অর্থনীতি নিয়ে যারা একতরফাভাবে সমালোচনা করেন, তাদের উদ্দেশে অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ‘সমালোচনা থাকতেই পারে। তবে অনেক অর্থনীতিবিদ কিছুই দেখেন না। আসলে দেখতে হলে দৃষ্টি লাগে, অন্তর্দৃষ্টি লাগে। যদি দেখতে না চায়, তবে দেখা সম্ভব নয়।’
আজ সোমবার (৪ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদর দপ্তরে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এনবিআরের উদ্যোগে আয়োজিত এ সেমিনারে ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে আয়কর, ভ্যাট ও কাস্টমস সংক্রান্ত পরিবর্তন গণমাধ্যমের সামনে তুলে ধরা হয়। একইসঙ্গে ২০২৫-২৬ কর বছরের ই-রিটার্নের উদ্বোধনও করা হয়। সেমিনারে সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান। বক্তব্য দেন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সভাপতি দৌলত আক্তার মালা।
ড. সালেহউদ্দিন বলেন, ‘অর্থনীতির ইতিবাচক দিকগুলোও তুলে ধরতে হবে। অনেক জুনিয়র অর্থনীতিবিদ আছেন, যারা কিছুই দেখেন না—তাদের সবাইকেই আমি চিনি। ১৯৭০ সাল থেকে শিক্ষকতা করছি, সবাই আমার ছাত্র। যারা কিছুই দেখেন না, তাদের উদ্দেশ্যে বলি—দেখতে হলে চোখ থাকতে হবে, মন থাকতে হবে।’
সরকারের সমালোচনার পাশাপাশি সাফল্যের দিকগুলোও প্রচারের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘গ্লাসের খালি অংশ নয়, ভরা অংশ দেখুন। শুরুতেই যদি বলেন অনেক কিছু নেই, তাহলে আর কী থাকে! সূক্ষ্ম দিক থাকতে পারে, কিন্তু তা বাদ দিয়ে ভালো দিকগুলোও সামনে আনতে হবে।’
স্বচ্ছতা প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, ‘আমি সবসময় বলি—স্বচ্ছতা দিনের আলোতেই বের হয়ে আসে। আমার প্রিয় কথা “সানশাইন ইজ দ্য বেস্ট এন্টিসেপটিক।” যতই সেভলন বা ডেটল ব্যবহার করি না কেন, ডাক্তাররা কিন্তু ড্রেসিংয়ের সময় কেবল একটু মুছে দেন—আর কিছুই দেন না।’
অনলাইনে আয়কর রিটার্ন প্রক্রিয়া আরও সহজ করার পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘আমার বয়স ৬৫-এর বেশি। আমি টেক সেভি না। কেবল ফোনে মেসেজ নিতে পারি আর ইমেইল করতে পারি। এর বাইরে গেলে আটকে যাই। এটা শুধু আমার না—এটা অনেকের ক্ষেত্রেই সত্যি। এই ব্যবস্থাটি এমন হওয়া উচিত যেন সবাই বুঝতে পারে ও ব্যবহার করতে পারে।’
সেমিনারে ইআরএফ সভাপতি দৌলত আক্তার মালা বলেন, ‘বাজেটের পর সরকার একটি সংবাদ সম্মেলন করলেও এনবিআরের পক্ষ থেকে পরিষ্কার করে বলা হয় না—কী ধরনের পরিবর্তন এসেছে। ফলে অনেক সময় আমরা ভুল বার্তা পাই, যা জনগণকে বিভ্রান্ত করে।’ তিনি প্রস্তাব করেন, ‘বাজেট পাসের পর যারা এনবিআর নিয়ে রিপোর্টিং করেন, তাদের সঙ্গে একটি সেমিনার করা উচিত। এতে গণমাধ্যমকর্মীরা বুঝতে পারবেন কোন পরিবর্তন কেন আনা হয়েছে এবং তা কতটা রাজস্ববান্ধব। এতে ভুল বোঝাবুঝি কমবে।’ সেমিনারে এনবিআরের সংশ্লিষ্ট কর্মকর্তারা বাজেটের পরিবর্তন বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন। এতে আয়কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের সদস্যরা অংশ নেন।

