Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » উন্নয়নের মুখোশে ঢাকা অর্থনীতির করুণ বাস্তবতা
    অর্থনীতি

    উন্নয়নের মুখোশে ঢাকা অর্থনীতির করুণ বাস্তবতা

    কাজি হেলালআগস্ট 7, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    উন্নয়ন
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    রাজনীতি যখন উন্নয়ন বলে, তখন অর্থনীতি বলে বাঁচাও—এই কথাটি এখন আর শুধু একটি বাক্য নয়, বরং বাংলাদেশের সাম্প্রতিক বাস্তবতার এক গভীর প্রতিফলন। এটি রাজনীতি ও অর্থনীতির মধ্যকার এক সাংঘর্ষিক সম্পর্ককে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। রাজনীতিতে ‘উন্নয়ন’ আজ একটি জনপ্রিয় প্রতিশ্রুতি, এমনকি অনেক ক্ষেত্রে এটি রাজনৈতিক অস্ত্র। অথচ সেই উন্নয়নের মোড়কে ঢেকে যায় অর্থনীতির ভেতরের দুর্বলতা, ভারসাম্যহীনতা এবং ক্ষতিগ্রস্ত বাস্তবতা।

    গত এক দশকে দেশজুড়ে নানা মেগা প্রকল্প যেমন: পদ্মাসেতু, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, স্মার্ট বাংলাদেশ পরিকল্পনা ইত্যাদি তুলে ধরা হয়েছে ‘উন্নয়নের’ দৃষ্টান্ত হিসেবে। প্রচারণা চালানো হয়েছে “উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে” এই স্লোগানে। তবে এই দৃশ্যমান উন্নয়নের পেছনে চাপা পড়ে গেছে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন:
    এই প্রকল্পগুলো কতটা টেকসই? এর অর্থনৈতিক ভিত্তি কতটা শক্ত? সাধারণ জনগণের জীবনমানের সাথে এর কতটা বাস্তব সংযোগ আছে?

    আজকের বাস্তবতা হলো রাজনৈতিকভাবে গ্রহণ করা অনেক উন্নয়ন পরিকল্পনাই অর্থনীতির জন্য দীর্ঘমেয়াদে বোঝা হয়ে দাঁড়িয়েছে। অধিকাংশ প্রকল্পই বৈদেশিক ঋণের ওপর নির্ভর করে বাস্তবায়িত হয়েছে, যার সুদের হার এবং শর্তাবলি অর্থনীতিতে অতিরিক্ত চাপ সৃষ্টি করছে। ২০২১ সালে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল প্রায় ৪৮ বিলিয়ন ডলার। অথচ মাত্র কয়েক বছরের ব্যবধানে, ২০২৫ সালের মাঝামাঝি সময়ে এসে তা কমে দাঁড়িয়েছিল ১৮ দশমিক ৪ বিলিয়ন ডলারে। তবে জুলাই শেষে আগস্টে এসে উন্নতি হয়ে আইএমএফ এর হিসাব অনুযায়ী (বিপিএম ৬) দাঁড়িয়েছে ২৫ দশমিক ৫১ বিলিয়ন ডলারে।

    এতো অল্প সময়ে রিজার্ভে এমন বড় ধস দেশের অর্থনীতির জন্য এক গুরুতর সতর্কবার্তা। ফলে সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যয় বহন করা দুঃসহ হয়ে উঠেছে। রিজার্ভ কমে যাওয়ার পেছনে রয়েছে একাধিক কারণ: অপ্রয়োজনীয় ও উচ্চ ব্যয়ের আমদানি, রপ্তানি প্রবৃদ্ধির স্থবিরতা, রেমিটেন্সে হুন্ডি চক্রের প্রভাব, বৈদেশিক ঋণ পরিশোধে চাপ ইত্যাদি। সরকার নানা উদ্যোগ নিলেও যেমন: আমদানি নিয়ন্ত্রণ, ডলার ব্যবস্থাপনায় কড়াকড়ি, ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স উৎসাহিত করা, তবুও রিজার্ভ হ্রাসের ধারা থামেনি। এই পরিস্থিতির প্রভাব পড়ছে পুরো অর্থনীতিতে।

    মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ১৭ শতাংশের ওপরে, আজকে ডলারের বিপরীতে টাকার মান ১২১ টাকা ছাড়িয়েছে, যার সরাসরি প্রভাব পড়ছে সাধারণ মানুষের জীবনে। এই অবস্থায় অর্থনীতিবিদ থেকে শুরু করে সাধারণ জনগণ প্রশ্ন তুলছেন, উন্নয়নের নামে নেওয়া রাজনৈতিক সিদ্ধান্তগুলো যদি টেকসই না হয়, যদি সুশাসনের অভাব থাকে, যদি দুর্নীতির কারণে প্রকৃত সুবিধাভোগীরা বঞ্চিত হয়, তবে সেটিকে উন্নয়ন বলা যাবে কি? এই প্রেক্ষাপটে “রাজনীতি যখন উন্নয়ন বলে, তখন অর্থনীতি বলে বাঁচাও” উক্তিটি যেন একটি সতর্ক সংকেত। এই বাস্তবতা আমাদের সামনে স্পষ্ট করে দিচ্ছে অর্থনৈতিক স্থিতিশীলতা ছাড়া দৃশ্যমান উন্নয়নের কোনো বাস্তব ভিত্তি থাকে না।

    অর্থনীতির করুণ চিত্র: বাংলাদেশের সাম্প্রতিক অর্থনৈতিক পরিস্থিতি গভীর উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। একদিকে বিশ্বব্যাপী অর্থনৈতিক অনিশ্চয়তা, অন্যদিকে দেশের অভ্যন্তরীণ দুর্বলতা এই দুইয়ের সম্মিলিত প্রভাব অর্থনীতিকে এক ধরনের দীর্ঘমেয়াদি ঝুঁকির মধ্যে ফেলেছে। অর্থনীতির যেসব সূচক একসময় স্থিতিশীলতা ও সম্ভাবনার ইঙ্গিত দিত, আজ তার বেশিরভাগই পতনের দিকে।

    বর্তমানে দেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি হলো লাগামহীন মূল্যস্ফীতি। নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য, জ্বালানি ও ভোগ্যপণ্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। বাজারে প্রতিদিনের চাহিদার পণ্য কিনতেই পরিবারগুলোকে তাদের সঞ্চয় খরচ করতে হচ্ছে। খাদ্যপণ্যে মূল্যস্ফীতি এখন ১২ শতাংশের কাছাকাছি, কিছু কিছু ক্ষেত্রে এই হার ১২ শতাংশের উপরেও রয়েছে, বিশেষ করে গ্রাম অঞ্চলে। যা নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জীবনযাত্রাকে মারাত্মকভাবে প্রভাবিত করছে।

    অর্থনীতির আরেকটি বড় দুর্বলতা হলো অতিরিক্ত আমদানি নির্ভরতা। বাংলাদেশ এখনও জ্বালানি, খাদ্যশস্য ও শিল্পের কাঁচামালসহ অনেক গুরুত্বপূর্ণ খাতে আমদানির ওপর নির্ভরশীল। ফলে বৈদেশিক বাজারে দামের ওঠানামা কিংবা বৈশ্বিক সংকট যেমন: যুদ্ধ, মহামারি বা সরবরাহ সংকট, দেশীয় বাজারে সরাসরি নেতিবাচক প্রভাব ফেলে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের উত্তেজনা আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বাড়িয়ে দেয়, যার প্রভাব দেশের পণ্যমূল্য ও উৎপাদন খরচে পড়ে।

    এর পাশাপাশি রাজস্ব আদায়ের ক্ষেত্রে সরকারের সক্ষমতা যথেষ্ট দুর্বল। আয়কর, শুল্ক ও ভ্যাট সংগ্রহে কাঙ্ক্ষিত অগ্রগতি না থাকায় বাজেট ঘাটতি ক্রমেই বাড়ছে। ফলে উন্নয়ন খাতে বিনিয়োগ কমে যাচ্ছে এবং সরকারকে বারবার বিদেশি ঋণ ও অনুদানের ওপর নির্ভর করতে হচ্ছে। এই ঋণ নির্ভরতা ভবিষ্যতে অর্থনৈতিক ভারসাম্য আরও বিপন্ন করতে পারে।

    বিশেষ করে তরুণদের মধ্যে বেকারত্ব দিন দিন বাড়ছে। দেশের জনশক্তি শিক্ষিত হলেও দক্ষতার ঘাটতি ও নতুন কর্মসংস্থান সৃষ্টিতে ধীরগতির কারণে বড় একটি অংশ কর্মহীন থাকছে। একইসঙ্গে আয়ের বৈষম্য দিন দিন বাড়ছে, একদিকে কিছু মানুষ অঢেল সম্পদের মালিক হচ্ছে, অন্যদিকে অধিকাংশ মানুষ মৌলিক চাহিদা পূরণে হিমশিম খাচ্ছে। এই বৈষম্য সমাজে অস্থিরতা ও অসন্তোষ তৈরি করছে।

