রাজধানীর মিরপুর ১৬ নম্বর সেকশনে স্বল্প ও মধ্যম আয়ের মানুষের জন্য আবাসিক ফ্ল্যাট নির্মাণ প্রকল্পে বাড়ানো হয়েছে ১৭ কোটি ৩৪ লাখ ৫১ হাজার ৮৫৭ টাকা। জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ নিজস্ব অর্থায়নে ‘ঢাকার মিরপুরস্থ ১৬ নং সেকশনে স্বল্প ও মধ্যম আয়ের লোকদের নিকট বিক্রির জন্য আবাসিক ফ্ল্যাট নির্মাণ প্রকল্পটি বাস্তবায়ন করছে।
গতকাল বুধবার, ৬ আগস্ট সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে প্রকল্পের দুটি প্যাকেজে অতিরিক্ত ব্যয় অনুমোদন দেওয়া হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, প্রকল্পের ২ নম্বর প্যাকেজে (ভবন-২ ও ৩) কাজ করছে এম জামাল অ্যান্ড কোম্পানি ও পদ্মা অ্যাসোসিয়েটস অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড (জেভি)। এ প্যাকেজের মূল ব্যয় ছিল ৯৫ কোটি ২৪ লাখ ৬০ হাজার ৩৩৫ টাকা। তবে নির্মাণকাজ চলাকালে কিছু টেন্ডারভুক্ত ও টেন্ডারবহির্ভূত কাজ বাড়ানো ও কমানো হয়েছে। এ কারণে ভেরিয়েশন বাবদ অতিরিক্ত ৮ কোটি ৪৯ লাখ ৩৮ হাজার ৫৫৬ টাকা ব্যয় বেড়েছে। ফলে সংশোধিত চুক্তিমূল্য দাঁড়িয়েছে ১০৩ কোটি ৭৩ লাখ ৯৮ হাজার ৮৯২ টাকা।
একইভাবে প্রকল্পের ৩ নম্বর প্যাকেজেও ব্যয় বেড়েছে। এ প্যাকেজে কাজ করছে এমসিএল ও এইচএসএল (জেভি)। শুরুর চুক্তি অনুযায়ী ব্যয় ধরা হয়েছিল ৯৪ কোটি ৪৭ লাখ ৩৪ হাজার ২০ টাকা। কিন্তু কাজের অগ্রগতির সঙ্গে সঙ্গে কিছু অতিরিক্ত ও পরিবর্তিত আইটেম যুক্ত হওয়ায় বাড়তি ৮ কোটি ৮৫ লাখ ১৩ হাজার ৩০১ টাকা ব্যয় অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ কমিটি। ফলে এই প্যাকেজের নতুন চুক্তিমূল্য দাঁড়িয়েছে ১০৩ কোটি ৩২ লাখ ৪৭ হাজার ৩২২ টাকা।
বৈঠকে আরও একটি প্রকল্পের দরপত্র প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। ‘জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল উন্নয়ন প্রকল্প’-এর আওতায় ভূমি উন্নয়নের পূর্তকাজ বাস্তবায়নের জন্য আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র আহ্বান করা হয়েছিল। এতে চারটি প্রতিষ্ঠান দরপত্র দাখিল করে।
সবকটি দর কারিগরি ও আর্থিকভাবে গ্রহণযোগ্য বিবেচিত হয়। দরপত্র যাচাই-বাছাই শেষে টেন্ডার এভ্যালুয়েশন কমিটির সুপারিশে সর্বোচ্চ স্কোর পাওয়া প্রতিষ্ঠান ‘ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড, ঢাকা’-কে কাজটি দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ৩৮ কোটি ৮০ লাখ টাকা।

