জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সরকারি ছুটির কারণে আগামীকাল (মঙ্গলবার ৫ আগস্ট) দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল দিয়ে পণ্য আমদানি-রপ্তানিসহ বন্দর ও কাস্টমসের কার্যক্রম বন্ধ থাকবে। তবে পাসপোর্টধারী যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার সরকারি ছুটির দিন হওয়ায় ভারত থেকে কোনো পণ্য আমদানি-রপ্তানি হবে না। তবে বুধবার, ৬ আগস্ট সকাল থেকে পুনরায় বাণিজ্যিক কার্যক্রম চালু হবে।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন মুন্সি বলেন, “বন্দরে পণ্য আদান-প্রদান বন্ধ থাকলেও ইমিগ্রেশন কার্যক্রম আগের মতোই চালু থাকবে। ফলে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াতে কোনো বিঘ্ন ঘটবে না।” এ বিষয়ে বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার জানান, বুধবার সকাল থেকে পূর্ণমাত্রায় আমদানি-রপ্তানি শুরু হবে। তবে ছুটির দিনেও ভারতীয় খালি ট্রাকগুলো পণ্য খালাস শেষে নিজ দেশে ফিরে যেতে পারবে।

