যুক্তরাষ্ট্রের তিনটি নামকরা কোম্পানির হার্টের স্টেন্ট (রিং) দাম কমিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। নতুন নির্ধারিত দামে প্রতিটি স্টেন্টের মূল্য তিন হাজার থেকে ৮৮ হাজার টাকা পর্যন্ত কমেছে। এতে কিছুটা স্বস্তি পাবেন হৃদরোগে আক্রান্ত রোগীরা।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক নথিতে জানানো হয়েছে, অ্যাবট, বোস্টন সায়েন্টিফিক ও মেডট্রনিক—এই তিন মার্কিন কোম্পানির আমদানি করা ১০ ধরনের করোনারি স্টেন্টের সর্বোচ্চ খুচরা মূল্য নতুন করে নির্ধারণ করা হয়েছে। সংশ্লিষ্ট হাসপাতালগুলো এসব স্টেন্ট বসানোর ক্ষেত্রে সর্বোচ্চ পাঁচ শতাংশ সার্ভিস চার্জ নিতে পারবে বলে নথিতে উল্লেখ করা হয়েছে।
এই সিদ্ধান্ত বাস্তবায়নে গত ৩ আগস্ট স্বাস্থ্য অধিদপ্তর ও ঔষধ প্রশাসন অধিদপ্তরকে নির্দেশনা দিয়ে একটি চিঠি পাঠিয়েছে মন্ত্রণালয়। ঔষধ প্রশাসন অধিদপ্তরের একজন পরিচালক বিষয়টি নিশ্চিত করেছেন। নতুন দামে সবচেয়ে বেশি ছাড় এসেছে অ্যাবট কোম্পানির ‘সিনার্জি এক্সডি’ স্টেন্টে। এর পুরোনো দাম ছিল ১ লাখ ৮৮ হাজার টাকা। নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ টাকা। তবে অ্যাবটের আরেকটি পণ্য ‘জায়েন্স এক্সপেডিশন’ স্টেন্টের দাম অপরিবর্তিত থাকছে—৭১ হাজার ৫০০ টাকা। বাকি ৯ ধরনের স্টেন্টের দাম তিন হাজার থেকে সর্বোচ্চ সাড়ে ৫০ হাজার টাকা পর্যন্ত কমানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, ‘বিশেষজ্ঞ পরামর্শক কমিটির সুপারিশ, ভ্যাট, ট্যাক্স, কমিশন এবং আমদানিকারক কোম্পানির যুক্তিসংগত লাভ বিবেচনায় রেখে নতুন এই দাম নির্ধারণ করা হয়েছে।’ এ ছাড়া স্বাস্থ্য অধিদপ্তর ও ঔষধ প্রশাসন অধিদপ্তরকে এসব দাম নিয়ে হাসপাতাল পর্যায়ে সচেতনতা বাড়াতে এবং কেউ যেন অনুমোদিত দামের বেশি না নেয় তা নিশ্চিত করতে বলা হয়েছে।
স্টেন্ট কী?
আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের ব্যাখ্যায়, স্টেন্ট হলো একটি নমনীয় ছোট টিউব। এটি হৃদপিণ্ডের ধমনীতে বসানো হয়, যাতে রক্তপ্রবাহ ঠিক থাকে। এটি হার্ট অ্যাটাকের ঝুঁকিও কমাতে সহায়ক।

