অপরিশোধিত জ্বালানি তেল উৎপাদনকারী দেশগুলোর জোট ওপেক প্লাস আগামী সেপ্টেম্বর থেকে দৈনিক ৫ লাখ ৪৭ হাজার ব্যারেল উৎপাদন বাড়ানোর ঘোষণা দিয়েছে। বাজারে অংশীদারত্ব পুনরুদ্ধার ও সরবরাহ ঘাটতির শঙ্কা মাথায় রেখে এই সিদ্ধান্ত নিয়েছে জোটটি। খবর রয়টার্স।
গতকাল (৩ আগস্ট) সংক্ষিপ্ত এক ভার্চুয়াল বৈঠকে ওপেক প্লাসের আটটি সদস্য দেশ এই সিদ্ধান্তে একমত হয়। খাতসংশ্লিষ্টরা মনে করছেন, রাশিয়ার জ্বালানি সরবরাহে ঘাটতির সম্ভাবনা উৎপাদন বাড়ানোর অন্যতম কারণ।
বৈঠকের আগে যুক্তরাষ্ট্র, ভারতের ওপর চাপ বাড়ায়। ওয়াশিংটন চায়, ভারত যেন রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি বন্ধ করে। যুক্তরাষ্ট্রের ধারণা, চাপ বাড়লে মস্কো ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনায় বসতে বাধ্য হবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি চান ৮ আগস্টের মধ্যে আলোচনায় অগ্রগতি হোক।
ওপেক প্লাস জানিয়েছে, বৈশ্বিক অর্থনীতি জোরদার ও মজুদ কমে আসায় তারা উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এর মাধ্যমে আগের দৈনিক ২৮ লাখ ব্যারেল উৎপাদন কাটছাঁট পুরোপুরি প্রত্যাহার করা হলো। একই সঙ্গে সংযুক্ত আরব আমিরাতকে অতিরিক্ত ২ লাখ ৫০ হাজার ব্যারেল উৎপাদনের অনুমতি দেওয়া হয়েছে।
এর আগে এপ্রিল থেকে ধাপে ধাপে উৎপাদন বাড়ায় জোটটি। শুরুতে দৈনিক ১ লাখ ৩৮ হাজার ব্যারেল উৎপাদন বাড়ানো হয়। এরপর মে, জুন ও জুলাইয়ে প্রতিমাসে ৪ লাখ ১১ হাজার ব্যারেল করে বৃদ্ধি পায়। আগস্টে তা দাঁড়ায় ৫ লাখ ৪৮ হাজার ব্যারেলে এবং সেপ্টেম্বরে হবে ৫ লাখ ৪৭ হাজার ব্যারেল।
বিশ্বে অপরিশোধিত জ্বালানি তেলের প্রায় অর্ধেক উৎপাদন নিয়ন্ত্রণ করে ওপেক প্লাস। ওপেকের বাইরের ১০টি দেশও এই জোটে আছে। এর মধ্যে রাশিয়া ও কাজাখস্তান গুরুত্বপূর্ণ সদস্য। বর্তমানে তেলের দাম উচ্চ পর্যায়ে রয়েছে। আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম শুক্রবার ব্যারেলপ্রতি ৭০ ডলার ছুঁই ছুঁই, যা এ বছরের এপ্রিলের ৫৮ ডলার থেকে অনেক বেশি।
আগামী ৭ সেপ্টেম্বর আবার বৈঠকে বসবে ওপেক প্লাস। সেখানে দৈনিক ১৬ লাখ ৫০ হাজার ব্যারেল স্বেচ্ছায় উৎপাদন হ্রাস ২০২৬ সালের শেষ পর্যন্ত বহাল রাখার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হতে পারে। এছাড়া ২০ লাখ ব্যারেল কাটছাঁটও বহাল থাকবে কি না, তা নিয়ে আলোচনার কথা রয়েছে।
এদিকে, রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের শাস্তিমূলক হুমকির পরও ভারত রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করবে না। দেশটির সরকারি দুই সূত্র এমনটি নিশ্চিত করেছে।

