বাংলাদেশের অর্থনীতির চালিকাশক্তি এখন আর শুধু কৃষি নয়, শিল্প ও উৎপাদন খাতও আজ দেশের প্রবৃদ্ধির বড় ভিত্তি। বিশেষ করে তৈরি পোশাক, চামড়া, ইলেকট্রনিকস ও প্লাস্টিক শিল্পে বিগত এক দশকে যে অগ্রগতি হয়েছে, তা বৈদেশিক মুদ্রা আয় থেকে শুরু করে কর্মসংস্থান সৃষ্টিতে বড় অবদান রেখেছে। কিন্তু সাম্প্রতিক সময়ে শিল্প খাতে এক অদৃশ্য সংকট ক্রমশ: ঘনীভূত হচ্ছে, আর সেটি হলো আমদানি পর্যায়ে অতিরিক্ত শুল্ক ও করের চাপ।
২০২৪-২৫ অর্থবছরের বাজেটে কাঁচামাল, যন্ত্রাংশ ও প্রযুক্তি আমদানিতে যেভাবে শুল্ক, নিয়ন্ত্রণমূলক শুল্ক ও মূল্য সংযোজন কর আরোপ করা হয়েছে, তা দেশের শিল্পপ্রতিষ্ঠানগুলোর উৎপাদন সক্ষমতায় নেতিবাচক প্রভাব ফেলছে। অনেক শিল্পোদ্যোক্তা বাধ্য হয়ে উৎপাদন কমাচ্ছেন, কিছু কারখানা বন্ধ হয়ে যাচ্ছে এবং নতুন বিনিয়োগেও দেখা দিচ্ছে অনীহা। এতে শুধু শিল্প নয়, কর্মসংস্থান, রপ্তানি এবং সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিও হুমকির মুখে পড়ছে।
বর্তমান ২০২৪–২৫ অর্থবছরের বাজেটে শিল্পখাতে ব্যবহৃত কাঁচামাল, যন্ত্রাংশ ও প্রযুক্তিপণ্যের আমদানির ওপর যে হারে শুল্ক, নিয়ন্ত্রণমূলক শুল্ক ও সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছে, তা দেশের শিল্পকারখানার ওপর সরাসরি চাপ সৃষ্টি করেছে। কিছু ক্ষেত্রে মোট শুল্কহার ৩০ শতাংশ থেকে শুরু করে ৬০ শতাংশ পর্যন্ত উঠে গেছে, যার ফলে উৎপাদন ব্যয় অস্বাভাবিক হারে বেড়েছে। এই অতিরিক্ত ব্যয় বহন করতে গিয়ে অনেক প্রতিষ্ঠান বিপাকে পড়ছে এবং এর প্রভাব পড়ছে উৎপাদন, কর্মসংস্থান ও রপ্তানির ওপর।
বিশেষ করে যেসব শিল্প কাঁচামালের জন্য পুরোপুরি আমদানির ওপর নির্ভরশীল যেমন: ইলেকট্রনিকস, বস্ত্র, প্যাকেজিং, কেমিক্যাল ও গার্মেন্টস অ্যাক্সেসরিজ, তারা বহুমুখী সমস্যায় পড়েছে। একদিকে কাঁচামালের দাম বেড়েছে, অন্যদিকে ডলারের মূল্যবৃদ্ধির কারণে আমদানির খরচ দ্বিগুণ হয়েছে। শুধু উৎপাদন নয়, সরবরাহ চেইনেও এর নেতিবাচক প্রভাব পড়ছে।
শিল্পোদ্যোক্তারা বলছেন, বর্তমানে তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে টিকে থাকা। অতিরিক্ত শুল্ক ও মুদ্রার অস্থিরতার কারণে কাঁচামাল সংগ্রহ কঠিন হয়ে পড়েছে। ফলে অনেক কারখানা উৎপাদন সীমিত করে ফেলেছে, আবার কেউ কেউ সাময়িকভাবে কার্যক্রম বন্ধ করে দিয়েছে। এতে বিদ্যমান শিল্পগুলোর সক্ষমতা কমে যাচ্ছে এবং নতুন বিনিয়োগে অনীহা তৈরি হয়েছে।
এছাড়া বৈদেশিক ঋণের কিস্তি পরিশোধে চাপ, রপ্তানির ক্রয়াদেশ কমে যাওয়া ও ব্যাংকিং খাতে ঋণসংকট পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। শিল্প প্রতিষ্ঠানগুলো কাঁচামাল আমদানির জন্য প্রয়োজনীয় অর্থ জোগাড় করতেও হিমশিম খাচ্ছে। এসব সংকট একসঙ্গে মিলে শিল্পোৎপাদনকে ব্যাহত করছে, কর্মসংস্থান হ্রাস পাচ্ছে এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
