যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির নিয়ন্ত্রণ কেন্দ্রীয় সরকারের হাতে তুলে নেওয়ার হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক কিশোর গ্যাং কর্তৃক তার প্রশাসনের একজন কর্মকর্তাকে নির্মমভাবে মারধরের ঘটনার পর ট্রাম্প সরাসরি বলেন, “ডিসি যদি নিজের কাজ ঠিকভাবে না করে, তাহলে আমাদের হাতে আর কোনো বিকল্প থাকবে না। শহরের নিয়ন্ত্রণ নিতে হবে।”
ঘটনার সূত্রপাত ৫ আগস্ট, যখন “Big Balls” নামে পরিচিত এডওয়ার্ড কোরিস্টাইন, যিনি সরকারের ‘দপ্তর দক্ষতা’ বিভাগের একজন উচ্চপদস্থ কর্মকর্তা, রাজধানীতে এক ব্যর্থ গাড়ি ছিনতাইয়ের সময় গুরুতরভাবে আহত হন। ট্রাম্প তার রক্তাক্ত মুখের ছবি পোস্ট করে ট্রুথ স্যোশালে-এ লেখেন, “এই শহর সঠিকভাবে চালানো হচ্ছে না। অপরাধীদের জবাবদিহির আওতায় আনতে হবে। আর যদি এমন চলতেই থাকে, আমি আমার সাংবিধানিক ক্ষমতা ব্যবহার করে ডিসিকে ফেডারেলাইজ করব।”
এর পরদিন, ৬ আগস্ট সাংবাদিকদের সঙ্গেও প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, তিনি ডিসির ‘হোম রুল’ আইন বাতিলের বিষয়টি “গভীরভাবে বিবেচনা করছেন”।
ডিসির হোম রুল কী?
ওয়াশিংটন ডিসি যুক্তরাষ্ট্রের ৫০টি রাজ্যের কোনো একটি নয়। এটি মূলত ১০ বর্গমাইল এলাকাজুড়ে গঠিত একটি স্বতন্ত্র প্রশাসনিক অঞ্চল, যা সরাসরি ফেডারেল সরকারের অধীন। সংবিধান অনুযায়ী, কংগ্রেসই ডিসির ওপর চূড়ান্ত কর্তৃত্ব রাখে।
১৯৭৩ সালে প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ‘হোম রুল অ্যাক্ট’ স্বাক্ষর করে ডিসিকে আংশিক স্বায়ত্তশাসনের সুযোগ দেন। এর মাধ্যমে রাজধানীর বাসিন্দারা একজন মেয়র এবং একটি সিটি কাউন্সিল নির্বাচনের অধিকার পায়। তবে এখানকার বাজেটসহ অনেক বিষয়েই কংগ্রেস এখনো হস্তক্ষেপ করতে পারে।
ইতিহাসবিদ জর্জ ডেরেক মাসগ্রোভ বলেন, “১৯৭৪ সাল থেকে কংগ্রেস সদস্যরা ডিসির দৈনন্দিন নানা ব্যাপারে হস্তক্ষেপ করে আসছেন—সুইমিং পুল খোলা থাকবে কতক্ষণ, কিংবা ট্যাক্সের অর্থ দিয়ে সুচ বিনিময় প্রোগ্রাম চালু হবে কি না, এসব নিয়েও তারা সিদ্ধান্ত দিয়েছে।”
ফেডারেলাইজেশন মানে কী?
ট্রাম্প ঠিক কোন পদ্ধতিতে ডিসিকে ‘ফেডারেলাইজ’ করতে চান, তা এখনো পরিষ্কার নয়। তিনি কোনো নির্দিষ্ট সেবা বা প্রশাসনিক ক্ষেত্রের কথা উল্লেখ করেননি। তবে আইন বিশেষজ্ঞরা বলছেন, সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট একাই ডিসির প্রশাসনের ওপর নিয়ন্ত্রণ নিতে পারেন না। তাকে অবশ্যই কংগ্রেসের সহযোগিতা নিতে হবে।
কানুনবিদ মাইকেল গারহার্ট বলেন, “যদি ট্রাম্প ডিসির নির্বাচিত নেতৃত্ব বাদ দিয়ে নিজের অনুগতদের বসাতে চান, তাহলে সেটা যুক্তরাষ্ট্রের সংবিধানপ্রণেতারা যেমনটা চাননি, ঠিক তেমনই একটি কাজ হবে।”
রাজনৈতিক বাস্তবতা ও প্রতিবন্ধকতা
সংবিধান অনুযায়ী, কংগ্রেস ডিসির আইন প্রণয়ন এবং প্রশাসনিক কাঠামোর ওপর পূর্ণ নিয়ন্ত্রণ রাখতে পারে, আবার চাইলে সেই ক্ষমতা অন্যের কাছে অর্পণ করতেও পারে। ১৯৭৩ সালের হোম রুল অ্যাক্টের মাধ্যমে সেই কর্তৃত্বের বড় একটি অংশ স্থানীয় সরকারের হাতে তুলে দেওয়া হয়েছে। এখন যদি ফেডারেল সরকার তা পুনরুদ্ধার করতে চায়, তাহলে কংগ্রেসকে আবার সেই সিদ্ধান্ত নিতে হবে।
কংগ্রেসের বর্তমান চিত্র বলছে, হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে রিপাবলিকানদের স্বল্প সংখ্যাগরিষ্ঠতা থাকলেও, সিনেটে এমন উদ্যোগ পাস করানো কঠিন হবে। কারণ এখানে অন্তত সাতজন ডেমোক্র্যাটের সমর্থন ছাড়া আইন পাস সম্ভব নয়। আর ডেমোক্র্যাটরা বরাবরই ডিসির স্বায়ত্তশাসনের পক্ষে।
চলতি বছরের ফেব্রুয়ারিতে সিনেটর মাইক লি এবং কংগ্রেসম্যান অ্যান্ড্রু ওগলস একটি বিল উত্থাপন করেছিলেন হোম রুল বাতিলের জন্য। কিন্তু এখন পর্যন্ত মাত্র তিনজন সিনেটর এবং তিনজন প্রতিনিধি সেই বিলের সমর্থনে নাম লিখিয়েছেন।
ট্রাম্পের হুমকি কতটা বাস্তব?
ট্রাম্পের হুমকি, বাস্তবে কতটা কার্যকর করা সম্ভব, তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। আইন অনুযায়ী কংগ্রেস চাইলে ডিসির নিয়ন্ত্রণ আবার কেন্দ্রীয় সরকারের হাতে ফিরিয়ে দিতে পারে, কিন্তু তা করতে গেলে রাজনৈতিকভাবে অনেক প্রতিবন্ধকতা অতিক্রম করতে হবে।
সব মিলিয়ে বলা যায়, প্রেসিডেন্ট ট্রাম্প ডিসিকে ফেডারেল নিয়ন্ত্রণে নেওয়ার ইচ্ছা প্রকাশ করলেও তা বাস্তবায়ন করতে হলে তাকে কংগ্রেসের জটিল ও অনিশ্চিত রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। এখন দেখার বিষয়, রাজনৈতিক সমর্থন আদায়ে তিনি কতটা সফল হতে পারেন এবং সেই সঙ্গে, রাজধানীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি আদৌ এমন কোন মাত্রা ছাড়ায় কিনা, যা সত্যিই কেন্দ্রীয় হস্তক্ষেপের দরজা খুলে দেয়।

