২০২৫-২৬ অর্থবছরের জন্য ৩ হাজার ৮৪১ কোটি ৩৮ লাখ টাকার বাজেট ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। গতকাল বুধবার ডিএসসিসির নগর ভবনের মিলনায়তনে এ বাজেট উপস্থাপন করেন প্রশাসক মো. শাহজাহান মিয়া।
ঘোষিত বাজেটে প্রারম্ভিক আয় ধরা হয়েছে ৮৪৫ কোটি ১৬ লাখ টাকা। রাজস্ব আয় ধরা হয়েছে ১ হাজার ৩২০ কোটি ৪০ লাখ টাকা। সরকারি ও বিশেষ বরাদ্দ ১২৭ কোটি টাকা এবং সরকারি ও বৈদেশিক উৎস থেকে প্রাপ্তি ধরা হয়েছে ১ হাজার ৪৬৯ কোটি ২৪ লাখ টাকা। অন্যান্য আয় হিসেবে ধরা হয়েছে ৭৯ কোটি ৫৫ লাখ টাকা।
মোট পরিচালন ব্যয় ধরা হয়েছে ৬৩৫ কোটি ৩৩ লাখ টাকা। অন্যান্য ব্যয় ধরা হয়েছে ১৫ কোটি ১ লাখ টাকা। উন্নয়ন ব্যয়ে তিনটি উৎস বিবেচনায় ব্যয়ের ধরন এভাবে:
- নিজস্ব অর্থায়নে উন্নয়ন ব্যয়: ৮৭৬ কোটি ৬৪ লাখ টাকা
- সরকারি ও বৈদেশিক সহায়তায় উন্নয়ন ব্যয়: ১ হাজার ৪৬৯ কোটি ২৪ লাখ টাকা
- মোট উন্নয়ন ব্যয়: ২ হাজার ৩৪৫ কোটি ৮৮ লাখ টাকা, বাজেট শেষে সমাপনী স্থিতি (এফডিআরসহ) ধরা হয়েছে ৮৪৫ কোটি ১৬ লাখ টাকা।
বাজেটে খাতভিত্তিক সবচেয়ে বড় বরাদ্দ রাখা হয়েছে সরকারি ও বৈদেশিক সহায়তাপ্রাপ্ত প্রকল্পে—১ হাজার ৪৬৯ কোটি ২৪ লাখ টাকা। এটি মোট বাজেটের প্রায় ৩৮ শতাংশ। ‘অন্যান্য ব্যয়’ খাতে বরাদ্দ রাখা হয়েছে ১ হাজার ১৫০ কোটি ২৬ লাখ টাকা, যা ২৯ দশমিক ৫৩ শতাংশ। সড়ক ও ট্রাফিক অবকাঠামো খাতে বরাদ্দ ৩৬৫ কোটি ১১ লাখ টাকা, যা মোট বাজেটের ১০ শতাংশ। খাল উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসন খাতে বরাদ্দ ১১৫ কোটি টাকা—মোট বাজেটের ৩ শতাংশ। ভৌত অবকাঠামো নির্মাণ ও রক্ষণাবেক্ষণে বরাদ্দ ১২৬ কোটি ৪৮ লাখ টাকা।
- বেতন-ভাতা খাতে বরাদ্দ ৩৫৫ কোটি টাকা।
- বর্জ্য ব্যবস্থাপনা খাতে ৫৭ কোটি ২০ লাখ,
- বৃক্ষরোপণ ও পরিবেশ উন্নয়ন খাতে ৫ কোটি ২৬ লাখ,
- মশকনিধন ও স্বাস্থ্য খাতে ৫৭ কোটি ৪৪ লাখ,
- এবং কল্যাণমূলক ব্যয়ে বরাদ্দ ১৩ কোটি ৩৯ লাখ টাকা।
২০২৪-২৫ অর্থবছরের জন্য ডিএসসিসি যে বাজেট ঘোষণা করেছিল, তার পরিমাণ ছিল ৬ হাজার ৭৬০ কোটি ৭৪ লাখ টাকা। তবে সংশোধিত বাজেট কমে দাঁড়ায় ২ হাজার ৬৬৭ কোটি ৫৯ লাখ টাকায়।

