ছয়টি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের স্থায়ী কর্মকর্তা-কর্মচারীদের জন্য একটি সমন্বিত পদোন্নতি নীতিমালা জারি করেছে সরকার। সোমবার, ৪ আগস্ট ২০২৫ তারিখে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।
‘রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের কর্মচারীদের পদোন্নতি নীতিমালা-২০২৫’ শিরোনামে প্রজ্ঞাপনটিতে বলা হয়েছে, অফিসার (৯ম গ্রেড) থেকে উপমহাব্যবস্থাপক (৩য় গ্রেড) বা সমমান পদ পর্যন্ত এ নীতিমালা প্রযোজ্য হবে।
প্রজ্ঞাপনে বলা হয়, খেলাপি ও অবলোপনকৃত ঋণ আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন, নতুন ঋণ ও আমানতের পরিমাণ বাড়ানো—এ ধরনের কার্যক্রম পদোন্নতির ক্ষেত্রে বিবেচ্য হবে। এসব ক্ষেত্রের জন্য নির্দিষ্ট নম্বর বরাদ্দ থাকবে। এছাড়া পদোন্নতির জন্য মোট নম্বর ১০০। এর মধ্যে মৌখিক পরীক্ষায় ৮ নম্বর থাকবে, যার পাশ নম্বর ৪। বাকি ৯২ নম্বরের মধ্যে কমপক্ষে ৭৫ পেতে হবে। দুই অংশের নম্বর যোগ করে তৈরি করা হবে মেধাতালিকা। দেশের বাইরে কর্মরতদের ভার্চুয়ালি বা সশরীরে সাক্ষাৎকার নেওয়া হবে।
নম্বর বিভাজন:
- এসিআরের গড় নম্বর (তিন বছর): ৪৫
- শিক্ষাগত যোগ্যতা: ১৫
- স্নাতকোত্তর/৪ বছরের অনার্স: ১৫
- ৩ বছরের অনার্স: ১৪
- স্নাতক বা সমমান: ১৩
- ফিডার পদে চাকরিকাল: সর্বোচ্চ ১৫
- প্রথম ৩ বছর: ৯
- পরবর্তী প্রতি বছর: ১
- ৬ মাস থেকে ১ বছরের জন্য: ০.৫
- মাঠপর্যায়ের অভিজ্ঞতা: ৪
- ব্যাংকিং ডিপ্লোমা: ১০
- দুর্গম এলাকায় কাজের অভিজ্ঞতা: ১
- শাখা ব্যবস্থাপক হিসেবে কাজের অর্জন: ২
এখানে অর্জন বলতে বোঝানো হয়েছে: সংশ্লিষ্ট ব্যাংকের মুনাফা বৃদ্ধি বা লোকসান কমানো, আমানত ও ঋণের প্রবৃদ্ধি, শ্রেণিকৃত ও অবলোপনকৃত ঋণ আদায় ইত্যাদি। যদি এই অর্জনের মধ্যে কোনো অংশ প্রযোজ্য না হয়, তবে প্রার্থীরা পূর্ণ নম্বর পাবেন।
পদোন্নতি হবে না যেসব কারণে:
- বার্ষিক গোপনীয় প্রতিবেদনে (ACR): সর্বশেষ তিন বছরের যে কোনো বছরের রিপোর্টে নেতিবাচক মন্তব্য থাকলে এবং তা কর্তৃপক্ষ দ্বারা প্রত্যাহার না হলে।
- মামলা বা চার্জশিট:
- বিভাগীয় মামলা
- দুর্নীতি দমন কমিশনের চার্জশিট
- বিচারাধীন ফৌজদারি মামলা
- গ্রেফতার ও বিচারাধীন থাকা
এমন ক্ষেত্রে মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত প্রার্থী বিবেচনায় আসবে না।
পদোন্নতির প্যানেল অনুমোদনের পর কারও বিরুদ্ধে চার্জশিট এলে এবং তিনি যদি শাস্তিমুক্ত হয়ে যান, তবে শূন্য পদ থাকলে তাঁকে পদোন্নতি দেওয়া হবে। তবে মেয়াদ শেষে শাস্তি বহাল থাকলে তাঁর জন্য বরাদ্দ পদে প্যানেলের পরবর্তী প্রার্থীকে বিবেচনা করা হবে। ব্যাংকের চাকরি প্রবিধান অনুযায়ী, লঘুদণ্ডপ্রাপ্তদের দণ্ডের মেয়াদ শেষ হওয়ার পর ১ বছর পর্যন্ত পদোন্নতির জন্য বিবেচনা করা যাবে না।