ক্ষুদ্র ও মাঝারি শিল্প সবচেয়ে বেশি ঝুঁকিতে
বাংলাদেশের শিল্পখাতের বড় একটি অংশ পরিচালিত হয় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের দ্বারা। পরিসংখ্যান বলছে, দেশে প্রায় ৯০ শতাংশ শিল্প-ইউনিট ক্ষুদ্র ও মাঝারি শিল্পের আওতাভুক্ত। এই উদ্যোক্তারা মূলতঃ ব্যাংক ঋণের ওপর নির্ভরশীল এবং কাঁচামাল আমদানির জন্য প্রয়োজনীয় মূলধন জোগাড় করাই তাদের বড় চ্যালেঞ্জ। বর্তমান পরিস্থিতিতে অতিরিক্ত শুল্ক আরোপ এবং ব্যাংক ঋণের উচ্চ সুদহার তাদের অবস্থাকে আরও দুর্বল করে তুলেছে।
ব্যাংকিং খাতে চলমান ডলার সংকট ও কেন্দ্রীয় ব্যাংকের কড়াকড়ি নীতির কারণে এখন সহজে ঋণ পাওয়া যাচ্ছে না। ডলারের দাম বেড়ে যাওয়ায় আমদানি ব্যয়ও অনেক বেড়ে গেছে। ফলে অনেক ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান উৎপাদন কমিয়ে দিতে বাধ্য হচ্ছে। অনেক প্রতিষ্ঠান আগের মতো নতুন অর্ডার নিতে পারছে না, কারণ উৎপাদনের খরচ মেটানো তাদের পক্ষে সম্ভব হচ্ছে না।
সবচেয়ে আশঙ্কার বিষয় হলো, অনেক ক্ষুদ্র শিল্প ইতিমধ্যে কার্যক্রম বন্ধ করে দিয়েছে বা বড় ধরনের লোকসানের মুখে পড়েছে। এর সরাসরি প্রভাব পড়ছে শ্রমজীবী মানুষের ওপর। উৎপাদন কমে যাওয়ায় কর্মসংস্থান হ্রাস পাচ্ছে, যা দিনমজুর, কারিগর ও নিম্নআয়ের মানুষের জীবিকা অনিশ্চয়তার মুখে ঠেলে দিচ্ছে। ফলে শুধু শিল্প নয় সামগ্রিকভাবে দেশের অর্থনীতি, বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির জীবনযাত্রাও এই সংকটের প্রভাব থেকে মুক্ত নয়। শিল্পখাতকে চাঙা করতে হলে এই ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য বিশেষ ছাড়, সহজ শর্তে ঋণ এবং শুল্কসুবিধা নিশ্চিত করাই এখন সময়ের দাবি।
রপ্তানি হ্রাস এবং বৈদেশিক মুদ্রা সংকট আন্তর্জাতিক বাজারে পণ্যের চাহিদা কমে যাওয়া এবং দেশের অভ্যন্তরে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় বাংলাদেশ রপ্তানি প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে। সবচেয়ে বেশি প্রভাব পড়েছে তৈরি পোশাক খাতের ওপর, যা দেশের প্রধান রপ্তানি খাত এবং মোট রপ্তানি আয়ের প্রায় ৮০ শতাংশের যোগানদাতা। বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার কারণে বিদেশি ক্রেতারা নতুন অর্ডার কমিয়ে দিচ্ছে। অন্যদিকে দেশের ভেতরে কাঁচামাল, জ্বালানি ও পরিবহন খরচ বৃদ্ধি এবং উচ্চ শুল্ক আরোপের কারণে পোশাকসহ বিভিন্ন শিল্পের উৎপাদন খরচ বেড়ে গেছে।
বিশেষ করে ২০২৪–২৫ অর্থবছরের বাজেটে শিল্প-সংশ্লিষ্ট অনেক কাঁচামাল, যন্ত্রাংশ ও প্রযুক্তিপণ্যের ওপর ৩০ থেকে ৬০ শতাংশ পর্যন্ত আমদানি শুল্ক, নিয়ন্ত্রক শুল্ক এবং সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছে। এর ফলে কাঁচামাল সংগ্রহে ব্যয় বেড়েছে এবং উৎপাদন ব্যাহত হচ্ছে। ফলে বাংলাদেশ যখন উচ্চ খরচে পণ্য তৈরি করছে, তখন অন্যান্য দেশ তুলনামূলক কম খরচে একই পণ্য তৈরি করে বাজার দখল করছে। এতে আমাদের রপ্তানিকারকরা প্রতিযোগিতায় টিকতে পারছেন না।
