পুঁজিবাজারে তালিকাভুক্ত সিকিউরিটিজে বিনিয়োগ করে ২০২৪-২৫ হিসাব বছরে বড় ধরনের লোকসানে পড়েছে আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট পিএলসি পরিচালিত বাংলাদেশ ফান্ড। প্রতিষ্ঠানটির সর্বশেষ বিনিয়োগ বিবরণী অনুযায়ী, বছর শেষে এ ফান্ডের লোকসান দাঁড়িয়েছে প্রায় ৮৫৩ কোটি টাকা।
মূলত বিনিয়োগ করা শেয়ারের বর্তমান বাজারদর ক্রয়মূল্যের তুলনায় অনেক কমে যাওয়ায় এই ক্ষতি হয়েছে। ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত হিসাব অনুযায়ী, বাংলাদেশ ফান্ডের তালিকাভুক্ত কোম্পানি, বন্ড ও অন্যান্য সিকিউরিটিজে ক্রয়মূল্যে মোট বিনিয়োগ ছিল ২ হাজার ২০৮ কোটি ৬০ লাখ ৯০ হাজার টাকা। অথচ বছরের শেষে এ বিনিয়োগের বাজারমূল্য দাঁড়ায় ১ হাজার ৩৫৬ কোটি ১০ হাজার টাকা। ফলে ফান্ডটির লোকসান হয়েছে ৮৫২ কোটি ৬০ লাখ ৮০ হাজার টাকা।
সর্বাধিক ক্ষতির মুখে পড়েছে জ্বালানি ও বিদ্যুৎ খাত, যেখানে লোকসান হয়েছে ১৯২ কোটি ৬৬ লাখ ৫০ হাজার টাকা। এ খাতে ফান্ডটির বিনিয়োগ ছিল ৪৭২ কোটি ৭০ লাখ টাকার বেশি, যার বাজারমূল্য কমে দাঁড়িয়েছে ২৮০ কোটি ৪ লাখ টাকায়। দ্বিতীয় সর্বোচ্চ লোকসান আর্থিক প্রতিষ্ঠান খাতে। এখানে বিনিয়োগের পরিমাণ ছিল প্রায় ১৭১ কোটি টাকা, যা কমে দাঁড়িয়েছে মাত্র ৪৪ কোটি টাকায়। লোকসানের পরিমাণ ১২৬ কোটি ৭৫ লাখ ৮০ হাজার টাকা।
তৃতীয় সর্বোচ্চ ক্ষতি হয়েছে প্রকৌশল খাতে। এ খাতে ২০৬ কোটি টাকার বিনিয়োগ কমে দাঁড়িয়েছে ৯১ কোটি ৫৪ লাখ টাকায়, ফলে লোকসান হয়েছে ১১৫ কোটি ১৯ লাখ ৭০ হাজার টাকা। এ ছাড়া অন্যান্য খাতে লোকসান হয়েছে নিম্নরূপ:
- বীমা খাত: ১০৫ কোটি ৫১ লাখ টাকা
- ব্যাংক খাত: ৭৩ কোটি ৯ লাখ টাকা
- সিমেন্ট খাত: ৫৬ কোটি ৭৭ লাখ টাকা
- ওষুধ ও রসায়ন: ৪৪ কোটি ৩৫ লাখ টাকা
- খাদ্য ও আনুষঙ্গিক: ৩৮ কোটি ৮২ লাখ টাকা
- সিরামিক: ৩১ কোটি ৭০ লাখ টাকা
- বস্ত্র: ২৪ কোটি ৬ লাখ টাকা
- সেবা ও আবাসন: ৬ কোটি ৮১ লাখ টাকা
- টেলিযোগাযোগ: ৭ কোটি ৬০ লাখ টাকা
- চামড়া: ৮ কোটি ১১ লাখ টাকা
- মিউচুয়াল ফান্ড: ১২ কোটি ২১ লাখ টাকা
- করপোরেট বন্ড: ৩ কোটি ৮৬ লাখ টাকা
- বিবিধ খাত: ৪ কোটি ৪৫ লাখ টাকা
- তথ্যপ্রযুক্তি খাত: ২ কোটি ১৮ লাখ টাকা
সব খাতেই ক্ষতির মধ্যে একমাত্র ব্যতিক্রম সরকারি ট্রেজারি বন্ড। এই খাতে ফান্ডটি ১ কোটি ৬১ লাখ টাকা মুনাফা করেছে। বিনিয়োগ ছিল ১২৮ কোটি ৫৯ লাখ টাকা, যা বেড়ে দাঁড়িয়েছে ১৩০ কোটি ২০ লাখ টাকায়।

