিভাগ তৈরি করছে নতুন ধরনের ই-রিকশা, যেখানে থাকছে হাইড্রোলিক ব্রেক, যাত্রী নিরাপত্তা ও বিদ্যুৎ সাশ্রয়ের ব্যবস্থাও। এই রিকশাগুলোর প্রতিটি দাম পড়বে প্রায় ১ লাখ ৪৫ হাজার টাকা। চলতি মাসেই পরীক্ষামূলকভাবে পল্টন, ধানমন্ডি ও উত্তরা এলাকায় এই রিকশা নামানো হবে।
সরকার বলছে, ধাপে ধাপে পুরনো ব্যাটারিচালিত রিকশাগুলো উঠিয়ে দেওয়া হবে। চালকদের জন্য বাংলাদেশ ব্যাংক ও মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (MRA) সহজ শর্তে ঋণ দেবে। নতুন রিকশা সড়কে নামার আগেই প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষ করে তোলার পরিকল্পনা করা হয়েছে।
সুপরিকল্পিত প্রশিক্ষণ, আধুনিক রিকশা—সবই শুনতে ভালো লাগলেও বাস্তবে বাস্তবায়ন কঠিন। এখনও অবৈধ অটোরিকশা বন্ধ হয়নি। চালকদের বড় একটি অংশ প্রশিক্ষণের প্রতি অনাগ্রহী। অপরদিকে, ৬ কোটি টাকা ব্যয়ে প্রযুক্তি কেনা নিয়ে স্বচ্ছতা ও কার্যকারিতা নিয়েও প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা।
অংশীজনরা বলছেন—শৃঙ্খলার মূল চাবিকাঠি শুধু প্রশিক্ষণ নয় বরং অবৈধতা রোধ, কঠোর নিয়ন্ত্রণ এবং বাস্তবমুখী পরিবহন নীতিমালা।

