জ্বালানি তেলের উত্তোলন ও সরবরাহ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে উৎপাদনকারী দেশগুলোর জোট ওপেক প্লাস। এতে বাজারে সরবরাহ বাড়বে—এমন আশঙ্কায় তেলের দাম কমতে শুরু করলেও ভারতের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক হুমকিতে বাজার আবার স্থিতিশীল হয়ে ওঠে।
আরব নিউজের প্রতিবেদনে বলা হয়, গত সোমবার বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দর ব্যারেলপ্রতি ১-২ সেন্ট কমেছে। তবে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারির পর তা বড় ধরনের পতনের হাত থেকে রক্ষা পায়। গতকাল ব্রেন্ট ক্রুডের দাম দাঁড়ায় ব্যারেলপ্রতি ৬৮ ডলার ৭৫ সেন্ট, যা আগের দিনের চেয়ে ১ সেন্ট কম। মার্কিন বাজারে ডব্লিউটিআই অপরিশোধিত তেলের দর কমেছে ২ সেন্ট, দাঁড়িয়েছে ৬৬ ডলার ২৮ সেন্টে।
সেপ্টেম্বর থেকে দৈনিক ৫ লাখ ৪৭ হাজার ব্যারেল তেল উত্তোলন বাড়াবে ওপেক প্লাস। সরবরাহে রাশিয়ার ঘাটতি পুষিয়ে নিয়ে বাজারে তাদের অবস্থান পুনরুদ্ধারে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। রোববার অনলাইন বৈঠকে আট সদস্য দেশ এ সিদ্ধান্তে একমত হয়।
সিঙ্গাপুরভিত্তিক ব্রোকারেজ প্রতিষ্ঠান ফিলিপ নভার জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক প্রিয়াংকা সচদেবা জানান, ওপেক প্লাসের এই সিদ্ধান্ত রুশ সরবরাহ কমে যাওয়ার ঝুঁকি সামাল দিতে সহায়ক হবে। তবে বিশ্লেষকরা বলছেন, বাস্তবে উত্তোলন বৃদ্ধির পরিমাণ ঘোষণার তুলনায় কম হতে পারে।
রাশিয়া থেকে তেল আমদানি অব্যাহত রাখলে ভারতের ওপর ১০০ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে, জুলাইয়ে তিনি ভারতের পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক দেন। সোমবার ফের ভারতের বিরুদ্ধে কড়া পদক্ষেপের ইঙ্গিত দেন তিনি। জবাবে নয়াদিল্লি জানায়, যুক্তরাষ্ট্রের অবস্থান ‘অন্যায্য’ এবং তারা নিজেদের অর্থনৈতিক স্বার্থ রক্ষায় প্রস্তুত। এতে দুই দেশের মধ্যে বাণিজ্য উত্তেজনা আরও বেড়েছে।
বাণিজ্য সূত্র জানায়, ২০২৫ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ভারত গড়ে দৈনিক ১৭ লাখ ৫০ হাজার ব্যারেল রুশ তেল আমদানি করেছে। যা আগের বছরের তুলনায় ১ শতাংশ বেশি।
বিশ্লেষক সংস্থা জেপি মরগান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের শ্রমবাজার দুর্বল হওয়ায় দেশটিতে মন্দার শঙ্কা বাড়ছে। চীনও জুলাইয়ের পলিট ব্যুরো বৈঠকে কোনো নতুন প্রণোদনা ঘোষণা না করায় অর্থনীতির গতি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সব মিলিয়ে বাজারে এখন দ্বিমুখী প্রবণতা—একদিকে ওপেক প্লাসের সরবরাহ বাড়ানোর সিদ্ধান্ত, অন্যদিকে বৈশ্বিক বাণিজ্য উত্তেজনা এবং মন্দার শঙ্কা। বাজারসংশ্লিষ্টরা বলছেন, এসব কারণে চাহিদা কমে তেলের দাম আরও নেমে যেতে পারে।

