২০২৫-২৬ বিপণন বর্ষে ইন্দোনেশিয়ায় ভুট্টা ও ধান উৎপাদন বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের ফরেন এগ্রিকালচারাল সার্ভিস। আগের মৌসুমে আবহাওয়াজনিত অস্বাভাবিকতার পর নতুন এই প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।
এফএএস-এর তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ মৌসুমে দেশটিতে ভুট্টা উৎপাদন হয়েছে প্রায় ১ কোটি ৩২ লাখ টন, যা আগের বছরের তুলনায় ৩.৯ শতাংশ বেশি। পরবর্তী বিপণন বর্ষে উৎপাদন আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। ২০২৫-২৬ সালে এটি ১ কোটি ৩৬ লাখ টনে পৌঁছাতে পারে। উৎপাদন বৃদ্ধির পেছনে বড় কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে বাড়তি আবাদি জমি ও উন্নত ফলন।
ভুট্টার সরবরাহ বাড়ার ফলে প্রাণিখাদ্য প্রস্তুতকারী ফিড মিলগুলো গমের ব্যবহার কমিয়ে ভুট্টার ওপর নির্ভরশীল হয়ে উঠছে। ২০২৪-২৫ সালে পোলট্রি ফিড উৎপাদন দাঁড়াবে ২ কোটি ১৪ লাখ টনে এবং মাছের খাদ্য বা অ্যাকুয়াফিড উৎপাদন হবে ১৮ লাখ টন। পরবর্তী বছরে পোলট্রি ফিড উৎপাদন ৩ শতাংশ বাড়তে পারে, যা ২ কোটি ৩৩ লাখ টনে পৌঁছাবে। তবে অ্যাকুয়াফিড উৎপাদন স্থির থাকবে বলে জানিয়েছে এফএএস।

ভুট্টার দাম কমে যাওয়ায় খাদ্য মিশ্রণে ভুট্টার অংশ ৪৫-৪৬ শতাংশ থেকে বাড়িয়ে ৪৮ শতাংশ করা হয়েছে। ২০২৫-২৬ মৌসুমে এটি বেড়ে ৫০ শতাংশে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস। ধান উৎপাদনেও ইতিবাচক প্রবণতা দেখা যাচ্ছে। ২০২৪-২৫ মৌসুমে ধান উৎপাদন কিছুটা কমে ৫ কোটি ৩৭ লাখ টনে নেমে এলেও ২০২৫ সালের জানুয়ারি থেকে আগস্টের মধ্যে এটি ১৪ শতাংশ বাড়বে বলে মনে করা হচ্ছে। এই সময়ের মধ্যে ধান উৎপাদন দাঁড়াবে ৪ কোটি ৩৩ লাখ টনে। এরপর অক্টোবর-নভেম্বরে কৃষকেরা নতুন মৌসুমের ফসল রোপণ শুরু করবেন।

অন্যদিকে, গম আমদানি ২০২৫-২৬ মৌসুমে ৪.৮ শতাংশ বেড়ে ১ কোটি ১০ লাখ টনে পৌঁছাতে পারে। ২০২৪-২৫ মৌসুমে ফিড গম আমদানির ওপর নিষেধাজ্ঞার কারণে গম আমদানি নেমে আসে ১ কোটি ৫ লাখ টনে, যা আগের মৌসুমের তুলনায় প্রায় ১৯ শতাংশ কম। ২০২৩-২৪ মৌসুমে গম আমদানির পরিমাণ ছিল ১ কোটি ৩০ লাখ ১৫ হাজার টন।
এফএএস জানিয়েছে, দেশটিতে বেকারি, বিস্কুট, ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং গৃহস্থালির চাহিদা বাড়ছে। এই কারণে গমের চাহিদাও বাড়ছে। বর্তমানে ইন্দোনেশিয়ায় ৩১টি আটা কল চালু রয়েছে, যেগুলোর সম্মিলিত বার্ষিক উৎপাদন সক্ষমতা ১ কোটি ৪৮ লাখ টন।

