বিদেশে কর্মরত বাংলাদেশিদের জন্য দেশে বিনিয়োগের সুযোগ তুলনামূলক কম। অনেক সময় দেশে ফিরে এককালীন অর্থ জোগাড় করাও কঠিন হয়ে পড়ে। এই প্রেক্ষাপটে দীর্ঘদিন ধরে প্রবাসীদের একটি জনপ্রিয় ও নিরাপদ বিনিয়োগ মাধ্যম হয়ে উঠেছে ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ড, যা সাধারণভাবে ‘প্রবাসী বন্ড’ নামেই পরিচিত।
ব্যাংকের ফিক্সড ডিপোজিটের মতো করে এই বন্ডে সরকার নির্ধারিত হারে টাকা বিনিয়োগ করে নির্দিষ্ট মেয়াদ শেষে মুনাফাসহ তা ফেরত পাওয়া যায়। তবে এর বড় সুবিধা হলো, এতে মুনাফার হার বেশি, আয় পুরোপুরি করমুক্ত এবং বিনিয়োগকারীর জন্য রয়েছে মৃত্যুঝুঁকির বিমা সুবিধা।
ওয়েজ আর্নার্স বন্ডে বার্ষিক ১২ শতাংশ সরল সুদ দেওয়া হয়। প্রতি ছয় মাসে একবার মুনাফা দেওয়া হয়। অর্থাৎ কেউ এক লাখ টাকা বিনিয়োগ করলে ছয় মাসে পাবেন ৬ হাজার, বছরে ১২ হাজার টাকা। এ আয়ের ওপর কোনো উৎসে কর বা আয়কর দিতে হয় না, যা একে আরও আকর্ষণীয় করে তুলেছে। তবে বিনিয়োগের পরিমাণ বাড়লে মুনাফার হার কিছুটা কমে।
- ১৫ লাখ ১ টাকা থেকে ৩০ লাখ পর্যন্ত মুনাফা: ১১ শতাংশ
- ৩০ লাখ ১ টাকা থেকে ৫০ লাখ পর্যন্ত: ১০ শতাংশ
- ৫০ লাখ ১ টাকা থেকে ১ কোটি পর্যন্ত: ৯ শতাংশ
বন্ডধারীর মৃত্যু হলে তাঁর মনোনীত ব্যক্তি বা উত্তরাধিকারী পাবেন সর্বোচ্চ ২০ লাখ টাকার মৃত্যুঝুঁকির সুবিধা। তবে এজন্য বন্ডধারীর বয়স হতে হবে ৫৫ বছরের নিচে এবং মৃত্যুর তিন মাসের মধ্যে আবেদন করতে হবে। এই বন্ড শুধু আয় নয়, দেশে ব্যাংক ঋণের জামানত হিসেবেও ব্যবহারযোগ্য। বিনিয়োগের ৭৫ শতাংশ পর্যন্ত ঋণ নেওয়া যায়। তবে এই ঋণ বিদেশে নেওয়া যায় না এবং তৃতীয় পক্ষের জামানত হিসেবেও এটি ব্যবহার করা যাবে না।
ওয়েজ আর্নার্স বন্ডের মেয়াদ পাঁচ বছর। চাইলে আরও দুবার নবায়ন করা যায়, অর্থাৎ সর্বোচ্চ ১৫ বছর পর্যন্ত কার্যকর রাখা যায়। অনেকে এটিকে পেনশন পরিকল্পনার বিকল্প হিসেবেও ব্যবহার করেন। আগে নির্দিষ্ট সীমা থাকলেও এখন এই বন্ডে বিনিয়োগে কোনো ঊর্ধ্বসীমা নেই। ২০২৪ সালের নভেম্বর মাসে সরকার বিনিয়োগসীমা তুলে নেয়। ফলে প্রবাসীরা এখন চাইলে যত খুশি তত বন্ড কিনতে পারেন। প্রবাসীদের জন্য আগে থেকেই ইউএস ডলার প্রিমিয়াম বন্ড ও ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ডে সীমাহীন বিনিয়োগের সুযোগ ছিল। এখন সেই তালিকায় যুক্ত হলো ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ড।
বিদেশি মালিকানাধীন শিপিং বা এয়ারওয়েজ কোম্পানির বিদেশি অফিসে কর্মরত অনিবাসী বাংলাদেশি মেরিনার, পাইলট ও কেবিন ক্রুরাও এই বন্ডে বিনিয়োগের সুযোগ পাবেন। আবার সরকারের বিদেশি মিশনে কর্মরত কর্মকর্তারাও বন্ড কিনতে পারবেন।
ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ড কেনার জন্য প্রয়োজন হবে—
- জাতীয় পরিচয়পত্র
- বৈধ পাসপোর্ট
- বৈধ ভিসার কপি
- চাকরির প্রমাণপত্র
- দেশে একটি সঞ্চয়ী ব্যাংক হিসাব, ব্যবসায়ীর ক্ষেত্রে ট্রেড লাইসেন্স ও পেশাজীবীদের জন্য প্রাসঙ্গিক সনদ লাগবে।
এই বন্ড পাওয়া যাবে বাংলাদেশ ব্যাংক, এক্সচেঞ্জ হাউস, তফসিলি ব্যাংকের অনুমোদিত ডিলার শাখা ও এক্সচেঞ্জ কোম্পানিতে। বিনিয়োগের জন্য ফরেন কারেন্সি অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক নয়। প্রবাসী নিজে বা তাঁর মনোনীত ব্যক্তির নামেও এই বন্ড কেনা যায়।
প্রবাসে রক্ত-ঘাম ঝরানো আয়ের একটি অংশ নিরাপদ, করমুক্ত ও দীর্ঘমেয়াদে সুরক্ষিতভাবে দেশে বিনিয়োগ করতে চাইলে ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ড হতে পারে সর্বোত্তম বিকল্প। শুধু মুনাফাই নয়, এই বন্ডে আছে পারিবারিক নিরাপত্তা ও ভবিষ্যতের নিশ্চয়তা।

