দীর্ঘ এক মাসের স্বস্তির পর আবারও বেড়েছে দেশের সার্বিক মূল্যস্ফীতি। চলতি বছরের জুলাই মাসে সাধারণ মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৮ দশমিক ৫৫ শতাংশ, যা আগের মাস জুনে ছিল ৮ দশমিক ৪৮ শতাংশ। এক মাসে এটি বেড়েছে শূন্য দশমিক ০৭ শতাংশ। আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এ তথ্য প্রকাশ করে।
বিবিএস জানায়, জুলাই মাসে খাদ্যপণ্যের দামও বেড়েছে। এ মাসে খাদ্য মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৭ দশমিক ৫৬ শতাংশ, যা জুনে ছিল ৭ দশমিক ৩৯ শতাংশ। অর্থাৎ খাদ্য মূল্যস্ফীতিও বেড়েছে শূন্য দশমিক ১৭ শতাংশ। অন্যদিকে, খাদ্যবহির্ভূত পণ্যে মূল্যস্ফীতি খুব সামান্য বেড়েছে। জুনে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৩৭ শতাংশ, যা জুলাইয়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ৩৮ শতাংশ।
জুলাই মাসে গ্রামাঞ্চলে সার্বিক মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৮ দশমিক ৫৫ শতাংশ, যা আগের মাসে তুলনায় বেড়েছে শূন্য দশমিক ০৯ শতাংশ। এর মধ্যে:
- খাদ্য মূল্যস্ফীতি: ৭ দশমিক ৩৬ শতাংশ
- খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি: ৯ দশমিক ৭৩ শতাংশ
অন্যদিকে, শহরাঞ্চলে সামগ্রিক মূল্যস্ফীতি সামান্য বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ৯৫ শতাংশ, যা আগের মাসের তুলনায় শূন্য দশমিক ০১ শতাংশ বেশি। এর মধ্যে:
- খাদ্য মূল্যস্ফীতি: ৮ দশমিক ০৪ শতাংশ
- খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি: ৯ দশমিক ৫৫ শতাংশ
মূল্যস্ফীতির এই ঊর্ধ্বগতি সাধারণ জনগণের ব্যয়ভার বাড়িয়ে দিচ্ছে। বিশেষ করে খাদ্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির জীবনযাত্রায় চাপ আরও বাড়ছে।

