২০২৫ সালের ৭ আগস্ট যুক্তরাষ্ট্রের গড় কার্যকর শুল্কহার দাঁড়িয়েছে ১৮ দশমিক ৬ শতাংশ—১৯৩৩ সালের পর যা সর্বোচ্চ। মাত্র এক বছর আগে, ২০২৪ সালে এই হার ছিল ২ দশমিক ৪ শতাংশ। অফিসিয়াল তথ্য বলছে, ২০২৫ সালের জুনে দেশটির শুল্ক রাজস্ব দাঁড়িয়েছে ২৮ বিলিয়ন ডলার—২০২৪ সালের মাসিক আয়ের প্রায় তিনগুণ।
দ্বিতীয় দফায় হোয়াইট হাউসে ফেরার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্ব বাণিজ্যে বড় ধাক্কা দিয়েছেন। ৭ আগস্ট থেকে কার্যকর হওয়া নতুন শুল্ক ব্যবস্থায় ৯০টিরও বেশি দেশের পণ্যে কর বসানো হয়েছে। যুক্তরাজ্যের পণ্যে শুল্ক ১০ শতাংশ থেকে শুরু করে সিরিয়ার ক্ষেত্রে ৪১ শতাংশ এবং ভারতের ক্ষেত্রে সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত আরোপ করা হয়েছে।
গাড়ি, ইস্পাতসহ কিছু নির্দিষ্ট পণ্যে আলাদা উচ্চ শুল্কও বসানো হয়েছে। এসব শুল্ক পরিশোধের দায়িত্ব আমদানিকারী মার্কিন কোম্পানিগুলোর ওপর। এর প্রভাব পড়ছে দেশীয় বাজার ও বৈশ্বিক অর্থনীতিতে। কংগ্রেশনাল বাজেট অফিস অনুমান করছে, জানুয়ারি থেকে মে ২০২৫ পর্যন্ত নতুন শুল্কনীতি ২০৩৫ সালের মধ্যে যুক্তরাষ্ট্রের সরকারি ঋণ ২ দশমিক ৫ ট্রিলিয়ন ডলার কমাতে পারে। তবে সংস্থাটি সতর্ক করেছে— অর্থনীতির আকার ছোট হবে এবং ট্রাম্প প্রশাসনের কর ছাড় নীতির কারণে রাজস্ব ক্ষতি শুল্ক আয়ের চেয়ে বেশি হতে পারে।
ট্রাম্প দীর্ঘদিন ধরে দ্বিপাক্ষিক বাণিজ্য ঘাটতিকে অবিচার হিসেবে তুলে ধরেছেন। তার লক্ষ্য— শুল্ক দিয়ে আমদানি কমানো ও বিদেশি বাজার খুলে দেওয়া। কিন্তু বাস্তবে, শুল্ক কার্যকর হওয়ার আগে মার্কিন কোম্পানিগুলো ব্যাপক পণ্য মজুদ করায় আমদানি বেড়ে যায়। এর ফলে ২০২৫ সালের মার্চে পণ্য বাণিজ্য ঘাটতি রেকর্ড ১৬২ বিলিয়ন ডলারে পৌঁছায়। জুনে তা কমে ৮৬ বিলিয়ন ডলারে নেমে আসে। অর্থনীতিবিদদের মতে, ঘাটতি কমানো দীর্ঘমেয়াদে কঠিন হবে, কারণ এটি যুক্তরাষ্ট্রের অর্থনীতির কাঠামোগত সমস্যার ফল।
চীনের পণ্যে একসময় ১৪৫ শতাংশ শুল্ক আরোপ করা হলেও বর্তমানে তা নেমে এসেছে ৩০ শতাংশে। তবুও ২০২৫ সালের প্রথম ছয় মাসে চীনের যুক্তরাষ্ট্রে রপ্তানি আগের বছরের তুলনায় ১১ শতাংশ কমেছে। একই সময়ে চীনের রপ্তানি ভারত, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য ও আসিয়ানভুক্ত দেশে যথাক্রমে ১৪, ৭, ৮ ও ১৩ শতাংশ বেড়েছে।
যুক্তরাষ্ট্র-চীন দ্বন্দ্বের ফাঁকে অন্যান্য দেশ নিজেদের মধ্যে বাণিজ্য চুক্তি এগিয়ে নিচ্ছে। যুক্তরাজ্য ও ভারত তিন বছরের আলোচনার পর নতুন চুক্তি করেছে। নরওয়ে, আইসল্যান্ড, সুইজারল্যান্ড ও লিচেনস্টেইনের গোষ্ঠী মেরকোসুরের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে। ইউরোপীয় ইউনিয়ন ইন্দোনেশিয়ার সঙ্গে এবং কানাডা আসিয়ানের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির চেষ্টা করছে।
সয়াবিন আমদানিতে চীন এখন যুক্তরাষ্ট্রের বদলে ব্রাজিলের দিকে ঝুঁকছে। ২০২৫ সালের জুনে চীন ব্রাজিল থেকে ১০ দশমিক ৬ মিলিয়ন টন সয়াবিন কিনেছে, যেখানে যুক্তরাষ্ট্র থেকে কিনেছে মাত্র ১ দশমিক ৬ মিলিয়ন টন। ট্রাম্পের প্রথম মেয়াদে অনুরূপ পরিস্থিতিতে মার্কিন কৃষকদের ক্ষতিপূরণ দিতে হয়েছিল।
বিশেষজ্ঞরা সতর্ক করছেন, উচ্চ শুল্ক মার্কিন ভোক্তাদের জন্য মূল্যস্ফীতি বাড়াবে। ২০২৫ সালের জুনে মুদ্রাস্ফীতি দাঁড়িয়েছে ২ দশমিক ৭ শতাংশ—মে মাসের ২ দশমিক ৪ শতাংশ থেকে বেশি। শুরুতে মজুদ পণ্যের কারণে দাম নিয়ন্ত্রিত থাকলেও জুনে বড় গৃহস্থালী যন্ত্রপাতি, কম্পিউটার, খেলাধুলার সরঞ্জাম, বই ও খেলনার দাম স্পষ্টভাবে বেড়েছে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রাইসিং ল্যাবের গবেষণায় দেখা গেছে, শুল্কে প্রভাবিত আমদানি ও দেশীয় পণ্যের দাম ২০২৫ সালে দ্রুত বাড়ছে, যেখানে শুল্কমুক্ত দেশীয় পণ্যের দাম তুলনামূলক স্থিতিশীল রয়েছে।

