আমদানি-রফতানি না থাকায় দেশের ২৪টি স্থলবন্দরের মধ্যে ৪টি বন্ধ করে দেওয়া হয়েছে। বাকি ২০টির মধ্যে কার্যকর রয়েছে সর্বোচ্চ ১২ থেকে ১৪টি। অলাভজনক এসব বন্দর রক্ষণাবেক্ষণ অর্থের অপচয় বলে মন্তব্য করেছেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।
আজ (শনিবার) সকালে দিনাজপুরের হিলি স্থলবন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি জানান, যেসব স্থলবন্দর দিয়ে কার্যকরভাবে আমদানি-রফতানি হয় না এবং লোকসানে চলছে, সেগুলো বন্ধ করে দেওয়া হবে। তবে বড় ও কার্যকর বন্দরগুলো আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি কিছু নদীবন্দর বেসরকারি খাতে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
এর আগে বন্দরের সভাকক্ষে কাস্টমস, বন্দর কর্তৃপক্ষ ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন নৌপরিবহন উপদেষ্টা। বৈঠকে ব্যবসায়ীরা রাস্তা সংস্কার, ওয়ারহাউস, অবকাঠামো উন্নয়নসহ নানা সমস্যা ও আমদানিতে জটিলতার কথা তুলে ধরেন। এসব বিষয়ে কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। পরে ড. এম সাখাওয়াত হোসেন বন্দর ও কাস্টমসের বিভিন্ন অবকাঠামো ঘুরে দেখেন। হিলি সীমান্তের চেকপোস্ট গেট এলাকাও তিনি পরিদর্শন করেন।
এ সময় বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান, কাস্টমসের রংপুর বিভাগীয় কমিশনার অরুণ কুমার, হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক নাজমুল হকসহ অনেকে উপস্থিত ছিলেন।

