ব্যাংকিং খাতকে ঝুঁকিভিত্তিক তদারকির আওতায় আনতে এবং আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করতে নতুন একটি বিভাগ চালু করেছে বাংলাদেশ ব্যাংক। এর নাম ‘সুপারভাইজরি পলিসি অ্যান্ড কো-অর্ডিনেশন ডিপার্টমেন্ট’।
আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রাখতেই বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এই বিভাগ চালু করা হয়েছে। এ উদ্যোগ বাস্তবায়নে উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদন নেওয়া হয়েছে।
নতুন এই বিভাগটি মূলত ঝুঁকিভিত্তিক তদারকির প্রয়োগে নীতিনির্ধারণ, বিভিন্ন বিভাগ ও সংস্থার মধ্যে সমন্বয়, কর্মপরিকল্পনা তৈরি এবং সংশ্লিষ্টদের দক্ষতা উন্নয়নে নেতৃত্ব দেবে। এছাড়া, আধুনিক তদারকি কাঠামো গড়ে তোলার লক্ষ্যে সুপারভিশন কার্যক্রমের সার্বিক দিকনির্দেশনা দেবে এসপিসিডি।
এ বিভাগের মাধ্যমে আর্থিক খাতের দীর্ঘমেয়াদি সংস্কার প্রক্রিয়া বাস্তবায়নে গতি আসবে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যে ঝুঁকি ব্যবস্থাপনা সংক্রান্ত যাবতীয় কার্যক্রমের জন্য সব তফসিলি ব্যাংক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

