ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-তে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে মো. ওমর ফারুক খানকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল রোববার বাংলাদেশ ব্যাংক থেকে জারি করা এক চিঠিতে তার নিয়োগের বিষয়টি জানানো হয়। ২০২৮ সালের ৩০ জুলাই পর্যন্ত তিনি এই পদে দায়িত্ব পালন করবেন।
এর আগে, গত ২৪ জুলাই বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে অনুষ্ঠিত ভাইভা বোর্ডে অংশ নেন ওমর ফারুক খান। সব প্রক্রিয়া শেষে নিয়ন্ত্রক সংস্থা তার নিয়োগ চূড়ান্ত করে। গত বছরের সেপ্টেম্বর থেকে তিনি ইসলামী ব্যাংকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) পদে দায়িত্ব পালন করছিলেন। এর আগে তিনি এনআরবি ব্যাংক লিমিটেডে ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) ছিলেন।
ব্যাংকিং খাতে ওমর ফারুক খানের অভিজ্ঞতা প্রায় চার দশকের। ৩৭ বছরের দীর্ঘ ক্যারিয়ারে তিনি ইসলামী ব্যাংকের আন্তর্জাতিক ব্যাংকিং উইং, প্রধান কার্যালয়, বিভাগ, জোন ও বিভিন্ন শাখায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি নেওয়ার পর ১৯৮৬ সালে ইসলামী ব্যাংকে তার কর্মজীবন শুরু হয়। পেশাগত দক্ষতা বাড়াতে তিনি সুইজারল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, থাইল্যান্ড, মালয়েশিয়া ও ভারতে অনুষ্ঠিত আন্তর্জাতিক ব্যাংকিং ও ক্রেডিট ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন।
১৯৮৩ সালে প্রতিষ্ঠিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রথম শরিয়াহভিত্তিক তফসিলি বাণিজ্যিক ব্যাংক। নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে ওমর ফারুক খানের দায়িত্ব গ্রহণ ব্যাংকের পরিচালনায় নতুন গতি আনবে বলে আশা সংশ্লিষ্টদের।

