বিনিয়োগকারীদের উদ্বেগের মুখে বেক্সিমকোর ৩,০০০ কোটি টাকার শরিয়তসম্মত সুকুকের মেয়াদ বাড়ানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। কারণ, আগামী ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে মূলধন ফেরত দেওয়ার সম্ভাবনা নেই বলে মনে করছে সংশ্লিষ্টরা।
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. কবির আহমেদের নেতৃত্বে গঠিত ১০ সদস্যের একটি কমিটি ইতিমধ্যে প্রথম বৈঠক করেছে। গত ১৬ জুন অনুষ্ঠিত ওই বৈঠকে সুকুকের ট্রাস্টি ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)-কে ঝুঁকি বিশ্লেষণসহ মতামত দিতে বলা হয়েছে। কমিটির পরবর্তী সিদ্ধান্ত নির্ভর করবে আইসিবির প্রতিবেদনের ওপর। একজন কমিটিসদস্য বলেন, “আইসিবির মতামতের ভিত্তিতে আমরা গভর্নরের কাছে প্রতিবেদন জমা দেব। এরপর বিএসইসির সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেওয়া হবে।” তিনি নাম প্রকাশে অনিচ্ছা জানান।
২০২১ সালের মাঝামাঝি চালু হওয়া এই সুকুক বন্ডটি ইসলামী শরিয়াভিত্তিক বিনিয়োগ কাঠামোয় তৈরি। সুদের পরিবর্তে এর আয় সম্পদভিত্তিক মুনাফার মাধ্যমে। তবে নির্ধারিত সময়ে মূলধন ফেরত দিতে পারবে না—এমন আশঙ্কা দেখা দিয়েছে।
বিনিয়োগকারীদের মধ্যে ছড়িয়ে পড়েছে উদ্বেগ। কারণ, সুকুক বন্ডটির বিপরীতে প্রায় ৫,৬০০ প্রাতিষ্ঠানিক ও ব্যক্তি বিনিয়োগকারী রয়েছেন। তাদের অনেকেই ইতিমধ্যে সুকুক ইউনিটের বিপরীতে প্রভূত অর্থ বিনিয়োগ করেছেন। বিশেষ করে, বড় অঙ্কের বিনিয়োগ রয়েছে আইএফআইসি ব্যাংক, রূপালী ব্যাংক ও সিটি ব্যাংকের মতো প্রতিষ্ঠানে। সব মিলিয়ে শীর্ষ ৩১ বিনিয়োগকারী কিনেছেন ২৫.৮৩ কোটি ইউনিট, যার আর্থিক মূল্য প্রায় ২,৫৮৩ কোটি টাকা। সব মিলিয়ে বন্ডটির মোট আকার ৩,০০০ কোটি টাকা।
২০২৪ সালের আগস্টে সরকার পরিবর্তনের পর বেক্সিমকো বিভিন্ন সমস্যায় পড়ে। প্রতিষ্ঠানটি বড় অঙ্কের ঋণ, কাঁচামালের ঘাটতি এবং নগদ অর্থের অভাবে একাধিক কারখানা বন্ধ করতে বাধ্য হয়। ফলে আয়ের পথ সংকুচিত হয়েছে। বর্তমানে কেবল ‘ইয়ার্ন ইউনিট-১’ চালু থাকলেও ‘ইয়ার্ন ইউনিট-২’, টেক্সটাইল, ডেনিম ও নিটিং ইউনিট বন্ধ রয়েছে। একই সঙ্গে কোনো ব্যাংক এলসি খুলছে না বলেও অভিযোগ করেছে কোম্পানিটি। অর্থবছরের প্রথমার্ধে প্রতিষ্ঠানটি ৩৫৬ কোটি টাকার নিট লোকসানে পড়েছে। আগের অর্থবছরে লোকসান ছিল ৩৫ কোটি টাকা।
সুকুকের মাধ্যমে উত্তোলিত অর্থ দিয়ে দুটি নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক প্রকল্প হাতে নেওয়া হয়—গাইবান্ধার ২০০ মেগাওয়াটের তিস্তা সোলার পার্ক ও পঞ্চগড়ের ৩০ মেগাওয়াটের করতোয়া সোলার প্রকল্প। এর মধ্যে তিস্তা চালু হয়েছে এবং মাসে প্রায় ৫০ কোটি টাকা আয় হচ্ছে। তবে করতোয়া এখনো নির্মাণাধীন।
২০২৪ সালের ছাত্র আন্দোলনের সময় করতোয়া প্রকল্পের কিছু যন্ত্রাংশ পুড়িয়ে দেওয়া হয়। এতে নতুন করে ১০-১২ কোটি টাকার বিনিয়োগ প্রয়োজন। সুকুক পরিশোধের জন্য গঠিত ২৫০ কোটি টাকার ‘সিঙ্কিং ফান্ড’-এ বর্তমানে পর্যাপ্ত অর্থ থাকলেও, সেটি মূলধন ফেরতের পুরো চাহিদা মেটাতে পারবে না।
সুকুকের ট্রাস্টি আইসিবি ২১ সদস্যের একটি ওয়ার্কিং কমিটি গঠন করেছে, যাতে ১১টি ব্যাংকের প্রতিনিধি ও একজন ব্যক্তি বিনিয়োগকারী রয়েছেন। এই কমিটি টার্মস অ্যান্ড কন্ডিশন পর্যালোচনা করে প্রস্তাব জমা দেবে বাংলাদেশ ব্যাংকে।স আইসিবির একজন কর্মকর্তা বলেন, “অনেক বিনিয়োগকারী শুধু মেয়াদ নয়, মুনাফার হার বাড়ানোর পক্ষেও মত দিয়েছেন। কারণ, প্রকল্প থেকে আয় নিশ্চিত হওয়ায় মূলধন ফেরতের সম্ভাবনাও বেশি।” অন্যদিকে বিএসইসি জানায়, টার্মস অ্যান্ড কন্ডিশনে পরিবর্তন আনতে কমিশনের অনুমতি প্রয়োজন হবে। ট্রাস্টি প্রতিষ্ঠান প্রস্তাব দিলে তা পর্যালোনা করে কমিশন সিদ্ধান্ত নেবে।
সুকুকের ইনফরমেশন মেমোরেন্ডাম অনুযায়ী, বেক্সিমকো ধারাবাহিকভাবে তিন কিস্তি বা এক বছরের বেশি সময় অর্থ পরিশোধে ব্যর্থ হলে, ট্রাস্টি কমিটি সম্পদের নিয়ন্ত্রণ নেবে। প্রয়োজনে সেই সম্পদ তরলীকরণ বা বিক্রি করতেও পারবে। তবে সম্পদমূল্যায়নের জটিলতা ও বাজারদরের অনিশ্চয়তা থাকায় মেয়াদ বাড়ানোই এখন সবচেয়ে সম্ভাব্য সমাধান হিসেবে দেখা হচ্ছে।
সুকুকহোল্ডাররা চাইলে প্রতি বছর ২০ শতাংশ করে বেক্সিমকোর শেয়ার নেওয়ার সুযোগ পেলেও, বাস্তবে এতে আগ্রহ নেই। কারণ, কোম্পানির আর্থিক অবস্থা দুর্বল। ২০২৪ সালের আগস্ট থেকে কোনো ব্যাংক এলসি খোলেনি এবং উৎপাদন বন্ধ থাকায় আয়ের উৎস সংকুচিত হয়েছে। এছাড়া, মজুদকৃত কাপড় ও সুতা কম দামে বিক্রি করায়ও আর্থিক ক্ষতি হয়েছে।

