গাড়ি ও স্মার্টফোনের পাশাপাশি, দক্ষিণ কোরিয়ার আরেকটি পণ্য যুক্তরাষ্ট্রে দারুণ জনপ্রিয়তা অর্জন করেছে—আর তা হলো কোরিয়ান বিউটি পণ্য, অর্থাৎ ‘কে-বিউটি’। স্কিনকেয়ার, মেকআপ ও প্রসাধন সামগ্রীর এই জগত শুধু মান ও দামের দিকেই নয়, সাংস্কৃতিক আবেদনেও বিশ্বব্যাপী জয় করে নিচ্ছে অগণিত ভক্তের মন।
যুক্তরাষ্ট্রে বসবাসকারী গ্রাফিক ডিজাইনার পার্ল ম্যাক জানাচ্ছেন, তিনি প্রথম কে-বিউটির সঙ্গে পরিচিত হন বন্ধুদের মাধ্যমে। পশ্চিমা কিছু ব্র্যান্ডের তুলনায় কোরিয়ান সিরামগুলো তার ত্বকে অনেক বেশি কার্যকর এবং কোমল। এখন তো তার দৈনন্দিন স্কিনকেয়ারের প্রায় ৯৫ শতাংশই কে-বিউটি পণ্যে ভরপুর।
পার্ল একা নন। ২০২৪ সালে শুধু মার্কিন মার্কেটেই কে-বিউটি পণ্যে খরচ হয়েছে প্রায় ১.৭ বিলিয়ন ডলার—যা আগের বছরের তুলনায় ৫০ শতাংশ বেশি।
কে-বিউটির জনপ্রিয়তার অন্যতম কারণ এর সুলভ দাম এবং অনন্য উপাদান। হার্টলিফ, স্নেইল মিউসিনের মতো উপাদান পশ্চিমা প্রসাধন পণ্যে সচরাচর দেখা যায় না। এসব কোরিয়ান পণ্য শুধু কার্যকরই নয়, বরং ত্বকের যত্নেও অনেক বেশি স্বাস্থ্যকর বলে মনে করেন অনেকেই।
তবে এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ কোরিয়ার রপ্তানি পণ্যের ওপর ১৫ শতাংশ আমদানি শুল্ক বসিয়েছেন। যদিও শুরুর দিকে হুমকি ছিল ২৫ শতাংশ পর্যন্ত, কিন্তু শেষ পর্যন্ত তা কিছুটা কমানো হয়। তবুও গ্রাহকদের মধ্যে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
যুক্তরাষ্ট্রভিত্তিক কে-বিউটি রিটেইলার সয়া জানায়, এপ্রিল মাসে ট্রাম্পের ট্যারিফ ঘোষণার পরপরই তাদের অর্ডার প্রায় ৩০ শতাংশ বেড়ে যায়।
“ট্যারিফের খবরে অনেক গ্রাহক বুঝে শুনে কিনতে শুরু করে—কেউ মজুত করছে, কেউ বিকল্প খুঁজছে,” বলছেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা শেইন ওয়ার।
একই রকম অভিজ্ঞতা হয়েছে আরেক কে-বিউটি রিটেই সেন্টি-র। ব্যবস্থাপক উইনি ঝং জানান, তারা শুল্কের হুমকি শোনার পর থেকেই আগেভাগে বেশি পণ্য অর্ডার দেওয়া শুরু করেছেন। সরবরাহকারীরাও সতর্ক করে দিচ্ছেন—”দ্রুত স্টক করে ফেলুন, দাম বাড়ছে।”
শুল্কের কারণে দাম বাড়বে, এ কথা বলছেন অর্থনীতিবিদরাও। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুনসিওব লি বলেন, বিশেষ করে ছোট রিটেইলাররা, যারা অ্যামাজনের মতো প্ল্যাটফর্মে বিক্রি করে এবং খুবই স্বল্প মুনাফায় ব্যবসা চালায়, তাদের জন্য পরিস্থিতি কঠিন হয়ে উঠবে।
তবে দাম বাড়লেও চাহিদা কমবে না বলেই মনে করেন তিনি। “যারা হালকা আগ্রহী, তারা হয়তো পিছিয়ে যাবে। কিন্তু যাঁরা সত্যিকারের ভক্ত, তারা বিকল্প খুঁজে পাবেন না সহজে।”
উইনি ঝং বলেন, গ্রাহকরা হয়তো আগে যতোটা কিনতেন, এখন তার কিছুটা কম কিনবেন। তবুও কে-বিউটি ছাড়বেন না সহজে।
পার্ল ম্যাকও জানালেন, দাম বাড়লেও তিনি তার প্রিয় কোরিয়ান স্কিনকেয়ার পণ্যগুলো কিনতেই থাকবেন। “দাম কতটা বাড়ে সেটা দেখব, তবে এখন পর্যন্ত আমি বেশি দাম দিলেও একই পণ্য কিনে যাব।”
দক্ষিণ কোরিয়াভিত্তিক ব্যবসা পরামর্শক আইয়াল ভিক্টর মামু বলেন, বড় কে-বিউটি ব্র্যান্ডগুলোর জন্য ট্যারিফ সামাল দেওয়া তুলনামূলকভাবে সহজ। তাদের মুনাফার পরিমাণ বেশি হওয়ায় দাম বাড়ানোর প্রয়োজন পড়বে না খুব একটা। কিন্তু ছোট ব্র্যান্ড যারা দক্ষিণ কোরিয়ায়ই উৎপাদন করে, তাদের খরচ নিয়ন্ত্রণ করা কঠিন হবে।
“এখনো যেসব পণ্য বাজারে আছে, সেগুলো পুরনো দামে কেনা। কিন্তু শিগগিরই দাম বাড়ার প্রভাব বাজারে পড়তে শুরু করবে,” বললেন তিনি।
কে-বিউটি শুধুই একটি ব্র্যান্ড নয়, এটি আজ বিশ্ব সংস্কৃতির অংশ হয়ে উঠেছে। কেপপ, কোরিয়ান সিরিজ আর সিনেমার মতোই এই বিউটি পণ্যগুলোর প্রতি আগ্রহও ব্যাপকভাবে বেড়েছে।
ট্রাম্প সম্প্রতি জাপান ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গেও চুক্তি করেছেন, যেখানে তাদের প্রসাধনী পণ্যও একই ১৫% আমদানি শুল্কের আওতায় আসছে। অর্থাৎ কে-বিউটি এখন আর একা নয়।
তবুও প্রশ্ন থেকে যায়—এই শুল্ক কি আমেরিকানদের কোরিয়ান প্রসাধনী ছেড়ে দেশীয় পণ্যের দিকে নিয়ে যাবে?
পার্ল ম্যাক বলেন, “আমি মাঝে মাঝেই আমেরিকান বিকল্প খুঁজে দেখি, কিন্তু এখনো এমন কিছু পাইনি যা কে-বিউটির মতোই কার্যকর। তাই আপাতত আমি আমার কোরিয়ান পণ্য নিয়েই সন্তুষ্ট।”

