বিদেশে কর্মরত বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্সে ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত রয়েছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে রেমিট্যান্স এসেছে ২ দশমিক ৪৮ বিলিয়ন ডলার, অর্থাৎ ২৪৭ কোটি ৭৯ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩০ হাজার ২৩৯ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১৯১ কোটি ৩৮ লাখ ডলার। সে হিসাবে চলতি বছরের জুলাইয়ে রেমিট্যান্স বেড়েছে ৫৬ কোটি ৪১ লাখ ডলার, যা টাকায় প্রায় ৬ হাজার ৮৮২ কোটি টাকা।
রেমিট্যান্সের বড় অংশ এসেছে বেসরকারি ব্যাংকের মাধ্যমে। এই ব্যাংকগুলো দিয়ে এসেছে ১৬৮ কোটি ৯৭ লাখ ৬০ হাজার ডলার। রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৪ কোটি ৭৬ লাখ ৩০ হাজার ডলার এবং বিশেষায়িত ব্যাংকের (বাংলাদেশ কৃষি ব্যাংক) মাধ্যমে এসেছে ২২ কোটি ৯২ লাখ ২০ হাজার ডলার। বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১ কোটি ১৩ লাখ ডলার।
এর আগে ২০২৪-২৫ অর্থবছরের শেষ মাস জুনে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে দেশে পাঠিয়েছিলেন ২৮১ কোটি ৮০ লাখ ডলার (২.৮২ বিলিয়ন ডলার)। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩৪ হাজার ৪০৪ কোটি টাকা। গড়ে প্রতিদিন রেমিট্যান্স এসেছে ৯ কোটি ৪০ লাখ ডলার বা প্রায় ১ হাজার ১৪৭ কোটি টাকা। জুনের এ রেমিট্যান্স একক মাস হিসেবে তৃতীয় সর্বোচ্চ। তার আগে মে মাসে এসেছে ২.৯৭ বিলিয়ন ডলার, যা দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। মার্চে এসেছিল সর্বোচ্চ ৩.২৯ বিলিয়ন ডলার।
সম্পূর্ণ ২০২৪-২৫ অর্থবছরে (জুলাই-জুন) মোট রেমিট্যান্স এসেছে ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের তুলনায় ২৬ দশমিক ৮ শতাংশ বেশি। ২০২৩-২৪ অর্থবছরে এই অঙ্ক ছিল ২৩ দশমিক ৯১ বিলিয়ন ডলার। বিগত বছরের মাসভিত্তিক রেমিট্যান্স প্রবাহ ছিল এমন:
- জুলাই: ১৯১ কোটি ৩৭ লাখ ৭০ হাজার ডলার
- আগস্ট: ২২২ কোটি ১৩ লাখ ২০ হাজার
- সেপ্টেম্বর: ২৪০ কোটি ৪১ লাখ
- অক্টোবর: ২৩৯ কোটি ৫০ লাখ
- নভেম্বর: ২২০ কোটি
- ডিসেম্বর: ২৬৪ কোটি
- জানুয়ারি: ২১৯ কোটি
- ফেব্রুয়ারি: ২৫৩ কোটি
- মার্চ: ৩২৯ কোটি
- এপ্রিল: ২৭৫ কোটি
- মে: ২৯৭ কোটি
- জুন: ২৮২ কোটি ডলার

