চলতি ২০২৫ হিসাব বছরের প্রথমার্ধে পুঁজিবাজারে তালিকাভুক্ত এবি ব্যাংক পিএলসি ১ হাজার ৭৫৮ কোটি টাকা কর-পরবর্তী নিট লোকসানে পড়েছে। আগের বছরের একই সময়ে ব্যাংকটি কর-পরবর্তী ১৪ কোটি টাকা নিট মুনাফা করেছিল।
প্রথম প্রান্তিকে এবি ব্যাংকের নিট লোকসান হয় ২৫৫ কোটি টাকা। দ্বিতীয় প্রান্তিকে লোকসান আরও বেড়ে দাঁড়ায় ১ হাজার ৫০২ কোটি টাকায়। যেখানে আগের বছরের একই সময়ে ব্যাংকটির নিট মুনাফা ছিল ৩ কোটি ৭৪ লাখ টাকা।
দ্বিতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১৬ টাকা ৭৮ পয়সা, যা আগের বছর ছিল ৪ পয়সা ইপিএস। ৩০ জুন ২০২৫ শেষে শেয়ারপ্রতি নিট দায় দাঁড়িয়েছে ১২ টাকা ৩৩ পয়সায়। ব্যাংকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। গত বৃহস্পতিবার পরিচালনা পর্ষদের সভায় ২০২৫ সালের দ্বিতীয় প্রান্তিকের প্রতিবেদন অনুমোদন দেওয়া হয়।
২০২৪ হিসাব বছর শেষে এবি ব্যাংকের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২১ টাকা ২৮ পয়সা। আগের বছর (২০২৩) ইপিএস ছিল ১ টাকা। তাই ২০২৪ সালে বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ সুপারিশ করেনি ব্যাংকটির পর্ষদ। তবে ২০২৩ সালে ২ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছিল এবি ব্যাংক। ওই বছর শেয়ারপ্রতি ইপিএস ছিল ১ টাকা ২ পয়সা, যা আগের বছর ছিল ৮১ পয়সা (পুনর্মূল্যায়িত)। ৩১ ডিসেম্বর ২০২৩ শেষে এনএভিপিএস দাঁড়ায় ২৯ টাকা ৫৮ পয়সায়।
২০২২ হিসাব বছরেও ব্যাংকটি ২ শতাংশ স্টক লভ্যাংশ দেয়। ওই বছর ইপিএস ছিল ৮৩ পয়সা, আগের বছর যা ছিল ৮৬ পয়সা। সে বছর শেষে এনএভিপিএস ছিল ২৯ টাকা ৯২ পয়সা।
ব্যাংকটির ঋণমান দীর্ঘমেয়াদে ‘এ মাইনাস’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-২’। এই রেটিং দিয়েছে আরগুস ক্রেডিট রেটিং সার্ভিসেস লিমিটেড (এসিআরএসএল)। প্রতিষ্ঠানটি ৩১ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩১ মার্চ ২০২৫ পর্যন্ত অনিরীক্ষিত প্রতিবেদন ও অন্যান্য প্রাসঙ্গিক তথ্য বিশ্লেষণ করে এই রেটিং দেয়। ২০২৪ হিসাব বছরের আর্থিক প্রতিবেদন ও ঘোষিত লভ্যাংশসহ অন্যান্য এজেন্ডা অনুমোদনে আগামী ৫ আগস্ট সকাল ১০টায় হাইব্রিড পদ্ধতিতে এবি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।
১৯৮৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত এবি ব্যাংকের অনুমোদিত মূলধন ১ হাজার ৫০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৮৯৫ কোটি ৬৯ লাখ টাকা। ব্যাংকটির রিজার্ভ রয়েছে ১ হাজার ৭০১ কোটি ৭০ লাখ টাকা। মোট শেয়ারের সংখ্যা ৮৯ কোটি ৫৬ লাখ ৯৪ হাজার ৭৪৯টি।
এর মধ্যে ৩১ দশমিক ২১ শতাংশ উদ্যোক্তা পরিচালকদের হাতে। সরকার ০.৫৭ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ২২ দশমিক ৬৪ শতাংশ, বিদেশি বিনিয়োগকারী ০.৫৪ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৪৫ দশমিক ০৪ শতাংশ শেয়ার।

