করোনার পর বৈশ্বিক মন্দায় টানা দুই বছর নিম্নমুখী থাকার পর আবার ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশের সাইকেল রপ্তানি খাত। সদ্য সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরে এই খাতে রপ্তানি বেড়ে দাঁড়িয়েছে ১১৭ মিলিয়ন ডলারে। যা আগের বছরের তুলনায় প্রায় ৪১ শতাংশ বেশি।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সাম্প্রতিক তথ্যে দেখা গেছে, ২০২৩-২৪ অর্থবছরে সাইকেল রপ্তানি নেমে গিয়েছিল ৮৩ মিলিয়ন ডলারে—যা ছিল গত পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন। অথচ ২০২১-২২ অর্থবছরে রপ্তানি হয়েছিল সর্বোচ্চ ১৬৮ মিলিয়ন ডলার।
মেঘনা গ্রুপ অব কোম্পানিজের চীফ অপারেটিং অফিসার মো. লুৎফুল বারী জানান, কোভিডের সময় ইউরোপে ব্যক্তিগত ও পরিবেশবান্ধব চলাচলের চাহিদা বেড়ে যাওয়ায় সাইকেল জনপ্রিয় হয়ে ওঠে। ফলে ২০২১-২২ অর্থবছরে রপ্তানিতে রেকর্ড প্রবৃদ্ধি আসে। তবে ২০২৩ সালে পরিস্থিতি বদলে যায়। বৈশ্বিক অর্থনীতি সচল হওয়ার পর সাইকেলের চাহিদা কমে যায়। খুচরা বিক্রেতাদের হাতে জমে থাকা অতিরিক্ত মজুত বাজারে নেতিবাচক প্রভাব ফেলে। এর সঙ্গে যুক্ত হয় ইউরোপে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব। লুৎফুল বারী বলেন, “এই ভূরাজনৈতিক সংকট সরাসরি সাইকেল বাজারে নেতিবাচক প্রভাব ফেলেছে।”

শিল্প-সংশ্লিষ্টরা বলছেন, এখন যে প্রবৃদ্ধি দেখা যাচ্ছে, তা বাজারে স্থিতিশীলতার প্রাথমিক সংকেত। পরিবহন খরচ কমে যাওয়া, সরবরাহ ব্যবস্থার উন্নতি এবং সাশ্রয়ী যাতায়াতের দিকে ঝোঁক থাকায় ক্রেতারা আবার ফিরছেন। লুৎফুল বারী জানান, আন্তর্জাতিক ক্রেতারা নতুন করে অর্ডার দিচ্ছেন। এতে রপ্তানি ধীরে ধীরে বাড়ছে।
এদিকে, আরেক রপ্তানিকারক প্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপের মার্কেটিং ডিরেক্টর কামরুজ্জামান কামাল জানিয়েছেন, তাদের কোম্পানি গত অর্থবছরে প্রায় ২০ শতাংশ রপ্তানি প্রবৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, “আমরা যুক্তরাষ্ট্রসহ কয়েকটি নতুন বাজারে পণ্য পাঠাচ্ছি। ইউরোপীয় বাজারেও মাঝারি মাত্রায় বিক্রি বেড়েছে। পাশাপাশি পণ্যের গুণগত মান ও নকশায় উন্নয়ন এনেছি, যা রপ্তানিতে ইতিবাচক প্রভাব ফেলেছে।”
বিশেষ ধরনের হালকা ও বৈদ্যুতিক সাইকেলের দিকে মনোযোগ দিচ্ছে বাংলাদেশি কোম্পানিগুলো। কামরুজ্জামান জানান, তারা ইতিমধ্যে বৈদ্যুতিক সাইকেল বাজারে এনেছেন। তবে তা একেবারে নতুন নয়, বরং আন্তর্জাতিক চাহিদা অনুযায়ী বিদ্যমান পণ্যের পরিমার্জন। তিনি বলেন, “আকার ও নিরাপত্তা সংক্রান্ত কিছু কারিগরি বিষয় ছিল, যা সংশোধন করতে হয়েছে। এই সমন্বয়গুলো আন্তর্জাতিক বাজারে প্রবেশের জন্য খুব গুরুত্বপূর্ণ।”
তবে এখনও সাইকেল রপ্তানি ২০২১-২২ অর্থবছরের তুলনায় প্রায় ৩০ শতাংশ কম। উৎপাদন খরচ বৃদ্ধি এবং কম্বোডিয়া, ভিয়েতনামের মতো কম খরচে উৎপাদনকারী দেশের সঙ্গে প্রতিযোগিতা বাড়তি চাপ তৈরি করছে। তবু মেঘনা গ্রুপের লুৎফুল বারী আশাবাদী। তিনি মনে করেন, বাজার পুরোপুরি স্থিতিশীল হলে এবং ক্রেতারা আগের মতো কেনাকাটা শুরু করলে রপ্তানিতে আরও প্রবৃদ্ধি আসবে।

