দেশের গ্যাস ক্ষেত্রে শেভরন পরিচালিত বিবিয়ানা গ্যাস ফিল্ড সর্বোচ্চ উত্তোলনের দিক দিয়ে শীর্ষে রয়েছে। যদিও আগের পেট্রোবাংলার প্রতিবেদনে বিবিয়ানার মজুদ শেষ হওয়ার তথ্য ছিল, তবুও ২০২৩-২৪ অর্থবছরের হিসাব অনুযায়ী এখানে এখনো ১ হাজার ৬৬৭ বিলিয়ন কিউবিক ফুট গ্যাস মজুদ রয়েছে। ২০২৪-২৫ অর্থবছরের শেষে মজুদ কিছুটা কমলেও প্রায় দেড় ট্রিলিয়ন কিউবিক ফুট গ্যাস পাওয়া যাবে বলেই ধারণা করা হচ্ছে।
জ্বালানি খাতের বিশেষজ্ঞরা বিবিয়ানায় গ্যাস মজুদের এই বৃদ্ধি আশাব্যঞ্জক হিসেবে দেখছেন। তারা বলছেন, দেশীয় গ্যাস সরবরাহের অন্তত ৫০ শতাংশ আসে এই ফিল্ড থেকে। বর্তমানে দৈনিক যে গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ হচ্ছে, যদি সেই উত্তোলন রক্ষিত থাকে, তাহলে আগামী দশ বছর ধরে গ্যাস পাওয়া সম্ভব হবে।
পেট্রোবাংলা সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরে মাসে গড়ে ৩৩৮ মিলিয়ন ঘনমিটার গ্যাস উত্তোলন হয়েছে বিবিয়ানা থেকে। চলতি বছরের মার্চ পর্যন্ত মোট উত্তোলন হয়েছে ৩ হাজার ৪০৬ মিলিয়ন ঘনমিটার। গড় হিসেবে এই অর্থবছরে মোট উত্তোলন দাঁড়িয়েছে প্রায় ৪ হাজার ৬৩৬ মিলিয়ন ঘনমিটার (১৪৩.৪৮ বিসিএফ)। গত অর্থবছর বাদ দিলে এখনো প্রায় ১ হাজার ৫২৪ বিসিএফ গ্যাস মজুদ রয়েছে।
পেট্রোবাংলার ২০২৩-২৪ সালের বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, দেশের ২৯টি গ্যাস ফিল্ডে মোট উত্তোলনযোগ্য মজুদ রয়েছে ৮.৬৬ টিসিএফ। এর মধ্যে বিবিয়ানা ফিল্ডে মোট মজুদ ৭ হাজার ৬৬৬ বিলিয়ন কিউবিক ফুট। ২০২৪ সালের জুন পর্যন্ত এখান থেকে উত্তোলন করা হয়েছে ৫ হাজার ৯৯৯ বিসিএফ। গত অর্থবছরে উত্তোলন হয়েছে আরও ১৪৩.৪৮ বিসিএফ।
বিবিয়ানা গ্যাস ফিল্ডের মজুদ বিষয়ে শেভরনের সঙ্গে যোগাযোগ করলে তারা তাৎক্ষণিক তথ্য না দিলেও দীর্ঘমেয়াদি কাজের অঙ্গীকার ব্যক্ত করেছে। শেভরন বাংলাদেশের মিডিয়া ম্যানেজার শেখ জাহিদুর রহমান জানান, তারা নিরাপদ ও সাশ্রয়ী মূল্যের গ্যাস সরবরাহে বাংলাদেশের সরকার ও পেট্রোবাংলার সঙ্গে অংশীদারিত্ব অব্যাহত রাখছে। প্রতিষ্ঠানটি বাংলাদেশের জ্বালানি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এর আগে ২০২২-২৩ অর্থবছরের পেট্রোবাংলার তথ্যে বিবিয়ানায় ২০২৩ সালের জুন পর্যন্ত মজুদ ছিল ৫ হাজার ৭৫৫ বিসিএফ, যেখান থেকে উত্তোলন করা হয়েছিল ৫ হাজার ৬২২ বিসিএফ।
বর্তমানে দেশে ২০টি গ্যাস ফিল্ড উৎপাদনে রয়েছে। তিতাস ফিল্ডের মজুদ জুন ২০২৩ পর্যন্ত ছিল ১ হাজার ৯১৪ বিসিএফ। বিবিয়ানার পরেই অবস্থান এই ফিল্ডের। দৈনিক দেশের মোট গ্যাস উত্তোলন প্রায় ১ হাজার ৭০০ মিলিয়ন ঘনফুট। এর মধ্যে বিবিয়ানা ফিল্ড থেকে উত্তোলন হয় ৮৪৮-৮৫০ মিলিয়ন ঘনফুট, যা একক গ্যাস ফিল্ড হিসেবে সর্বোচ্চ।
আইওসিগুলোর অধীনে গ্যাস মজুদের সঠিক পরিমাণ জানতে বিভিন্ন সময়ে চেষ্টা করেও সংশ্লিষ্ট কোম্পানি বা পেট্রোবাংলা থেকে স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। বিশেষ করে শেভরনের তিনটি ফিল্ডের মজুদ সম্পর্কে তথ্য পাওয়া কঠিন। পেট্রোবাংলার প্রকাশিত তথ্য অনেক সময় পুরনো বলে শেভরনের পক্ষ থেকে দাবি করা হয়।
তবে শেভরনের ২০২৩ সালের মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে জমা দেয়া বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, রিজার্ভ ব্যবস্থাপনার ফলে বাংলাদেশের শেভরনের ফিল্ডগুলোর গ্যাস মজুদ ৪৮১ বিলিয়ন ঘনফুট বেড়েছে। কোন ফিল্ডে কত বেড়েছে তা উল্লেখ করা হয়নি।
পেট্রোবাংলার পরিচালক প্রকৌশলী মো. শোয়েব বলেন, ‘সর্বশেষ প্রকাশিত তথ্যে দেশের গ্যাস মজুদ ৮.৫ টিসিএফের বেশি। সেখানে বিবিয়ানা ফিল্ডের মজুদ আরও বাড়ার সম্ভাবনা আছে। আমাদের পক্ষ থেকেও সার্বক্ষণিক সহযোগিতা অব্যাহত রয়েছে।

