দীর্ঘদিন ধরে বন্ধ থাকা বেক্সিমকো টেক্সটাইলস লিমিটেডের প্রায় ১৫টি কারখানা আবার চালু হতে যাচ্ছে। একটি ত্রিপক্ষীয় লিজ চুক্তির আওতায় এই উদ্যোগে অংশ নিচ্ছে জাপানি কোম্পানি রিভাইভাল প্রজেক্ট লিমিটেড, জনতা ব্যাংক ও বেক্সিমকো গ্রুপ।
শ্রম মন্ত্রণালয়ের সূত্র বলছে, সরকার নীতিগতভাবে এই উদ্যোগকে সমর্থন দিয়েছে। লক্ষ্য—বাংলাদেশের অন্যতম বৃহৎ টেক্সটাইল কারখানাগুলো পুনরায় চালু করা এবং প্রায় ২৫ হাজার শ্রমিকের কর্মসংস্থান নিশ্চিত করা। রিভাইভাল প্রজেক্ট লিমিটেড বিদেশি ব্যাংক থেকে ২ কোটি ডলারের ব্যাক-টু-ব্যাক এলসি খুলবে। এতে মূলধন পাবে বেক্সিমকো টেক্সটাইলস, যা দিয়ে বিশ্ববিখ্যাত পোশাক ব্র্যান্ড ইনডিটেক্সের অর্ডার বাস্তবায়ন করা হবে।
উল্লেখ্য, কয়েক মাস ধরে বেতন বকেয়া থাকার প্রতিবাদে শ্রমিক আন্দোলনের পর গত ফেব্রুয়ারি থেকে কারখানাগুলো বন্ধ রয়েছে। বেক্সিমকোর ব্যবস্থাপনা পরিচালক ওসমান কায়সার চৌধুরী বলেন, “১০ মাস ধরে চেষ্টার পর অবশেষে আমরা কারখানা চালুর প্রক্রিয়ায় অগ্রসর হতে পারছি। সরকারের নীতিগত অনুমোদনও রয়েছে।” বেক্সিমকো টেক্সটাইলস গঠিত হয়েছে প্রায় ১৫টি কারখানা নিয়ে। প্রতিষ্ঠানটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের মালিকানাধীন। বর্তমানে তিনি কারাগারে আছেন।
এই উদ্যোগের অংশ হিসেবে জনতা ব্যাংক প্রায় ২৩ হাজার কোটি টাকা এবং অন্যান্য ব্যাংকসহ মোট ৩৫ হাজার কোটি টাকার খেলাপি ঋণ পুনঃতফসিল করবে। চুক্তি অনুযায়ী, রিভাইভাল প্রজেক্ট কারখানার সম্ভাব্য আয় থেকে সার্ভিস চার্জ নেবে। বাকি মুনাফা ব্যয় হবে ঋণ পরিশোধে।
এছাড়া বাংলাদেশ ব্যাংক রপ্তানি সংশ্লিষ্ট ব্যাংকিং নীতিমালা শিথিল করবে এবং রিভাইভালকে ঋণ সুবিধা দেবে, যেখানে অর্থ মন্ত্রণালয়েরও সমর্থন থাকবে। শ্রম সচিব এ এইচ এম সফিকুজ্জামান বলেন, “বেক্সিমকোর মালিকরা রাজনৈতিকভাবে কী করেছে, তা আমাদের বিবেচ্য নয়। আমরা সরকারের বিনিয়োগ, ব্যাংকের অর্থ, কর্মসংস্থান ও রপ্তানি আয়ের দিকটি বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নিয়েছি। কারখানাগুলো আধুনিক ও কমপ্লায়েন্ট।” তিনি আরও বলেন, “হলমার্ক গ্রুপের মতো পতন যেন না হয়, সেজন্যই সময়মতো পদক্ষেপ নেওয়া হচ্ছে।”
সরকার স্পষ্ট করেছে, বেক্সিমকো টেক্সটাইল চালুর জন্য নতুন কোনো সরকারি ঋণ দেওয়া হবে না। তবে নীতিগত ও নিয়ন্ত্রক সহায়তা দেওয়া হবে। ২২ জুলাই শ্রমসচিবের সভাপতিত্বে এক আন্তঃমন্ত্রণালয় সভায় বিষয়টি অনুমোদন পায়। উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক, জনতা ব্যাংক, বিডা, বেক্সিমকো টেক্সটাইলস ও রিভাইভাল প্রজেক্ট লিমিটেডের প্রতিনিধিরা। কারখানাগুলো পুনরায় চালুর অংশ হিসেবে রিভাইভাল জাপান সরকারকে আগ্রহপত্র (EOI) দিয়েছে। বেক্সিমকো দিয়েছে লেটার অব কমফোর্ট। স্বচ্ছতা নিশ্চিত করতে ডেলয়েটকে নিরীক্ষক হিসেবে নিয়োগের প্রস্তাব দেওয়া হয়েছে। ব্যবস্থাপনায় থাকবে জাপানি বিশেষজ্ঞ দল।
ড. ফারহান এস করিম, অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির অ্যাসোসিয়েট প্রফেসর ও ইকোমিলির প্রেসিডেন্ট জানান, রিভাইভাল জাপান ও ইকোমিলির পক্ষ থেকে প্রাথমিকভাবে ২ কোটি ডলার বিনিয়োগ করা হবে। পরবর্তীতে এটি ১০ কোটি ডলার পর্যন্ত বাড়ানো সম্ভব বলে জানান তিনি। তবে টেকসই উৎপাদন ও দক্ষ জনবল গড়তে ২-৩ বছর সময় লাগবে বলেও সতর্ক করেন তিনি।
বেক্সিমকোর এমডি জানান, ১৫ আগস্ট পর্যন্ত সময় রয়েছে ব্যাংকের সঙ্গে ওয়ার্কিং ক্যাপিটাল চূড়ান্ত করতে। সফল হলে আগস্ট মাসের মধ্যেই চুক্তি সই হতে পারে। তিনি বলেন, “এলসি খোলার পর পেমেন্ট পেতে ১২০ দিন সময় লাগে। শ্রমিকদের বেতনসহ অন্যান্য খরচ চালাতে ওয়ার্কিং ক্যাপিটাল লাগবে। ব্যাংকের সহযোগিতা পেলে আগামী বছরের মধ্যে ঋণ পরিশোধ সম্ভব।”
বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি সভায় জানান, মাস্টার এলসির বিপরীতে ১০০ শতাংশ এলসি মার্জিন দিয়ে ব্যাক-টু-ব্যাক এলসি খোলার নির্দেশনা রয়েছে। তবে ঋণ পুনঃতফসিল করতে অর্থ মন্ত্রণালয় ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অনাপত্তিপত্র প্রয়োজন হবে। জনতা ব্যাংকের এমডি মজিবুর রহমান জানান, রিভাইভাল জাপান ও বেক্সিমকোর সঙ্গে আলোচনার পর সুপারিশ দেওয়া হবে। বিডা’র প্রতিনিধি বলেন, বিদেশি কোম্পানি এলে অন্য ব্যাংক থেকেও স্বল্পমেয়াদি ঋণ নেওয়ার সুযোগ থাকবে।


