যুক্তরাষ্ট্রের বড় বড় খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান অ্যামাজন, ওয়ালমার্ট, টার্গেট ও গ্যাপ ভারত থেকে বস্ত্র ও পোশাক আমদানির অর্ডার স্থগিত করেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির একাধিক সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের পণ্যের ওপর শুল্ক ৫০ শতাংশে উন্নীত করেছেন। এর মধ্যে প্রথম ২৫ শতাংশ শুল্ক ইতিমধ্যে কার্যকর হয়েছে। বাকি ২৫ শতাংশ শুল্ক আগামী ২৮ আগস্ট থেকে কার্যকর হবে। শাস্তিমূলক এই শুল্ক আরোপের মূল কারণ হিসেবে ট্রাম্প বলেছেন, ভারত রাশিয়া থেকে তেল আমদানি করছে।
ট্রাম্পের নির্বাহী আদেশে বলা হয়েছে, ভারত সরাসরি কিংবা পরোক্ষভাবে রাশিয়ান তেল আমদানি করায়, আমদানিকৃত ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ জরুরি ও প্রয়োজনীয়।
এই পরিস্থিতিতে মার্কিন খুচরা বিক্রেতারা রপ্তানিকারকদের চিঠি ও ইমেইল পাঠিয়ে অর্ডার স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন। তারা অতিরিক্ত শুল্কের খরচ নিতে রাজি নয়। বরং রপ্তানিকারীদের চাপ দিচ্ছেন শুল্কের খরচ নিজদের পক্ষ থেকে বহন করতে। এতে রপ্তানিকারকদের লাভের মার্জিন কমে যাওয়ার আশঙ্কা বেড়েছে।
বিশ্লেষকরা বলছেন, নতুন শুল্কের ফলে উৎপাদন খরচ ৩০ থেকে ৩৫ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। এতে মার্কিন বাজারে ভারতের রপ্তানি হ্রাস পেতে পারে। যার ফলে ৪ থেকে ৫ বিলিয়ন ডলার ক্ষতির মুখে পড়তে হবে।
যুক্তরাষ্ট্র ভারতের সবচেয়ে বড় টেক্সটাইল ও পোশাক রপ্তানি গন্তব্য। ২০২৪-২৫ অর্থবছরে ভারতের মোট ৩৬.৬১ বিলিয়ন ডলারের রপ্তানির ২৮ শতাংশই গেছে মার্কিন বাজারে।

