বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, অন্তর্বর্তী সরকার গত এক বছরে বৈদেশিক বিদ্যুৎ বিল পরিশোধে খরচ করেছে প্রায় ১৮ হাজার ৬৩১ কোটি টাকা। এর মধ্যে ভারতের আদানি পাওয়ার লিমিটেডের বকেয়া বিল পরিশোধে গেছে প্রায় ৫ হাজার কোটি টাকা।
আদানির পাওয়ার লিমিটেডের মোট বকেয়া ছিল ৭ হাজার ৯৩৪.৮৯ কোটি টাকা। এর মধ্যে এখন পর্যন্ত পরিশোধ হয়েছে ৫ হাজার ৫৭১.৩৯ কোটি টাকা। ফলে বর্তমানে বকেয়া কমে দাঁড়িয়েছে ২ হাজার ৩৬৩.৫০ কোটি টাকা। বিদ্যুৎ খাতে অভ্যন্তরীণ ও বৈদেশিক বকেয়া পরিশোধের পাশাপাশি খরচ সাশ্রয়ের লক্ষ্যে মন্ত্রণালয় প্রায় ৬ হাজার ৪৭৯ কোটি টাকার সাশ্রয় কার্যক্রম নিয়েছে।
তরল জ্বালানি আমদানির ক্ষেত্রে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলোর সার্ভিস চার্জ ৯ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। এতে ৪৭০ কোটি টাকা সাশ্রয় হবে বলে মন্ত্রণালয় জানিয়েছে। পাশাপাশি, প্রতি শিপমেন্টে আমদানিকৃত তরল জ্বালানির পরিমাণ ১৫ হাজার মেট্রিক টনের পরিবর্তে ২০ হাজার মেট্রিক টন নির্ধারণ করায় আরও ৩৫৪ কোটি টাকা সাশ্রয়ের সম্ভাবনা রয়েছে। মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিটপ্রতি ট্যারিফ নির্ধারণ করা হয়েছে ৮.৪৪৭৫ টাকা, যা বর্তমান গড় বিক্রয়মূল্য ৮.৯৫ টাকার চেয়ে কম। এই ব্যবধানের ফলে বছরে প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা সাশ্রয় হবে।
অতিরিক্ত খরচ কমাতে আরও কিছু বিদ্যুৎ কেন্দ্রের ট্যারিফ কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে ১০১০ মেগাওয়াট ক্ষমতার দশটি মেয়াদোত্তীর্ণ ও পুরাতন রেন্টাল বিদ্যুৎকেন্দ্র অবসর দেওয়া হয়েছে, যার ফলে ৫২৫ কোটি টাকা সাশ্রয় হয়েছে। সরকারি মালিকানাধীন কোম্পানিগুলোর নিজস্ব কার্যক্রম থেকে আরও ২ হাজার ৬৩০ কোটি টাকা সাশ্রয়ের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
সরকারি বিদ্যুৎ উৎপাদন কোম্পানিগুলোর ৬ শতাংশ উৎসে কর কমানোর জন্য জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) অনুরোধ জানানো হয়েছে। স্থাপনা ভাড়া, এলডি আদায়সহ বিভিন্ন উদ্যোগের মাধ্যমে ৯ হাজার ২১০ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যে কার্যক্রম নেওয়া হয়েছে।

