দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান ওসিএফ কোম্পানি লিমিটেড বাংলাদেশে নতুন করে ৮০ লাখ ৬০ হাজার মার্কিন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে। এ বিনিয়োগে মোংলা ইপিজেডে তাঁবু, ক্যাম্পিং ফার্নিচার ও ব্যাগ তৈরির একটি আধুনিক কারখানা গড়ে তোলা হবে। কারখানাটি চালু হলে ৮২০ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
এই লক্ষ্যে প্রতিষ্ঠানটির সঙ্গে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ এর একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গতকাল বুধবার, ৬ আগস্ট ঢাকায় বেপজার নির্বাহী দপ্তরে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হয়।
বেপজার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চুক্তিতে সই করেন বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. আশরাফুল কবীর এবং ওসিএফ কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান হাইয়ুন গিল কিম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান।
কারখানাটিতে তাঁবু ও তার আনুষঙ্গিক সামগ্রী ছাড়াও তৈরি হবে ক্যাম্পিং চেয়ার ও টেবিল, অ্যালুমিনিয়াম ও কার্বন পোল, স্কি ও ট্রেকিং পোল, মাউন্টেন ও ওয়াকিং স্টিক, বেড কট, স্ট্যান্ড, পেট ফার্নিচার, অ্যারো এবং বিভিন্ন ধরনের ব্যাগ।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার নির্বাহী চেয়ারম্যান বলেন, বেপজা সবসময় বৈচিত্র্যময় পণ্যের উৎপাদনে বিদেশি বিনিয়োগকে উৎসাহ দিয়ে থাকে। এটি ওসিএফ কোম্পানির দ্বিতীয় প্রকল্প হওয়ায় তিনি প্রতিষ্ঠানটির প্রতি কৃতজ্ঞতা জানান। একইসঙ্গে দক্ষিণ কোরিয়ার আরও বিনিয়োগ আনার ক্ষেত্রে ওসিএফ-কে ‘অ্যাম্বাসেডর’ হিসেবে ভূমিকা রাখার আহ্বান জানান। তিনি আরও বলেন, বেপজা সবসময় বিনিয়োগকারীদের জন্য নিরাপদ ও সহায়ক পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর।
ওসিএফ কোম্পানির চেয়ারম্যান হাইয়ুন গিল কিম বেপজার সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আগামী বছরের মধ্যে কারখানার উৎপাদন শুরু করার পরিকল্পনা রয়েছে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেপজার সদস্য (প্রকৌশল) মো. ইমতিয়াজ হোসেন, সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন, নির্বাহী পরিচালক (জনসংযোগ) এ এস এম আনোয়ার পারভেজ এবং ওসিএফ কোম্পানির প্রতিনিধিরা।

