বাংলাদেশে কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে টেকনিক্যাল ও ভোকেশনাল শিক্ষায় বড় ধরনের বিনিয়োগে নামছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। ‘টিভেট টিচারস ফর দ্য ফিউচার’ নামের একটি কর্মসূচির আওতায় বাংলাদেশ সরকার ও এডিবির মধ্যে সই হয়েছে ১৫০ মিলিয়ন মার্কিন ডলারের ঋণচুক্তি।
রোববার (৩ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগরের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সম্মেলনকক্ষে এই চুক্তি স্বাক্ষর হয়। বাংলাদেশের পক্ষে চুক্তিতে সই করেন ইআরডির সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং এডিবির পক্ষে সই করেন বাংলাদেশে নিযুক্ত কান্ট্রি ডিরেক্টর হো ইউন জিয়ং।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এডিবি জানায়, বাংলাদেশের অর্থনীতিকে বৈচিত্র্যময় ও দক্ষতাভিত্তিক করে গড়ে তুলতে এই কর্মসূচির আওতায় পাঁচটি মূল খাতকে অগ্রাধিকার দেওয়া হবে—যন্ত্রকৌশল (মেকানিক্যাল), ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি), সিভিল কনস্ট্রাকশন এবং খাদ্য ও কৃষি প্রযুক্তি।
এই কর্মসূচির মূল লক্ষ্য হলো দেশের টিভেট (TVET) বা কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ ব্যবস্থায় গুণগত পরিবর্তন আনা। এর আওতায় ঢাকার বাইরের কম সেবাপ্রাপ্ত এলাকাসহ সারা দেশে আধুনিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হবে। শিক্ষকদের প্রযুক্তিগত দক্ষতা ও আধুনিক পদ্ধতিতে শিক্ষা প্রদানের সক্ষমতা বাড়ানো হবে।
চূড়ান্তভাবে এই প্রকল্প থেকে সরাসরি উপকৃত হবেন অন্তত ১০ হাজার নতুন ও পুরোনো টিভেট শিক্ষক, যার ইতিবাচক প্রভাব পড়বে প্রায় ২ লাখ ৫০ হাজার শিক্ষার্থীর ওপর। পাশাপাশি, শিক্ষকতা পেশার জন্য একটি জাতীয় পেশাগত উন্নয়ন কাঠামো তৈরি করা হবে, যা কারিগরি শিক্ষার মান ও প্রাসঙ্গিকতা নিশ্চিত করবে।
এডিবির কান্ট্রি ডিরেক্টর বলেন, “এই কর্মসূচি শুধু কর্মসংস্থানের সুযোগই বাড়াবে না বরং দারিদ্র্য, সামাজিক বৈষম্য ও বঞ্চনার নানা দিক মোকাবেলায়ও ভূমিকা রাখবে।”
প্রসঙ্গত, ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত এডিবি বর্তমানে ৬৯টি দেশের সদস্য সমন্বয়ে পরিচালিত হচ্ছে। সংস্থাটি মূলত এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের টেকসই উন্নয়ন, অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি এবং জলবায়ু সহনশীল অবকাঠামো গঠনে কাজ করে যাচ্ছে।

