তরুণ প্রজন্মকে উৎসাহিত করতে আয়োজিত ‘তারুণ্যের উৎসব’ এবার শুধু ক্রীড়াঙ্গনে সীমাবদ্ধ থাকছে না, ব্যাংক কর্মকর্তারাও থাকছেন এতে সরব উপস্থিতিতে। বাংলাদেশ ব্যাংক দেশের সব ব্যাংককে এই উৎসবে অংশ নিতে বলেছে—তাও আবার নিজস্ব ব্যানার নিয়ে শোভাযাত্রায় হাঁটার নির্দেশ দিয়ে।
আগামী মঙ্গলবার, ৫ আগস্ট ঢাকার নভোথিয়েটার, বিজয় সরণি ও তেজগাঁও এলাকায় দুপুর ১টায় এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। আর এই কর্মসূচিকে সফল করতে ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের কাছে বিশেষ চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।
চিঠিতে বলা হয়েছে, উৎসবটি শুধু একটি আনুষ্ঠানিক আয়োজন নয়—এটি সরকারের তরুণ প্রজন্মকেন্দ্রিক কর্মসূচির অংশ। তাই দেশের আর্থিক খাতের গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে প্রতিটি ব্যাংকের নিজস্ব ব্যানারসহ সরব উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে।
চিঠি পাওয়ার পর থেকেই ব্যাংকগুলো নিজেদের প্রস্তুত করতে শুরু করেছে। কেউ ব্যানার তৈরি করছে, কেউ আবার প্রধান কার্যালয় থেকে ঢাকার শাখাগুলোর কর্মকর্তাদের অংশ নিতে বলেছে।
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান জানান, “বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে আমরা নির্দেশনা পেয়েছি। আমাদের একটি প্রতিনিধি দল শোভাযাত্রায় অংশ নেবে। সে অনুযায়ী প্রস্তুতি নিচ্ছি।”
এই উদ্যোগকে কেউ কেউ দেখছেন তরুণদের প্রতি সরকারের ইতিবাচক বার্তা হিসেবে, আবার কারও মতে এটি অনেকটা প্রাতিষ্ঠানিক অংশগ্রহণ নিশ্চিত করার রুটিন নির্দেশনা। তবে দিনশেষে লক্ষ্য একটাই—তরুণদের নিয়ে একটি উদ্দীপনাময়, প্রাণবন্ত উৎসবের আয়োজন।

