বাংলাদেশ সরকার আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করে নতুন একটি নির্দেশনা জারি করেছে। এই নির্দেশনার আলোকে ব্যাংক ঋণ, আমানত, সঞ্চয়পত্রসহ ২৪টি ব্যাংকিং সেবায় আয়কর রিটার্ন দাখিল এখন বাধ্যতামূলক।
বাংলাদেশ ব্যাংক এক সার্কুলারের মাধ্যমে তফসিলি সব ব্যাংককে জানিয়েছে, নির্দিষ্ট কিছু আর্থিক সেবা গ্রহণের আগে গ্রাহকদের আয়কর রিটার্ন জমা দেওয়ার প্রমাণপত্র দেখাতে হবে। নতুন নিয়ম অনুযায়ী,
- কেউ যদি ১০ লাখ টাকার বেশি মেয়াদি আমানত খুলতে বা রাখতে চান,
- অথবা ২০ লাখ টাকার বেশি ঋণ নিতে চান,
তাহলে তাকে সংশ্লিষ্ট অর্থবছরের আয়কর রিটার্ন জমা দিতে হবে। একইভাবে ১০ লাখ টাকার বেশি সঞ্চয়পত্র কেনার ক্ষেত্রেও রিটার্ন দাখিল বাধ্যতামূলক। সম্প্রতি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি গেজেট প্রকাশ করা হয়েছে। গেজেটে বলা হয়েছে, নির্দিষ্ট আর্থিক লেনদেন ও কার্যক্রমে অংশ নিতে হলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের রিটার্ন জমা বাধ্যতামূলক। অন্যথায় ব্যাংক বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেবা দিতে পারবে না।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ‘‘সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, ১০ লাখ টাকার বেশি মেয়াদি আমানত ও ২০ লাখ টাকার বেশি ঋণের ক্ষেত্রে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। এ বিষয়ে শিগগিরই সার্কুলার জারি হবে।’’ তবে তিনি স্পষ্ট করেন, শুধুমাত্র ১০ লাখ টাকার বেশি লেনদেনের ক্ষেত্রে রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থাকছে না।
রিটার্ন বাধ্যতামূলক যেসব খাতে: গেজেট অনুযায়ী, যেসব ব্যাংকিং বা সরকারি সেবায় আয়কর রিটার্ন বাধ্যতামূলক করা হয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হলো:
- বড় অঙ্কের সঞ্চয়পত্র কেনা
- কোম্পানির পরিচালক বা স্পন্সর শেয়ারহোল্ডার হওয়া
- আমদানি-রপ্তানি নিবন্ধন সনদ (ইআরসি/আইআরসি) নবায়ন
- ট্রেড লাইসেন্স বা পেশাজীবী লাইসেন্স নবায়ন
- জমি বা ফ্ল্যাট রেজিস্ট্রেশন
- গ্যাস ও বিদ্যুৎ সংযোগ নেওয়া
- ড্রাগ লাইসেন্স
- পরিবেশ ছাড়পত্র
- অগ্নিনির্বাপণ ছাড়পত্র
- ট্রলার বা নৌযানের সার্ভে সার্টিফিকেট
- শিশু ভর্তি
- আগ্নেয়াস্ত্রের লাইসেন্স
সরকার বলছে, আয়কর রিটার্ন বাধ্যতামূলক করার এই পদক্ষেপের মাধ্যমে করজালের আওতা বাড়ানো, রাজস্ব আদায় বৃদ্ধি এবং আর্থিক লেনদেনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই লক্ষ্য। গেজেটে আরও বলা হয়েছে, এই সিদ্ধান্ত দ্বৈত কর পরিহার সংক্রান্ত আন্তর্জাতিক চুক্তির আলোকে গ্রহণ করা হয়েছে, যাতে দেশের আয়কর আইন আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকে। সরকার আশা করছে, এই নতুন বাধ্যবাধকতার ফলে কর সচেতনতা বাড়বে এবং বেশি মানুষ আয়কর রিটার্ন জমা দিতে আগ্রহী হবেন।
