বিশ্বের অন্যতম বৃহৎ তেল কোম্পানি সৌদি আরামকো টানা দশম প্রান্তিকে মুনাফা কমার ঘোষণা দিয়েছে। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে প্রতিষ্ঠানটির আয় কমেছে ২২ শতাংশ। মূল কারণ হিসেবে উঠে এসেছে তেলের দাম কমা এবং পরিশোধিত ও রাসায়নিক পণ্যের দরপতন। এতে করে সৌদি আরবের অর্থনীতি নতুন চাপের মুখে পড়েছে।
গতকাল মঙ্গলবার আরামকো জানায়, এপ্রিল-জুন প্রান্তিকে তাদের নিট মুনাফা দাঁড়িয়েছে ৮৫ বিলিয়ন সৌদি রিয়াল বা ২২.৬৭ বিলিয়ন ডলার। ২০২২ সালের শেষ দিক থেকেই তাদের মুনাফা হ্রাস পাচ্ছে।
এমন পরিস্থিতিতে সৌদি সরকার এগিয়ে নিচ্ছে ভিশন ২০৩০ প্রকল্প। এই দীর্ঘমেয়াদি পরিকল্পনার লক্ষ্য—তেলের ওপর নির্ভরতা কমিয়ে পর্যটন, ব্যবসা ও প্রযুক্তিখাতে বৈচিত্র্য আনা। এর আওতায় মরুভূমিতে নির্মিত হচ্ছে বিলাসবহুল রিসোর্ট, বিশাল বিনোদন কেন্দ্র এবং ৫০০ বিলিয়ন ডলারের ভবিষ্যৎ নগর নিওম।
গতকাল আরামকোর প্রতি শেয়ারের দাম ছিল ২৩.৯৭ রিয়াল—যা ২০২৩ সালে দ্বিতীয়বার শেয়ার ছাড়ার সময়কার ২৭.৩৫ রিয়ালের তুলনায় প্রায় ১২ শতাংশ কম। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সময় তেলের দাম বেড়ে যাওয়ায় ২০২২ সালে আরামকোর বাজারমূল্য ছিল প্রায় ২.৪ ট্রিলিয়ন ডলার। সেখান থেকে এখন পর্যন্ত প্রতিষ্ঠানটি হারিয়েছে ৮০০ বিলিয়ন ডলারের বেশি।
বর্তমানে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ঘোরাফেরা করছে প্রতি ব্যারেল ৭০ ডলারের আশপাশে। যদিও ইসরায়েল-ইরান যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের রাজনৈতিক উত্তেজনার পরও বাজারে বড় ধরনের মূল্যবৃদ্ধি দেখা যায়নি।
চাহিদা বাড়ার আশা, উৎপাদন বাড়ানোর পরিকল্পনা: আরামকোর প্রেসিডেন্ট ও সিইও আমিন এইচ নাসের বলেছেন, বাজার এখনো স্থিতিশীল এবং বছরের শেষ ভাগে চাহিদা বাড়বে বলে প্রত্যাশা করছেন। তিনি বলেন, ‘২০২৫ সালের দ্বিতীয়ার্ধে তেলের দৈনিক চাহিদা প্রথমার্ধের তুলনায় ২০ লাখ ব্যারেল বেশি হতে পারে।’
এই অবস্থায় গত রোববার সৌদি আরব, রাশিয়া ও আরও ছয়টি ওপেক প্লাস সদস্য দেশ একসঙ্গে প্রতিদিন ৫ লাখ ৪৭ হাজার ব্যারেল উৎপাদন বাড়ানোর ঘোষণা দিয়েছে। এটি ২২ লাখ ব্যারেল উৎপাদন হ্রাসের পরিকল্পনা থেকে ধীরে ধীরে বেরিয়ে আসার একটি পদক্ষেপ।
সৌদি আরবভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান জাদওয়া ইনভেস্টমেন্ট গত মাসে পূর্বাভাস দিয়েছে, ২০২৫ সালে সৌদি বাজেট ঘাটতি জিডিপির ৪.৩ শতাংশ পর্যন্ত পৌঁছাতে পারে। অথচ গত বছর বাজেট আয়ের ৬২ শতাংশ এসেছিল তেল খাত থেকে।
তবে এই মুনাফা হ্রাস বিশ্লেষকদের কাছে অপ্রত্যাশিত ছিল না। আবুধাবিভিত্তিক বিশ্লেষক ইব্রাহিম আবদুল মোহসেন বলেন, ওপেক প্লাস নীতির পরিবর্তন এবং যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ ঘিরে বৈশ্বিক অনিশ্চয়তায় তেলের বাজারে নিম্নমুখী চাপ ছিল। তিনি আরও বলেন, ‘সৌদি আরবের রিজার্ভ যথেষ্ট শক্তিশালী। তাই স্বল্প মেয়াদে আর্থিক স্থিতিশীলতা ধরে রেখে উন্নয়ন প্রকল্পে বিনিয়োগ অব্যাহত রাখা সম্ভব।’
সরকারি মালিকানাধীন আরামকো ২০১৯ সালে বিশ্বের সবচেয়ে বড় প্রাথমিক শেয়ার ছেড়ে ১.৭ শতাংশ শেয়ার বিক্রি করে ২৯.৪ বিলিয়ন ডলার সংগ্রহ করে। চলতি বছরের জুনে আরেক দফায় ০.৬৪ শতাংশ শেয়ার বিক্রির মাধ্যমে আরও ১১.২ বিলিয়ন ডলার সংগ্রহ করেছে।এ ছাড়া আরামকোর ১৬ শতাংশ শেয়ার হস্তান্তর করা হয়েছে সৌদি পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডে (পিআইএফ), যা ভিশন ২০৩০-এর প্রধান অর্থায়নকারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে।

