গত এক বছরে নেপালে বিক্রি হওয়া যাত্রীবাহী গাড়ির ৭৬ শতাংশই বৈদ্যুতিক। বাণিজ্যিক হালকা যানবাহনের ক্ষেত্রে এই হার ৫০ শতাংশে দাঁড়িয়েছে। পাঁচ বছর আগেও এই সংখ্যা প্রায় শূন্যের মতো ছিল। এই পরিবর্তন পরিবহন খাতে এক নতুন দিগন্ত উন্মোচন করছে।
নেপালের রাজধানী কাঠমান্ডুতে প্রায় ৩০ লাখ মানুষ বসবাস করেন। সরু রাস্তাগুলো মূলত পথচারী ও রিকশার জন্য উপযোগী হলেও এখন সেখানে বাস, মোটরবাইক, ছোট ট্রাক ও ট্যাক্সির ভিড় শহরবাসীর চলাচল ব্যাহত করছে। তবে সম্প্রতি বৈদ্যুতিক গাড়ির উপস্থিতি শহরের পরিবেশ ও যাতায়াতে ইতিবাচক প্রভাব ফেলছে।
দেশজুড়ে বিভিন্ন শোরুমে বৈদ্যুতিক গাড়ির বিক্রি বেড়েছে। মহাসড়কে চার্জিং স্টেশন গড়ে উঠছে, যা চালকদের বিশ্রামকেন্দ্র হিসেবেও কাজ করছে। নেপালের কাস্টমস বিভাগের মহাপরিচালক মহেশ ভট্টরাই বলছেন, “বৈদ্যুতিক গাড়ি আমাদের জন্য সুবিধাজনক ও লাভজনক। চীনের বৈদ্যুতিক গাড়ির বাজার দ্রুত বাড়ছে, তার প্রভাব আমরা নেপালেও দেখতে পাচ্ছি।”
বৈদ্যুতিক গাড়ির প্রসারে নেপাল দুইটি বড় সুযোগ পেয়েছে। এক, দেশের জলবিদ্যুৎ সম্পদের যথেষ্ট সম্ভাবনা। দুই, সরকারী নীতি যেখানে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে পরিবেশবান্ধব বিদ্যুৎ ব্যবহারের লক্ষ্য নেওয়া হয়েছে। ২০১৫ সালে ভারতের সঙ্গে সীমান্ত উত্তেজনার পর নেপাল সরকার জলবিদ্যুৎ উৎপাদন ও বিদ্যুৎ গ্রিড উন্নয়নে বিনিয়োগ বাড়ায়। এর ফলে লোডশেডিংয়ের অবসান ঘটেছে এবং বিদ্যুৎ সেবা দেশের প্রায় প্রতিটি ঘরে পৌঁছে গেছে।
বৈদ্যুতিক গাড়ি আমদানিতে নেপাল সরকার শুল্ক ও করের মাধ্যমে বিশেষ ছাড় দিয়েছে। ২০২১ সালে বৈদ্যুতিক গাড়ির ওপর মোট শুল্ক নির্ধারণ করা হয় ৪০ শতাংশ, যেখানে গ্যাসচালিত গাড়ির ক্ষেত্রে এটি ১৮০ শতাংশ। পাশাপাশি, রাজধানীসহ বিভিন্ন মহাসড়কে ৬২টি চার্জিং স্টেশন নির্মাণ করা হয়েছে।
সরকার যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে চার্জিং পয়েন্ট স্থাপনের অনুমতি দিয়েছে। ট্রান্সফরমার বিনামূল্যে সরবরাহ করা হচ্ছে। চার্জিং স্টেশনের বিদ্যুতের দাম গ্যাসচালিত গাড়ির তুলনায় প্রায় ১৫ গুণ কম। ফলে ব্যবসায়ীরা চার্জিং পয়েন্ট স্থাপন শুরু করেছেন। বর্তমানে প্রায় এক হাজার ২০০ চার্জিং পয়েন্ট কাজ করছে। বৈদ্যুতিক গাড়ির বাজার প্রথমে কিছুটা ধোঁয়াশাপূর্ণ ছিল। তবে ‘বিওয়াইডি’ নামের চীনা গাড়ি নির্মাতা সংস্থার ডিলার যমুনা শ্রেষ্ঠার নেতৃত্বে বিক্রি বাড়ছে। তার ১৮টি ডিলারশিপ আছে এবং চলতি বছরে চার হাজার গাড়ি বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন। এখন নানা চীনা ব্র্যান্ড নেপালের বাজারে প্রবেশ করেছে।
পুলিশের অবসরপ্রাপ্ত কর্মকর্তা জিত বাহাদুর শাহী ৩৩ হাজার ডলার দিয়ে একটি বৈদ্যুতিক মিনিবাস কিনেছেন। কাঠমান্ডু থেকে জনকপুর পর্যন্ত যাত্রী পরিবহন করেন তিনি। তিনি বলেন, “গাড়ি ভালো চলছে, আমি সন্তুষ্ট। তবে চার্জিং স্টেশন সবখানে নেই। ওয়ারেন্টি শেষ হলে মেরামত ও ব্যাটারি পরিবর্তনের খরচ নিয়ে চিন্তা রয়েছে।” কিছু ব্যবসায়ী ও পরিবেশবিদ ভাবছেন, সরকার বৈদ্যুতিক গাড়ি বিষয়ে আগের প্রতিশ্রুতি থেকে দূরে সরে যাচ্ছে। কেন্দ্রীয় ব্যাংক ডাউন পেমেন্ট বাড়িয়েছে এবং রাজস্ব কমে যাওয়ায় শুল্কও বৃদ্ধি পেতে পারে।
নেপালে বেশিরভাগ মানুষের ব্যক্তিগত গাড়ি নেই। তারা সস্তা মোটরবাইক অথবা পেট্রোল-ডিজেল চালিত বাস ব্যবহার করেন। পরিবেশ দূষণ কমাতে হলে জনপরিবহনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বাড়াতে হবে। কিন্তু বৈদ্যুতিক বাসের দাম বেশি এবং গণপরিবহনের ভাড়া খুব কম। এতে বিনিয়োগ কঠিন। সরকার বৈদ্যুতিক বাস কেনার জন্য প্রায় ২২ মিলিয়ন ডলার সহায়তা দিয়েছে। ‘সাজহা যাতায়াত’ নামের রাষ্ট্রীয় বাস কোম্পানির সাবেক চেয়ারম্যান কানক মণি দীক্ষিত বলেন, “এই সহায়তা যথেষ্ট নয়।” চীন বিনামূল্যে ১০০টি বৈদ্যুতিক বাস দেয়ার প্রস্তাব দিয়েছে।
কাঠমান্ডুর সবচেয়ে বড় সমস্যা এখন মোটরবাইকের অপ্রতিরোধ্য বৃদ্ধি। তা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। তবে কানক মণি দীক্ষিত আশাবাদী, কেউ না কেউ এ সমস্যা সমাধান করে শহরকে দূষণমুক্ত করবে। তিনি মনে করেন, মাত্র পাঁচ বছরের মধ্যে পরিবহন ব্যবস্থায় উল্লেখযোগ্য পরিবর্তন আসবে।

