ইরানের জাতীয় মুদ্রা রিয়াল থেকে চারটি শূন্য কমানোর উদ্যোগ নিয়েছে দেশটির আইনপ্রণেতারা। আর্থিক লেনদেন সহজ করতেই এই পদক্ষেপ নিচ্ছে তারা। আজ সোমবার (৪ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
আজ রোববার ইরানের পার্লামেন্টে বহুদিন আগের একটি প্রস্তাব নতুন করে উত্থাপন করা হয়। মুদ্রার ধারাবাহিক অবমূল্যায়ন ও মূল্যস্ফীতির কারণে দেশের আর্থিক লেনদেন জটিল হয়ে ওঠায় এই সংস্কার জরুরি হয়ে পড়েছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।
ইরানের পার্লামেন্টের অর্থনৈতিক কমিশনের চেয়ারম্যান শামসেদ্দিন হোসেনির বরাত দিয়ে সংসদের ওয়েবসাইট ‘ইকানা’ এক বিবৃতিতে জানায়, বৈঠকে নতুন রিয়াল চালুর প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এই প্রক্রিয়ায় ১০ হাজার পুরোনো রিয়ালকে নতুন ১ রিয়াল হিসেবে গণ্য করা হবে। অর্থাৎ, বর্তমান মুদ্রা থেকে চারটি শূন্য বাদ যাবে। এছাড়া নতুন রিয়ালকে ১০০ ঘেরানে ভাগ করা হবে। ২০১৯ সালে প্রথমবার এই প্রস্তাব তোলা হলেও তখন তা অনুমোদন পায়নি।
অর্থনৈতিক কমিশনে প্রস্তাব অনুমোদনের পর এবার পার্লামেন্টে আনুষ্ঠানিকভাবে ভোট আয়োজন করা হবে। পার্লামেন্টে অনুমোদিত হলে প্রস্তাবটি পাঠানো হবে গার্ডিয়ান কাউন্সিলের কাছে, যাদের দায়িত্ব হলো যেকোনো আইনি প্রস্তাব যাচাই ও চূড়ান্ত অনুমোদন দেওয়া। তবে এই ভোট কবে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।
চলতি বছরের মে মাসে ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মোহাম্মাদ রেজা ফারজিন বলেন, তিনি এই পরিকল্পনা বাস্তবায়নের পথে এগোচ্ছেন। তিনি স্বীকার করেন, আন্তর্জাতিক অঙ্গনে রিয়ালের ভাবমূর্তি ভালো নয়। বর্তমানে রিয়াল এতটাই অবমূল্যায়িত যে, অনানুষ্ঠানিক মুদ্রাবাজারে রোববার এক মার্কিন ডলারের বিপরীতে রিয়ালের বিনিময় হার ছিল ৯ লাখ ২০ হাজার। স্থানীয় গণমাধ্যম ও মুদ্রা হার পর্যবেক্ষক ওয়েবসাইট বনবাস্ট এ তথ্য দিয়েছে।
ইরানের জনগণ ইতিমধ্যে দৈনন্দিন লেনদেনে রিয়ালের বদলে ‘তোমান’ ব্যবহার করছে, যেখানে ১০ রিয়াল সমান ১ তোমান। মুদ্রা সংস্কারের এই উদ্যোগ এমন সময়ে এলো, যখন ইরান গভীর অর্থনৈতিক সংকটে রয়েছে। দীর্ঘদিনের মূল্যস্ফীতি, মুদ্রার অবমূল্যায়ন এবং যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা দেশটির অর্থনীতিকে বিপর্যস্ত করে তুলেছে।
২০১৮ সালে যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু চুক্তি থেকে সরে যাওয়ার পর থেকে এই সংকট আরও ঘনীভূত হয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে শুরু হওয়া নিষেধাজ্ঞা ও ‘সর্বোচ্চ চাপ’ নীতির ধারাবাহিকতায় ইরান বিপর্যয়ের মুখে পড়ে। এ বছরের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফিরে তেহরানের ওপর আবারও কড়াকড়ি আরোপ করেন ট্রাম্প। এরপর জুনে অনাস্থা ভোটে অর্থমন্ত্রী আবদোলনাসের হেম্মাতি বরখাস্ত হন। তার জায়গায় নিয়োগ পান আলি মাদানিজাদেহ। জুনেই ইরানের বিরুদ্ধে নজিরবিহীন বিমান হামলা চালায় ইসরায়েল। টানা ১২ দিনের সেই সংঘাতে উভয় পক্ষই মারাত্মক ক্ষয়ক্ষতির শিকার হয়।