    অর্থনীতির এই করুণ চিত্রকে আরও জটিল করে তুলছে বৈদেশিক মুদ্রার রিজার্ভে ধারাবাহিক পতন এবং টাকার অবমূল্যায়ন। ২০২১ সালে যেখানে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৪৮ বিলিয়ন ডলার, ২০২৫ সালের মাঝামাঝি এসে তা কমে ১৮ দশমিক ৪ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছিল। তবে জুলাই শেষে আগস্টে উন্নতি হয়ে আজকে দাঁড়িয়েছে ২৫ দশমিক ৫১ বিলিয়ন ডলারে। টাকার মানও কমে গেছে, বর্তমানে প্রতি ডলারের বিপরীতে লেনদেন হচ্ছে ১২১ টাকা বা তারও বেশি দামে। এর ফলে আমদানি ব্যয় বেড়েছে, যা সরাসরি ভোক্তা পর্যায়ে চাপ সৃষ্টি করছে।

    শিল্প খাতে প্রবৃদ্ধির গতি মন্থর হয়ে পড়েছে। বিদ্যুৎ ও জ্বালানির ঘাটতি, ঋণপ্রাপ্তির জটিলতা এবং অভ্যন্তরীণ চাহিদার নিম্নগতি এই খাতে নেতিবাচক প্রভাব ফেলেছে। কৃষি খাতেও আধুনিক প্রযুক্তির স্বল্পতা ও প্রণোদনার অভাবে উৎপাদন ব্যাহত হচ্ছে, যা খাদ্য নিরাপত্তার জন্য হুমকি হতে পারে।

    এই সংকট থেকে উত্তরণের জন্য সরকার নানা পদক্ষেপ নিয়েছে যেমন: সুদের হার সমন্বয়, রপ্তানি খাতে প্রণোদনা, ভর্তুকি বৃদ্ধি, সামাজিক নিরাপত্তা কর্মসূচি সম্প্রসারণ ইত্যাদি। তবে বাস্তবতা হলো, এসব উদ্যোগ কাঙ্ক্ষিত মাত্রায় কার্যকর হচ্ছে না। প্রশাসনিক দুর্বলতা, দুর্নীতি এবং বাস্তবায়নে স্বচ্ছতার অভাব এই উদ্যোগগুলোকে অনেক সময় ব্যর্থ করে দিচ্ছে।

    সামগ্রিকভাবে বলা যায় বাংলাদেশ একটি অর্থনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। পরিস্থিতি মোকাবিলার জন্য এখন শুধু তাৎক্ষণিক পদক্ষেপ নয়, বরং প্রয়োজন দীর্ঘমেয়াদি ও কার্যকর অর্থনৈতিক কৌশল যেখানে সুশাসন, দক্ষতা, স্বচ্ছতা এবং অংশগ্রহণমূলক প্রবৃদ্ধিকে প্রাধান্য দেওয়া হবে। তা না হলে অর্থনীতির এই করুণ চিত্র আরও গভীর সংকটে পরিণত হতে পারে।

    উন্নয়ন না অর্থনৈতিক স্থিতিশীলতা কোনটি আগে?
    অর্থনৈতিক স্থিতিশীলতা এবং উন্নয়ন এই দুইটি শব্দ অনেক সময় একসাথে ব্যবহৃত হলেও, বাস্তবে একটির পূর্বশর্ত হিসেবে আরেকটি কাজ করে। উন্নয়ন তখনই টেকসই হয়, যখন তার ভিত্তি হয় একটি স্থিতিশীল ও ভারসাম্যপূর্ণ অর্থনীতি। শুধুমাত্র অবকাঠামো নির্মাণ বা বড় প্রকল্প বাস্তবায়নই প্রকৃত উন্নয়ন নয়; বরং প্রকৃত উন্নয়ন ঘটে তখন, যখন মানুষের জীবনমানের উন্নতি ঘটে, আয় বাড়ে, কর্মসংস্থান সৃষ্টি হয় এবং দ্রব্যমূল্য সাধারণ নাগরিকের নাগালের মধ্যে থাকে।

