গতকাল শুক্রবার ভারতের প্রধান শেয়ারবাজারগুলোতে বড় ধাক্কা লেগেছে। সেনসেক্স, নিফটি ৫০ এবং ব্যাংক নিফটি—এই তিন সূচকই প্রায় এক শতাংশ পতনের মুখে পড়েছে। দিনের শেষে সেনসেক্স দাঁড়িয়েছে ৭৯,৮৫৭.৭৯ পয়েন্টে, যা ৭৬৫.৪৭ পয়েন্ট কম। নিফটি ৫০ সূচক ২৪,৩৬৩.৩০ পয়েন্টে নেমেছে, ২৩২.৮৫ পয়েন্ট পতন হয়েছে। ব্যাংক নিফটিও ৫৫,০০৪.৯০ পয়েন্টে পৌঁছে ৫১৬.২৫ পয়েন্ট কমেছে।
বিএসই-তে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মোট বাজারমূল্য প্রায় ৪৪৫ লাখ কোটি রুপি থেকে কমে ৪৪০ লাখ কোটি রুপিতে নেমে এসেছে। একক দিনে প্রায় পাঁচ লাখ কোটি রুপির বাজারমূল্য কমেছে, যা ব্যাপক শেয়ার বিক্রির কারণে ঘটেছে। সাপ্তাহিক হিসাবেও টানা ছয় সপ্তাহ ধরে সূচকগুলোর পতন অব্যাহত রয়েছে। ৮ আগস্ট শেষ হওয়া সপ্তাহে সেনসেক্স ও নিফটি ৫০ উভয়ই প্রায় এক শতাংশ করে হারিয়েছে।
শুক্রবার সবচেয়ে বেশি ধাক্কা খেয়েছে এইচডিএফসি ও ভারতীয় এয়ারটেলের শেয়ার। এর ফলে বাজারে আরও চাপ পড়েছে। সব খাতের সূচকই পতনের মধ্যে ছিল। নিফটির অধিকাংশ খাতেই গত সপ্তাহে বড় পতন লক্ষ্য করা গেছে। নিফটি স্মল ক্যাপ ও মিড ক্যাপ যথাক্রমে ১.৪ শতাংশ ও ১.১ শতাংশ লড়েছে। তবে ব্যাংক খাত ভালো করেছে এবং ধাতু খাতেও কিছুটা লাভ হয়েছে। অন্যদিকে, আইটি, ফাইন্যান্স, জ্বালানি, তেল-গ্যাস, এফএমসিজি ও ওষুধ খাতের বড় পতন হয়েছে।
গত সপ্তাহে একাধিক বড় কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। আদানি এন্টারপ্রাইজের শেয়ার দাম প্রায় সাত শতাংশ কমেছে। বস্ত্র রপ্তানি কোম্পানি কেপিআর মিল, গোকলদাস এক্সপোর্ট, বর্ধমান টেক্সটাইল ও ট্রিডেন্টের শেয়ার দামও উল্লেখযোগ্যভাবে কমেছে। বিপরীতে, হিরো মোটোকর্প এবং এলআইসির শেয়ারের দাম বেড়েছে।
অর্থনৈতিক বিশ্লেষণে দ্য মিন্ট জানিয়েছে, ট্রাম্প সরকারের শুল্ক নীতির কারণে ভারতের শেয়ারবাজার আগেই দুর্বল হয়েছে। কোম্পানিগুলোর আয় কমে যাওয়া, অতিমূল্যায়ন এবং বিদেশি পুঁজি বহির্গমন—এসব উদ্বেগ এখনো কাটেনি। সাম্প্রতিক মার্কিন শুল্ক আরোপ ও কড়া অবস্থান বিনিয়োগকারীদের মধ্যে নতুন শঙ্কার সৃষ্টি করেছে। বিশেষজ্ঞরা মনে করেন, ৫০ শতাংশ শুল্কের কারণে ভারতের জিডিপি এক শতাংশ পর্যন্ত কমতে পারে।
জিওজিত ইনভেস্টমেন্টসের গবেষণাপ্রধান বিনোদ নায়ার বলেন, “মার্কিন শুল্ক ভারতের রপ্তানিতে কী প্রভাব ফেলবে—এই আশঙ্কায় শেয়ারবাজার গত তিন মাসে সর্বনিম্নে নেমেছে। বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের টানা বিক্রির ফলে সূচকের ওপর চাপ আরও বেড়েছে।
তিনি আরও জানান, শুল্ক বিষয়ক উদ্বেগের প্রভাবে বিশ্বব্যাপী আর্থিক প্রতিষ্ঠানগুলো ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে দিচ্ছে। ২০২৫ ও ২০২৬ সালের প্রবৃদ্ধির অনুমানও কমানো হয়েছে। এই পরিস্থিতিতে ভারতের বাণিজ্য ও সামষ্টিক অর্থনীতি নিয়ে অনিশ্চয়তা বেড়েই চলছে।
বিদেশি বিনিয়োগের দিক থেকেও সংকটের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। চলতি বছরের জানুয়ারি মাসে ভারতে থেকে বিপুল পরিমাণ বিদেশি পুঁজি বেরিয়ে গিয়েছিল। মার্চ থেকে পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হয়েছে এবং এপ্রিল, মে, জুন মাসে বিদেশি বিনিয়োগ এসেছে। কিন্তু জুলাই থেকে আবার বিদেশি বিনিয়োগের স্রোত নেতিবাচক হয়েছে। আগস্ট মাসেও ট্রাম্পের শুল্ক আরোপের কারণে বিদেশি বিনিয়োগ কমে গেছে।

