যুক্তরাষ্ট্রে প্রযুক্তি খাতে বড়সড় বিনিয়োগের ঘোষণা দিলো টেক জায়ান্ট অ্যাপল। নতুন করে আরও ১০ হাজার কোটি ডলার (১০০ বিলিয়ন) বিনিয়োগ করতে যাচ্ছে কোম্পানিটি। এই অঙ্গীকারের ফলে আগামী চার বছরে অ্যাপলের মোট বিনিয়োগ প্রতিশ্রুতি দাঁড়াল ৬০০ বিলিয়ন ডলার বা ৬০ হাজার কোটি।
এ প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, এ উদ্যোগ অ্যাপলকে নিজ দেশে আইফোন উৎপাদনের পথে একধাপ এগিয়ে দেবে। যদিও চূড়ান্ত সংযোজন এখনই যুক্তরাষ্ট্রে সরিয়ে আনার পরিকল্পনা নেই বলে স্পষ্ট করেছেন অ্যাপলের সিইও টিম কুক।
বিশ্লেষকদের মতে, এই বিনিয়োগ মূলত অ্যাপলের চলমান খরচেরই একটি অংশ, যা কৌশলগতভাবেই দেশের মাটিতে বিস্তৃত হচ্ছে। উল্লেখযোগ্য যে, চলতি বছরের মে মাসে ট্রাম্প অ্যাপলকে ২৫ শতাংশ শুল্কের হুমকি দিয়েছিলেন—যা পরে শিথিল করা হয়।
বিশ্ব প্রযুক্তি বাজারে অ্যাপলের এই নতুন বিনিয়োগ পরিকল্পনা যে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে উল্লেখযোগ্য প্রভাব ফেলবে, তা বলার অপেক্ষা রাখে না।