    একটি স্থিতিশীল অর্থনীতি বিনিয়োগকারীদের আস্থা জোগায়, দেশি-বিদেশি বিনিয়োগ প্রবাহ বাড়ে, শিল্পোৎপাদন ও ব্যবসায়িক কর্মকাণ্ড বিস্তৃত হয়। এর ফলে কর্মসংস্থান বাড়ে, জনগণের হাতে অর্থ আসে এবং সামগ্রিকভাবে জীবনযাত্রার মান উন্নত হয়। সেই সঙ্গে দারিদ্র্য হ্রাস, সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অর্থনৈতিক সমতা প্রতিষ্ঠার সুযোগ তৈরি হয়। অন্যদিকে মুদ্রাস্ফীতি, রিজার্ভ সংকট, বৈদেশিক ঋণের চাপ, ব্যাংকিং খাতের অনিয়ম এবং আয়-ব্যয়ে ভারসাম্যহীনতা এসব কিছু অর্থনীতিকে অস্থিতিশীল করে তোলে এবং উন্নয়নের পথকে বাঁধাগ্রস্ত করে।

    বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে এই বাস্তবতা স্পষ্টভাবে প্রতিফলিত হচ্ছে। গত কয়েক বছরে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হলেও অর্থনৈতিক কাঠামো দুর্বল হয়ে পড়েছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে এসেছে, মূল্যস্ফীতি বাড়ছে, টাকা দুর্বল হচ্ছে, কর্মসংস্থান তেমন তৈরি হচ্ছে না। এই অবস্থায় উন্নয়নের বহির্জাগতিক চিত্র যতই সমৃদ্ধ হোক না কেন, তা অর্থনীতির ভেতরের দুর্বলতা আড়াল করতে পারছে না।

    তবে এই কথাও সত্য যে, উন্নয়ন এবং স্থিতিশীলতা পরস্পর বিচ্ছিন্ন বিষয় নয়। কখনো কখনো উন্নয়ন কার্যক্রম অর্থনীতিতে সাময়িক চাপ তৈরি করতে পারে যেমন: বড় অবকাঠামো প্রকল্পে ব্যয় বাড়লে বাজেট ঘাটতি তৈরি হতে পারে, যা মুদ্রাস্ফীতিকে প্রভাবিত করে। কিন্তু যদি এসব প্রকল্প যথাযথ পরিকল্পনা, স্বচ্ছতা ও দীর্ঘমেয়াদি সুফল নিশ্চিত করে বাস্তবায়িত হয়, তাহলে তা পরবর্তীতে অর্থনৈতিক স্থিতিশীলতাকেই শক্তিশালী করতে পারে।

    সুতরাং উন্নয়ন এবং স্থিতিশীলতার মধ্যে সুষম ভারসাম্য তৈরি করাই হচ্ছে মূল চ্যালেঞ্জ। উন্নয়নের গতি যতই জোরালো হোক না কেন, যদি তার ভিত্তি অর্থনৈতিক অস্থিরতার ওপর দাঁড়িয়ে থাকে, তবে তা টেকসই হবে না। বরং একটি স্থিতিশীল অর্থনৈতিক পরিবেশ তৈরি করাই হতে হবে, যে কোনো উন্নয়নকেন্দ্রিক রাষ্ট্রীয় কৌশলের প্রথম ধাপ। কাগজে-কলমে উন্নয়নের চিত্র যতই আকর্ষণীয় হোক না কেন, মানুষের বাস্তব জীবনে যদি তার প্রতিফলন না পড়ে, তাহলে সেই উন্নয়ন শুধুই পরিসংখ্যানের খেলা হয়ে দাঁড়ায়।

    অতএব বর্তমান বাস্তবতায় প্রশ্ন যখন ওঠে উন্নয়ন আগে, না অর্থনৈতিক স্থিতিশীলতা, তখন স্পষ্ট উত্তর হতে পারে অর্থনৈতিক স্থিতিশীলতা ছাড়া উন্নয়ন কখনোই দীর্ঘস্থায়ী হতে পারে না। বাংলাদেশের অর্থনীতি এখন এক ধরনের মিশ্র বাস্তবতার মধ্য দিয়ে চলছে। একদিকে রয়েছে রাজস্ব আদায়ের দুর্বলতা, বৈদেশিক মুদ্রার রিজার্ভ হ্রাস, মূল্যস্ফীতি ও মুদ্রার অবমূল্যায়ন, অন্যদিকে কিছু ইতিবাচক দিকও দেখা যাচ্ছে যা আশাবাদের বার্তা দেয়।

    বর্তমানে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাওয়ায় দেশের আমদানি সক্ষমতা ও মুদ্রাবাজারে স্থিতিশীলতা হুমকির মুখে পড়েছে। একইসাথে রাজস্ব আদায় কাঙ্ক্ষিত মাত্রায় না হওয়ায় সরকারের উন্নয়ন ব্যয় এবং সামাজিক সুরক্ষা কার্যক্রম চালিয়ে নেওয়া কঠিন হয়ে পড়ছে। এই বাস্তবতা দেশের সামষ্টিক অর্থনীতিকে চাপের মধ্যে ফেলেছে।