তবে আশার কথা হলো, প্রবাসী আয়ের প্রবাহ স্থিতিশীল রয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুন মাস শেষে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩১ দশমিক ৬৮ বিলিয়ন মার্কিন ডলার, যা আগের কয়েক বছরের তুলনায় অনেক বেশি। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছেন, ঈদুল আজহার সময় এবং অর্থবছরের শেষভাগে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বেড়ে যাওয়ায় এই রিজার্ভ বাড়াতে বড় অবদান রেখেছে।
এই প্রেক্ষাপটে বোঝা যায়, বৈশ্বিক অর্থনৈতিক চাপে রপ্তানি খাত কিছুটা দুর্বল হলেও, প্রবাসী আয় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে স্থিতিশীল রাখতে এখনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তবে দীর্ঘমেয়াদে রপ্তানিকে টিকিয়ে রাখতে হলে উৎপাদন খরচ কমাতে হবে এবং শুল্ক নীতিতে শিল্পবান্ধব সংস্কার আনতে হবে।
বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় রাজস্ব আদায়ের জন্য শুল্ক হার বাড়ানোর বিষয়টি সরকার যৌক্তিক বলে দাবি করছে। তবে বাস্তবে এই সিদ্ধান্তের প্রভাব শিল্প খাতে পড়ছে ভয়াবহভাবে। অতিরিক্ত শুল্কের বোঝা শিল্পপ্রতিষ্ঠানগুলোর উৎপাদন ব্যয় বাড়িয়ে দিয়েছে, যা শেষ পর্যন্ত দেশের কর্মসংস্থান, রপ্তানি এবং প্রবৃদ্ধিকে নেতিবাচকভাবে প্রভাবিত করছে।
অর্থনীতিবিদরা সতর্ক করে বলছেন, রাজস্ব আদায়ের চাপ যদি উৎপাদনের ওপর দেওয়া হয়, তাহলে স্বল্পমেয়াদে আয় বাড়লেও দীর্ঘমেয়াদে তা অর্থনীতির জন্য আত্মঘাতী হতে পারে। এতে উদ্যোক্তারা নতুন বিনিয়োগ থেকে বিরত থাকবেন, শিল্পের বিস্তার থমকে যাবে এবং দেশ প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে। এই পরিস্থিতিতে সরকারের কর নীতিতে ভারসাম্য আনা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। জাতীয় রাজস্ব বোর্ড (NBR) ও অর্থ মন্ত্রণালয়ের উচিত শিল্পখাতভিত্তিক শুল্কনীতি পুনর্বিবেচনা করা। যেসব কাঁচামাল সরাসরি উৎপাদনের সঙ্গে জড়িত, সেগুলোর ওপর শুল্ক হ্রাসের উদ্যোগ নিতে হবে।
একইসাথে ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে টিকিয়ে রাখতে করছাড়, সহজ শর্তে ঋণ ও বিশেষ প্রণোদনা দিতে হবে। পাশাপাশি ডলার লেনদেনের ক্ষেত্রে স্থিতিশীলতা নিশ্চিত করতে হবে, যাতে আমদানি ব্যয় নিয়ন্ত্রণে রাখা যায় এবং বৈদেশিক বাণিজ্যে আস্থা ফিরে আসে।
বর্তমানে শিল্প খাত শুধু দেশের অর্থনীতির ভিত্তিই নয়, কর্মসংস্থানের অন্যতম প্রধান উৎস। তাই এই খাতকে চাপে না ফেলে, কার্যকর ও বাস্তবভিত্তিক নীতিনির্ধারণের মাধ্যমে দেশকে অর্থনৈতিক স্থিতিশীলতার দিকে এগিয়ে নিতে হবে।

