যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্যের ওপর নতুন করে ২০ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করতে যাচ্ছে। আজ রাত ১২টা ১ মিনিট থেকে এই শুল্ক কার্যকর হবে। এতে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির ওপর মোট শুল্ক দাঁড়াবে ৩৫ দশমিক ৫ শতাংশে।
বিশ্লেষকদের মতে, এই শুল্ক কাঠামো প্রতিযোগিতায় চ্যালেঞ্জ তৈরি করলেও, বাংলাদেশের পোশাক শিল্পের জন্য এটি নতুন কিছু সম্ভাবনারও দুয়ার খুলতে পারে। কারণ, একইসঙ্গে প্রতিযোগী দেশগুলোর ওপরও একই ধরনের উচ্চ হারে শুল্ক আরোপ করা হয়েছে।
২০২৪-২৫ অর্থবছরের প্রথমার্ধে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি ১৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৭ দশমিক ৫৪ বিলিয়ন ডলারে। এখনও যুক্তরাষ্ট্র বাংলাদেশের তৈরি পোশাকের সবচেয়ে বড় একক বাজার। হোয়াইট হাউস থেকে গত ৩১ জুলাই জারি করা নির্বাহী আদেশ অনুযায়ী, চট্টগ্রাম বন্দর থেকে আজ রাতের পর পাঠানো সব নতুন চালান এই বাড়তি শুল্কের আওতায় পড়বে। তবে এর আগের চালানগুলো আগের শুল্কেই আমদানি হবে।
বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, ‘এপ্রিলে যখন ট্রাম্প প্রশাসন ৩৫ শতাংশ শুল্ক আরোপ করেছিল, তখন অনেক পশ্চিমা ক্রেতা ৫ থেকে ১০ শতাংশ দাম কমাতে চাপ দিয়েছিল। এখন ২০ শতাংশে নামার পর সে রকম চাপ দেখা যাচ্ছে না।’ তিনি জানান, চট্টগ্রাম বন্দর থেকে আজ রাতের পর যে চালানগুলো যাবে, সেগুলো নতুন শুল্ক কাঠামোর আওতায় পড়বে। সাধারণত এসব পণ্য যুক্তরাষ্ট্রে পৌঁছাতে ২৮ থেকে ৩৫ দিন সময় লাগে।
অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘২০ শতাংশ শুল্ক আদর্শ না হলেও আগের ৩৫ শতাংশের চেয়ে ভালো। বিশেষ করে নিটওয়্যার খাতে, যেখানে ৮০ শতাংশ ব্যাকওয়ার্ড লিংকেজ আছে, সেখানে বাংলাদেশ এখনও প্রতিযোগিতামূলক।’ তিনি আরও বলেন, ‘সময়মতো অর্থ পরিশোধ এবং নৈতিক ব্যবসায়িক আচরণের কারণে আমাদের আন্তর্জাতিক সুনাম রয়েছে। তবে এখনো পারস্পরিক শুল্ক সমন্বয় বিষয়ে কোনো আনুষ্ঠানিক চুক্তি হয়নি।’
বাংলাদেশের অন্যতম বৃহৎ পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান হা-মীম গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ বলেন, ‘শুল্ক বৃদ্ধির কারণে অনেক ক্রেতা দাম কমানোর চেষ্টা করছেন। তারা চাইছেন, আমরা যেন বাড়তি শুল্কের একটা অংশ ভাগ করে নিই।’ তিনি বলেন, ‘কিন্তু আমরা সেটা পারছি না। কারণ, আমাদের লাভের মার্জিন এমনিতেই কম। নতুন করে খরচ বাড়লে সেটা বহন করা অসম্ভব। এমন পরিস্থিতিতে দাম কমানোর চাপ কোনোভাবেই যৌক্তিক নয়।’ তবে নতুন শুল্ক কার্যকরের আগমুহূর্তেও চট্টগ্রাম বন্দরে কোনো হুড়োহুড়ির চিত্র নেই।
প্যাসিফিক জিনসের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ তানভীর বলেন, ‘বন্দরে পরিস্থিতি স্বাভাবিক। রপ্তানিকারকরা হঠাৎ করে পণ্য পাঠানোর জন্য তাড়াহুড়ো করছেন না।’ তিনি বলেন, ‘দীর্ঘ শিপমেন্ট সময় এবং ক্রেতাদের দরদাম কৌশল মাথায় রেখে অনেকেই আগে থেকেই প্রস্তুতি নিয়েছেন।’
বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির পরিচালক রকিবুল আলম চৌধুরী জানান, ‘নতুন শুল্ক এড়াতে অনেক মার্কিন ক্রেতা ৩১ জুলাইয়ের আগেই চালান পাঠানোর চেষ্টা করেছিলেন। এতে চট্টগ্রাম বন্দরে রপ্তানি কিছুটা বেড়ে যায়।’ তিনি বলেন, ‘এখন অনেক ক্রেতাই নতুন অর্ডারে বাড়তি শুল্কের খরচ যৌথভাবে ভাগাভাগি করার প্রস্তাব দিচ্ছেন।’