    তবে আশার কথা হলো, অর্থনীতির কিছু খাত এখনো শক্ত অবস্থানে রয়েছে। শিল্প খাত বিশেষ করে তৈরি পোশাক শিল্পে উৎপাদন বেড়েছে এবং রপ্তানি আয় ক্রমান্বয়ে বাড়ছে। পাশাপাশি প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণও বাড়ছে, যা অর্থনীতির জন্য ইতিবাচক সিগন্যাল। এই তিনটি খাত শিল্প, রপ্তানি ও রেমিট্যান্স বর্তমানে অর্থনীতিকে কিছুটা ভারসাম্য রাখার সুযোগ করে দিচ্ছে।

    এই চ্যালেঞ্জিং পরিস্থিতি থেকে উত্তরণে সরকারের পক্ষ থেকে কিছু জরুরি ও বাস্তবভিত্তিক পদক্ষেপ নেওয়া জরুরি। সর্বাগ্রে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনা অত্যন্ত জরুরি যাতে সাধারণ মানুষ স্বস্তির নিঃশ্বাস নিতে পারে। একই সঙ্গে রাজস্ব ব্যবস্থাকে আরও দক্ষ, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করতে হবে যাতে দেশের অভ্যন্তরীণ আয়ের ভিত্তি আরও শক্ত হয়। আর বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল রাখতে রপ্তানি বৈচিত্র্য এবং রেমিট্যান্স প্রবাহ ধরে রাখার পাশাপাশি নতুন বাজার খুঁজে বের করা প্রয়োজন।

    সব মিলিয়ে বাংলাদেশের অর্থনীতি এখন যে জটিল পথ অতিক্রম করছে, তা অস্বীকার করার উপায় নেই। তবে ইতিবাচক দিকগুলোকে যথাযথভাবে কাজে লাগানো গেলে এই সংকট শুধু কাটিয়ে ওঠা নয়, বরং অর্থনীতিকে আগের চেয়ে আরও শক্ত ভিত্তির ওপর দাঁড় করানো সম্ভব। এজন্য প্রয়োজন কার্যকর নীতি, বাস্তবসম্মত সিদ্ধান্ত এবং সর্বোপরি, রাজনৈতিক সদিচ্ছা ও অর্থনৈতিক পরিকল্পনায় সমন্বয়।।

    “রাজনীতি যখন উন্নয়ন বলে তখন অর্থনীতি বলে বাঁচাও”। এই বাক্যটি আমাদের বর্তমান বাস্তবতা অত্যন্ত স্পষ্টভাবে তুলে ধরে। উন্নয়নের নামে যখন অবকাঠামো নির্মাণ, মেগা প্রকল্প কিংবা শোভাময় উদ্বোধনের ছবি দেখানো হয়, তখনই অর্থনীতি মনে করিয়ে দেয় সংকট ঘনাচ্ছে, মুদ্রাস্ফীতি বাড়ছে, বৈদেশিক রিজার্ভ কমছে এবং মানুষ বাঁচার জন্য লড়ছে।

    বাস্তবতা হলো টেকসই উন্নয়নের ভিত্তি গড়ে ওঠে অর্থনৈতিক স্থিতিশীলতার ওপর। যদি মানুষ চাকরি না পায়, বাজারে দ্রব্যের দাম নাগালের বাইরে চলে যায়, টাকা দিন দিন অবমূল্যায়িত হয়, তবে উন্নয়নের বাহারি প্রচারণা জনজীবনের ওপর ইতিবাচক প্রভাব ফেলবে না। সুতরাং শুধু রাজনৈতিক উন্নয়নের বুলি নয়, অর্থনীতিকে ঘুরে দাঁড় করানো, মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন এবং সমতাভিত্তিক প্রবৃদ্ধিই হওয়া উচিত রাষ্ট্র পরিচালনার মূল লক্ষ্য। কারণ অর্থনীতি যখন বাঁচে, তখনই প্রকৃত উন্নয়ন টেকসই হয়, কাগজে-কলমে নয়, মানুষের জীবনে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    বায়ারের কাছে পৌঁছানোর আগেই থেমে যাচ্ছে ব্যবসার সুযোগ; ব্যবসা, বিনিয়োগ ও কর্মসংস্থানে দুর্বল পাসপোর্টের প্রভাব

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.