আগামী মঙ্গলবার, ৫ আগস্ট দেশজুড়ে পালিত হবে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’। দিনটি উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার। চলতি বছরের শুরুতে সরকার ৫ আগস্টকে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়।
এরপর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়, দিবসটি ‘জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন-সংক্রান্ত পরিপত্রের ক শ্রেণিভুক্ত’ দিবস হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। অর্থাৎ, দিনটি প্রতিবছর জাতীয়ভাবে পালিত হবে এবং থাকবে সাধারণ ছুটি।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় ৫ আগস্ট সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। ওইদিন ব্যাংকে সরাসরি লেনদেন, চেক ক্লিয়ারিং বা অন্যান্য সেবা পাওয়া যাবে না। তবে এটিএম, অনলাইন ও মোবাইল ব্যাংকিংয়ের মতো ডিজিটাল সেবা চালু থাকবে। সব ধরনের ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান—যেমন লিজিং কোম্পানি, কনজুমার ফাইন্যান্স এবং মাইক্রোফাইন্যান্স প্রতিষ্ঠানগুলোও এদিন বন্ধ থাকবে।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ঘোষণায় বলা হয়েছে, ৫ আগস্ট ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)-এ কোনো শেয়ার লেনদেন হবে না। সরকারি, আধা-সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো এদিন বন্ধ থাকবে। কিছু বেসরকারি প্রতিষ্ঠান নিজস্ব সিদ্ধান্ত অনুযায়ী ছুটি দিতে পারে।

