কখনো ছিল অবহেলিত আগাছা, এখন হয়ে উঠেছে আয়ের হাতিয়ার। পিরোজপুরের নাজিরপুর উপজেলার গাওখালী ইউনিয়নের সোনাপুর গ্রামে কচুরিপানা এখন জীবন ও জীবিকার অংশ। একসময় যে জলজ উদ্ভিদ ফেলে দেওয়া হতো, তা এখন শত শত পরিবারের ভাগ্য বদলের মাধ্যম। শুকিয়ে ও প্রক্রিয়াজাত করে এই কচুরিপানা পৌঁছে যাচ্ছে বিশ্বের ২৫টিরও বেশি দেশে।
স্থানীয়দের ভাষায়, এটি “বিনা পুঁজির ব্যবসা”। কচুরিপানা সংগ্রহ করতে খরচ বলতে গেলে নেই। শুধু শুকানো ও পরিবহনের ব্যয়। এ কাজে পুরুষের পাশাপাশি নারীরা ও স্কুল-কলেজপড়ুয়ারাও যুক্ত হয়েছেন। প্রতিদিন সকালেই তাঁরা নৌকা নিয়ে যান বিল ও পুকুরে। প্রত্যেকে দিনে কয়েক কেজি করে কচুরিপানা তুলে শুকিয়ে বিক্রি করেন। প্রতি কেজি শুকনো কচুরিপানা বিক্রি হচ্ছে ৫০ টাকায়। স্থানীয় ব্যবসায়ীদের তথ্য অনুযায়ী, সোনাপুরে প্রতি মাসে প্রায় ১০ টন কচুরিপানার লেনদেন হয়।
এই কাঁচামাল পাঠানো হয় রংপুরসহ দেশের উত্তরাঞ্চলে। সেখানে কুটির শিল্পে তৈরি হয় রঙিন পাটি, ঝাড়, টুপি, ফুলদানি, হাতব্যাগ, পাপোশ ও জায়নামাজ। এসব হস্তশিল্প পণ্য রপ্তানি হচ্ছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, জার্মানি ও জাপানসহ বিশ্বের ২৫টিরও বেশি দেশে।

এই উদ্যোগে শুধু অর্থনৈতিক নয়, সামাজিক পরিবর্তনেরও ছাপ স্পষ্ট। গৃহবধূ থেকে শিক্ষার্থী—সবাই এই কাজে জড়িত। এলাকার যুবক আয়মান হাওলাদার বলেন, ‘কচুরিপানার ডগা দিয়ে বানানো পণ্য বিদেশে রপ্তানি হচ্ছে। এর চাহিদাও অনেক।’ উদ্যোক্তা আকবর হোসেন জানান, ‘আমরা এখান থেকে কচুরিপানা কিনে রংপুরে পাঠাই। সেখানকার কারিগররা এসব দিয়ে বিভিন্ন পণ্য তৈরি করেন, যা বিদেশে যায়।’
তবে সমস্যাও রয়েছে। স্থানীয় কৃষক কামাল মিয়া বলেন, ‘এখানে কেউ জমি চাষ করে না। শুধু বিল থেকে কচুরিপানা তুলে বিক্রি করলেই আয় হয়। কিন্তু যোগাযোগব্যবস্থা ভালো না থাকায় সমস্যা হয়। রাস্তা ও কালভার্ট হলে অনেক সুবিধা হতো।’
এ বিষয়ে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. সাইফুল ইসলাম বলেন, ‘শুনেছি কচুরিপানা বিদেশে যাচ্ছে। বিষয়টি ইতিবাচক। যদিও এটি প্রাকৃতিকভাবে জন্মায়, আমরা ভাবছি কীভাবে এই উদ্যোগে সহায়তা করা যায়।’
একসময় অবহেলার এই জলজ উদ্ভিদ এখন সোনার ফসল হয়ে উঠেছে। যোগাযোগব্যবস্থা উন্নত হলে কচুরিপানানির্ভর এই অর্থনীতি পুরো অঞ্চলকে স্বাবলম্বী করে তুলতে পারে। একই সঙ্গে এটি হয়ে উঠতে পারে এক নতুন গ্রামীণ শিল্পবিপ্লবের ভিত্তি।

