আগামী ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)।
এক বিজ্ঞপ্তিতে বিজিএমইএ জানিয়েছে, সরকার ঘোষিত সাধারণ ছুটির প্রতি সংহতি জানিয়ে এবং গণআন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকার ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে সাধারণ ছুটি ঘোষণা করে। তবে পোশাক কারখানাগুলো বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ধারা ১১৮ ও শ্রম বিধিমালা, ২০১৫-এর বিধি ১১০ অনুযায়ী বছরে নির্ধারিত ১১ দিনের উৎসব ছুটির বাইরে অন্য কোনও সাধারণ ছুটিতে আইনত বাধ্য নয়।”
এ অবস্থায় বিজিএমইএ আরও জানিয়েছে, “শহীদদের স্মরণে এবং সরকারের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে আমরা সংশ্লিষ্ট সব পোশাক কারখানাকে আগামী ৫ আগস্ট সাধারণ ছুটি হিসেবে কারখানা বন্ধ রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।”
প্রসঙ্গত, ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনের এক তাৎপর্যপূর্ণ দিন। শহীদদের স্মরণে দিনটি পালিত হয়ে থাকে। বিজিএমইএর এই উদ্যোগ পোশাক খাতের সামাজিক দায়িত্ববোধেরই প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

