প্রধানমন্ত্রী মার্ক কার্নি ঘোষণা করেছেন, চলতি বছর কানাডা ন্যাটোর দুই শতাংশ প্রতিরক্ষা ব্যয়ের লক্ষ্যমাত্রা পূরণ করবে। পাশাপাশি ২০৩৫ সালের মধ্যে জিডিপির পাঁচ শতাংশ পর্যন্ত বার্ষিক প্রতিরক্ষা বাজেট বৃদ্ধির অঙ্গীকার জানানো হয়েছে।
গতকাল শুক্রবার তিনি নতুন প্রতিরক্ষা ব্যয় পরিকল্পনা ঘোষণা করেন। এ উপলক্ষে কার্নি বলেন, কানাডার সেনাবাহিনী বর্তমানে ক্রমবর্ধমান হুমকির মোকাবিলায় যথেষ্ট প্রস্তুত নয়। তিনি রাশিয়ার সম্ভাব্য আগ্রাসনে আর্কটিক অঞ্চলে কানাডার সার্বভৌমত্ব হুমকির কথা উল্লেখ করেন। পাশাপাশি যুক্তরাষ্ট্রের অনিশ্চিত ভূমিকাও বৈশ্বিক নিরাপত্তা কাঠামোর জন্য ঝুঁকি হিসেবে দেখিয়েছেন।
কার্নি আরও বলেন, “আমরা দীর্ঘদিন ধরে আমাদের নিরাপত্তাকে অবহেলা করেছি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও শীতল যুদ্ধ পরবর্তী সময়ে গড়ে ওঠা আন্তর্জাতিক ব্যবস্থা এখন চাপের মুখে রয়েছে।”
নতুন পরিকল্পনায় সেনাবাহিনীর সর্বনিম্ন পদমর্যাদার সদস্যদের বেতন ২০ শতাংশ বৃদ্ধি করা হবে। এই বেতন বৃদ্ধির জন্য ২ বিলিয়ন কানাডিয়ান ডলার (প্রায় ১.৫ বিলিয়ন মার্কিন ডলার) বরাদ্দ রাখা হয়েছে। এটি নতুন ঘোষিত ৯ বিলিয়ন কানাডিয়ান ডলারের সামরিক বিনিয়োগের অংশ। অর্থের অন্য অংশ দিয়ে যুদ্ধযান, ড্রোন ও অন্যান্য সামরিক সরঞ্জামে বিনিয়োগের প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ন্যাটো মিত্রদের জিডিপির পাঁচ শতাংশ প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়ানোর দাবি জানিয়েছেন। তিনি সতর্ক করেছেন, যথেষ্ট অর্থ ব্যয় না করলে যুক্তরাষ্ট্র সুরক্ষা দিতে অস্বীকার করতে পারে। কার্নি বলেন, কানাডা ন্যাটোর দুই শতাংশ লক্ষ্যমাত্রা এ বছর পূরণ করবে এবং ভবিষ্যতে বাজেট আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

